প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্যান্সারে আক্রান্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে গতকাল শনিবার সকালে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এর আগে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার বিষয়ে তার স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় অভিনেত্রী ও নির্মাতার প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বর্তমানে তাকে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। যদিও তিনি সচেতন রয়েছেন, তবে চিকিৎসকরা তার শারীরিক অবস্থায় উদ্বিগ্ন। পরবর্তী চিকিৎসা এবং লাইফ সাপোর্টের প্রয়োজনীয়তা নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে।
এদিকে চিকিৎসার ব্যয় নিয়েও পরিবার দুশ্চিন্তায় রয়েছে। বর্তমানে যে হাসপাতালে তার চিকিৎসা চলছে, সেখানে খরচ অনেক বেশি। এই কারণে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), কমিউনিটি হাসপাতাল অথবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছে পরিবার।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করে আসছেন। নাট্যকার ও পরিচালক হিসেবে তার নির্মাণে মধ্যবিত্ত মানুষের জীবনযাপন, সংকট ও সমাজের নানা বাস্তবতা উঠে এসেছে। তিনি ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিছবি ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।
এছাড়া, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন