০২:৩২ পি.এম
তেলেগু সিনেমার ‘আইকন স্টার’ আল্লু অর্জুন, যিনি নিজেকে প্রতিষ্ঠা করার অনেক আগে ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষার্থী। সেই সময়ে রুপালি পর্দার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ছিলেন তার হৃদয়ের কেন্দ্রবিন্দু। ভারতের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী যখন ১৯৯৬ সালের ২ জুন চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন, তখন কিশোর আল্লু অর্জুন সেই খবর শুনে গভীর বেদনায় দিনভর কেঁদে কাটান।
এই অভিজ্ঞতাকে শৈশবের তীব্র আবেগের একটি স্মৃতিকথায় তুলে ধরেছেন আল্লু অর্জুন। তিনি নিজের এই ভালোবাসাকে কোনো সাধারণ তারকা-মুগ্ধতা হিসেবে দেখতে নারাজ। শ্রীদেবীর প্রতি তার গভীর শ্রদ্ধা ও অনুরাগের কথা স্মরণ করে আল্লু বলেন, “শ্রীদেবীর প্রতি আমার প্রচণ্ড ক্রাশ ছিল। আমি তাকে এতটাই ভালোবাসতাম যে তার জায়গায় অন্য কাউকেই কল্পনা করতে পারতাম না। যখন জানতে পারলাম তিনি বনি কাপুরকে বিয়ে করেছেন, সেদিন সারা দিন আমি অঝোরে কেঁদেছিলাম। খবরটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না।”
আল্লু অর্জুন উল্লেখ করেছেন, পর্দায় শ্রীদেবীর উপস্থিতি তার কাছে অনন্য ও অতুলনীয় ছিল। ইতিহাসের পাতায় দেখা যায়, ১৯৯৬ সালের ২ জুন মহারাষ্ট্রের শিরডিতে অত্যন্ত গোপনীয়ভাবে বনি কাপুর ও শ্রীদেবীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। কেবল নিকটাত্মীয়দের উপস্থিতিতে আয়োজন করা হয় এই বিয়ের। দীর্ঘ কয়েক মাস গোপন রাখার পর, ১৯৯৭ সালের জানুয়ারি মাসে যে সময় শ্রীদেবী তার প্রথম কন্যা জাহ্নবী কাপুরকে গর্ভে ধারণ করেন, তখনই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন: জাহাজভাঙা শিল্পের নিয়ম শিথিলের সিদ্ধান্তে বাপার উদ্বেগ প্রকাশ
বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীন শ্রীদেবীর সঙ্গে তার সম্পর্কের সূত্রপাত ঘটেছিল, যা তৎকালীন বলিউডে ব্যাপক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনা হয়ে ওঠে।
আশির ও ৯০-এর দশকে বেড়ে ওঠা সারা গোটা প্রজন্মের কাছে শ্রীদেবী ছিলেন ভারতীয় সিনেমার অবিসংবাদিত নারী মহাতারকা। মাত্র চার বছর বয়সে ১৯৬৭ সালে ‘কান্দান কারুনাই’ নামক তামিল চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয়েছিল তার রূপালি জগতে পদচারণা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি তেলেগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায় ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে অনন্য ইতিহাস তৈরি করেন।
কিন্তু ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি ৫৪ বছর বয়সে দুবাইয়ের একটি হোটেল কক্ষের বাথটাবে দুর্ঘটনাবশত ডুবে গিয়ে কিংবদন্তি অভিনেত্রীর জীবনাবসান ঘটে। মৃত্যুর পর তিনি স্বামী বনি কাপুর এবং দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুরকে রেখে যান।
ব্যক্তিগত জীবনে আল্লু অর্জুন বর্তমানে স্নেহা রেড্ডির সঙ্গে সুখী দাম্পত্য জীবনযাপন করছেন এবং এই দম্পতির আয়ান ও আরহা নামে দুই সন্তান রয়েছে।
আরও পড়ুন: ‘রামায়ণ’ বিতর্কের মধ্যেই নতুন লুকে প্রশংসায় ভাসছেন সাই পল্লবী
ব্যবসায়িক সাফল্যের দিক থেকে, ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম ব্যবসাসফল ছবি ‘পুশ্পা ২: দ্য রুল’-এর অভাবনীয় সাফল্যের পর আল্লু অর্জুনের হাতে বর্তমানে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি রয়েছে। সান পিকচার্সের ব্যানারে পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে তার বহুল আলোচিত বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক ছবি ‘রাকা’ নির্মাণাধীন রয়েছে, যেখানে তার বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন। এ ছাড়া, জনপ্রিয় পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গে তার পরবর্তী একটি মেগা প্রকল্পের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন