০৪:৪২ পি.এম
ভারতের তামিলনাড়ুর নাগরকোয়েল জংশন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরার ভেতরে ৫০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের চার দিন পর, ট্রেনটি মেরামতের জন্য ইয়ার্ডে নেওয়া হলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার আইয়্যাপ্পান (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর সকাল ৮টার দিকে ১৩ নম্বর ইয়ার্ডে রাখা ১৬৩৬৬ নম্বর ট্রেনের পেছনের দিকের একটি কামরার আসনের নিচ থেকে অজ্ঞাতনামা ওই নারীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। কামরাটি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল। নাগরকোয়েল পূর্ব গ্রাম প্রশাসনিক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে শুরুতে রেলওয়ে পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মামলাটিতে হত্যা ধারা যুক্ত করা হয়।
ঘটনা তদন্তে রেলওয়ে পুলিশের পরিদর্শক ক্যাথরিন সুজাতার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। দলটি স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ১৪ নভেম্বর সকাল ৮টার দিকে সাদা শার্ট ও ধুতি পরা এক ব্যক্তিকে ওই কামরা থেকে নেমে যেতে শনাক্ত করে। ট্রেনটি তখন ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে ছিল।
আরও পড়ুন: আবুধাবি সংলাপে প্রধান বাধা ন্যাটোর সম্প্রসারণ: জেফরি স্যাক্স
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, অধিকতর তদন্তে বেরিয়ে আসে যে সিসিটিভিতে ওই ব্যক্তিকে কামরা থেকে নেমে যেতে দেখার প্রায় সাড়ে সাত ঘণ্টা আগে, অর্থাৎ ১৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে হত্যাকাণ্ডটি ঘটেছিল।
পুলিশের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ওই নারী ৫ নম্বর প্ল্যাটফর্মের কাছে হাঁটছিলেন। এ সময় অভিযুক্ত যুবক তাঁকে দেখতে পান এবং হাত ধরে জোর করে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ফাঁকা কামরাটির ভেতরে টেনে নিয়ে ধর্ষণ করেন। এরপর তিনি ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ঘুষি, লাথি ও পা দিয়ে আঘাত করেন। গুরুতর জখমের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গ্রেপ্তার হওয়া আইয়্যাপ্পান কন্যাকুমারী জেলার চেনবাগারমনপুথুর এলাকার জনসনের ছেলে। পুলিশ জানিয়েছে, গত চার মাস ধরে তিনি এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, নিহত ওই নারীর পরিচয় শনাক্ত এবং তাঁর পরিবারের সন্ধান পেতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরার ভেতরে এমন ভয়াবহ অপরাধ এবং চার দিন ধরে মরদেহটি কারও নজরে না আসার ঘটনায় রেলওয়ে স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হলেও আতঙ্কিত নন কিয়েভের বাসিন্দারা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন