০১:৩৬ পি.এম
তৈরি পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন নিয়ে বোর্ডের স্থগিত হয়ে থাকা তৃতীয় সভা আগামী সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
গত ১৭ নভেম্বর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের উদ্দেশ্যে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার
সভায় দুটি বিষয় আলোচনা করা হবে। প্রথমত, গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং দ্বিতীয়ত, এ শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা। বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে, গত ১৬ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষ থেকে মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার কথা ছিল।
গত ৯ নভেম্বর, মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয়। তবে মালিকপক্ষের প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চান। বোর্ড তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেয়।
আরও পড়ুন: ‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ মন্তব্যের জন্য যুবলীগ নেত্রী গ্রেফতার
২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন