০১:০৫ পি.এম
পারিবারিক এক অনুষ্ঠানে নাৎসি স্যালুট দিয়ে ‘হেইল হিটলার’ বলার একটি পুরোনো ভিডিও প্রকাশিত হওয়ার পর সামোয়ার প্রধানমন্ত্রী লাউলিয়ালেমালিয়েতোয়া লেউয়াতেয়া শ্মিট ক্ষমা প্রার্থনা করেছেন।
বিবিসি জানাচ্ছে, ২০০৭ সালের জুলাই মাসে ধারণ করা সাত সেকেন্ডের ভিডিওতে শ্মিটকে প্রায় এক ডজন মানুষের সঙ্গে নাৎসি স্যালুট দিতে দেখা যায়। এ সময় তিনি বলেন, ‘ডান হাত ওপরে তুলুন, হেইল হিটলার!’ পরবর্তীতে সাড়া দেওয়ার জন্য তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সোমবার ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে শ্মিট জানান, তার ওই বক্তব্য ও অঙ্গভঙ্গি ‘অনুপযুক্ত ছিল’ এবং যদি এতে কেউ কষ্ট বা অপমানিত হয়ে থাকেন তবে তিনি দুঃখিত। তিনি উল্লেখ করেন, ভিডিওটি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ধারণ করা হয়েছিল এবং এটি প্রকাশ্যে দেখানোর জন্য প্রস্তুত করা হয়নি।
আরও পড়ুন: কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী
শ্মিট আরো বলেন, তিনি নাৎসিবাদ, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ এবং সকল ধরনের রাজনৈতিক চরমপন্থার বিরুদ্ধে।
রবিবার স্থানীয় সংবাদমাধ্যম সামোয়া অবজারভার প্রথম ভিডিওটির খবর প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৭ সালের জুলাইয়ে শ্মিট পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠানে ভিডিওটি ধারণ করা হয়েছিল। সে সময় শ্মিট দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবারের এক সদস্যের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, অনুষ্ঠানে তিনি সঞ্চালকের ভূমিকায় ছিলেন।
প্রায় ২ লাখ ২১ হাজার মানুষের দ্বীপরাষ্ট্র সামোয়া নিউজিল্যান্ড ও হাওয়াইয়ের মাঝামাঝি অবস্থান করছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে সামোয়া জার্মানির নিয়ন্ত্রণে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সূচনার পর দেশটিতে জার্মান ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।
জার্মান বংশোদ্ভূত শ্মিট ২০২৫ সালের সেপ্টেম্বরে সামোয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি ইহুদিদের প্রার্থনার চাদর পরিধান করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি ইসরায়েলের প্রতি নিজের সমর্থনের কথাও স্পষ্টভাবে উল্লেখ করেন।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর
শ্মিট বলেছিলেন, সামোয়া ‘ইসরায়েলের পাশে রয়েছে’। তিনি আরো বলেন, যদি বিশ্ববাসী এতে খুশি না হন, তবে সেটি তাদের বিষয়। সামোয়া ‘ঈশ্বরের ভূমির পাশে’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন