শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০৯ পি.এম
বাংলাদেশি ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন জেরাড জোন্স।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে বাংলাদেশ দলের মূল পর্বে খেলার আশা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। লাল-সবুজের প্রতিনিধিরা তৃতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে। এরই মধ্যে বাংলাদেশ কোচ জেরাড জোন্স চাকরি হারিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাফুফের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একইসাথে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে জেরাড জোন্সকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল আগামী ম্যাচে ভারতের মুখোমুখি হবে।
উক্ত ম্যাচে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।
প্রসঙ্গত, প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে হারের পর সিরিয়া ম্যাচে বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল। কিন্তু সেই ম্যাচেও বাংলাদেশ দল বাজেভাবে পরাজিত হয়েছে। তাই বাফুফে কোচ জেরাড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে সুনামগঞ্জের শাহ মনোয়ারা আলম বন্যা
ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্প (CMSME)
এবং নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সিলেটে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা থেকে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটসের সভাপতি শাহ মনোয়ারা আলম বন্যার নেতৃত্বে নারী উদ্যোক্তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক, সিলেটের প্রশিক্ষণ হলে ট্রাস্ট ব্যাংক পিএলসির লিড ব্যাংক হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিলেট বিভাগের চার জেলা ও সিলেট মহানগরের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান ও আব্দুস সালাম মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির এসভিপি ও হেড অব এসএমই ডিভিশন সাদাত আহমদ খান।
প্রশিক্ষণে উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা, ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন, হিসাবরক্ষণ ও আর্থিক প্রক্ষেপণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের উপযোগিতা, ঋণ গ্রহণের প্রক্রিয়া, তহবিলের সঠিক ব্যবহার, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এসইভিপি ও চিফ এসএমই বিজনেস অফিসার মো. আনোয়ার ফারুক তালুকদার, বাংলাদেশ ব্যাংক সিলেটের এসএমইএসপিডির যুগ্ম-পরিচালক হুমায়রা জাহান রুপু এবং ব্র্যাক ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের রিজিওনাল হেড, এসএমই ব্যাংকিং ডিভিশনের মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রথম পর্বে নারী উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তাদের নিবন্ধন, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তিলাওয়াত এবং অতিথি ও সভাপতির বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনার মাধ্যমে দ্বিতীয় পর্বের কার্যক্রম শেষ হয়।
সুনামগঞ্জ থেকে অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের নেতৃত্ব দেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ মনোয়ারা আলম বন্যা। তাঁর সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা মোছা. আলপিনা আক্তার এবং উদীয়মান তরুণ নারী উদ্যোক্তা সুরাইয়া আক্তার তমা।
শাহ মনোয়ারা আলম বন্যার নেতৃত্বে সুনামগঞ্জের তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণকে জেলার নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উদ্যোক্তা কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ মনোয়ারা আলম বন্যা বলেন, "নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবা ও অর্থায়ন সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। আমরা চাই, সুনামগঞ্জের নারী উদ্যোক্তারা প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে নিজেদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখুন। নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মোঃ মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৭:০০ টা থেকে ৭:৪০ টা পর্যন্ত পরিচালিত এক অভিযানে নাচোল থানাধীন কসবা ইউনিয়নের বিজলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বিজলীপাড়া এলাকার মৃত সমিজুল ও মোসাঃ তহিনুর বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত উদ্ধারকৃত আলামতসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এই ঘটনায় ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আসামির বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ মন্তব্য করেছেন যে, বিরোধীদলের লংমার্চ কর্মসূচি রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। তবে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন যে, রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকতে হবে।
শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গে রিজভী আহমেদ বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেছেন, এর দায় বর্তমান সরকারের নয়। একই সঙ্গে তিনি বিরোধীদলের কাছে আহ্বান জানিয়েছেন যে, সংকট সমাধানে যদি তাদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে, তাহলে তা তুলে ধরতে হবে।
বিরোধীদলের উদ্দেশ্যে তিনি বলেছেন, রাজপথে কর্মসূচি পালন করেই নয়, বরং সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। সত্য কথা বলা এবং জনমনে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে বিরোধীদলকে একটি ভূমিকা রাখতে হবে। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি যে কোনো জাতীয় সংকটের বিকল্প পরিকল্পনাও সংসদে উপস্থাপন করতে হবে।
গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে পরিকল্পনা না দিয়ে অতীতের পুনরাবৃত্তি না করার জন্য বিএনপির এই নেতা দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে বিনামূল্যে দেওয়া সামরিক সহায়তা ও অস্ত্রের অর্থ ফেরত নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেন ও ন্যাটোকে দেওয়া বিপুল পরিমাণ গোলাবারুদের জন্য অর্থ পরিশোধ করত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে বিনামূল্যে যুক্তরাষ্ট্রের বিশাল পরিমাণ গোলাবারুদ সরবরাহ করেছে।
ট্রাম্প বলেন, ইউক্রেন ও ন্যাটোকে দেওয়া গোলাবারুদের মূল্য ‘শত শত বিলিয়ন ডলার’। তাঁর মতে, এই অর্থ ইউরোপীয় দেশগুলো বহন করত, যদি তাদের অর্থ পরিশোধ করতে বলা হতো। তিনি জানান, কিছুটা দেরিতে হলেও যুক্তরাষ্ট্র সেই অর্থ ফেরত চাইবে।
যুক্তরাষ্ট্রের সামরিক গোলাবারুদের মজুত কমে যাওয়ার খবরটিও তিনি অস্বীকার করেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাতের কারণে মার্কিন গোলাবারুদের মজুত মারাত্মকভাবে কমে যাওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। বরং যুক্তরাষ্ট্র নিজস্ব উৎপাদন বাড়ানোর পাশাপাশি গোলাবারুদের মজুতও বৃদ্ধি করছে।
তিনি আরও বলেন, বর্তমানে মিত্রদেশগুলোর কাছে অস্ত্র বিক্রির পরিবর্তে যুক্তরাষ্ট্র নিজেদের প্রয়োজনকে অগ্রাধিকার দিচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই মিত্রদের কাছে আবার অস্ত্র বিক্রি শুরু হবে বলেও জানান তিনি।
ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর অর্থায়নের বিষয়টিও ট্রাম্প তুলে ধরেন। গত বছর যুক্তরাষ্ট্র ও ন্যাটো ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকয়ারমেন্টস লিস্ট’ নামে একটি উদ্যোগ গ্রহণ করে। এর আওতায় ইউরোপীয় দেশগুলো অর্থ পরিশোধ করে ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র কিনে থাকে।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ইরানের সঙ্গে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তাদের নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করেছে। এতে ভবিষ্যৎ সংঘাত মোকাবিলায় মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের নতুন হুমকির মধ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তথ্যসূত্র: তাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ