১০:১০ এম
ক্যামেরুনের ফুটবল কিংবদন্তি স্যামুয়েল ইতো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন, যিনি বর্তমানে তোপের মুখে রয়েছেন। বিতর্কিত বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব পরিকল্পনার কারণে পদত্যাগের চাপের সম্মুখীন থাকা এই সুইস-ইতালিয়ান ফুটবল প্রশাসকের পাশে দাঁড়িয়ে ইতো মন্তব্য করেছেন, "ইনফান্তিনো কোনো ভুল করেননি।"
ইনফান্তিনো বিশ্বকাপের পর ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনার বিরুদ্ধে উয়েফা বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। তাদের সঙ্গে কয়েকটি জাতীয় ও মহাদেশীয় ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা জানায়।
কিন্তু ক্যামেরুন ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি স্যামুয়েল ইতো ভিন্ন অবস্থানে রয়েছেন। তিনি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ওঠা সমালোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। ইতোর মতে, "আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনার ঢেউ তৈরি করা হচ্ছে।"
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা
আফ্রিকার রেকর্ড চারবারের বর্ষসেরা ফুটবলার সিএনএনকে জানিয়েছেন, "আমি মনে করি না প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো কোনো ভুল করেছেন। আমার মনে হয় নির্বাচন আসন্ন, তাই এসবকিছুর জন্য এই সময়টা বেছে নেওয়া হয়েছে।"
সম্প্রতি অনাস্থা ভোটের শঙ্কা বাড়ায় ইনফান্তিনো চাপের মধ্যে রয়েছেন। উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফও তার নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা জানিয়েছে। তবে আফ্রিকান ফুটবল কনফেডারেশন এই মাসের শুরুতেই ইনফান্তিনোর প্রতি সর্বসম্মত সমর্থন নিশ্চিত করেছে। ইতোর বক্তব্যে সেই অবস্থান আরও শক্তিশালী হলো।
ইন্টার মিলান ও বার্সেলোনার হয়ে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জেতা প্রথম খেলোয়াড় ইতো আফ্রিকার দেশগুলোকেও ইনফান্তিনোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, "প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ফুটবল বদলে দিয়েছেন। যারা আগে বিশ্বের সবচেয়ে সুন্দর এই টুর্নামেন্ট বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেত না, তিনি তাদের জন্য সুযোগ তৈরি করেছেন। ছোট দেশগুলোকে বড় প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দিয়েছেন।"
আরও পড়ুন: রোনালদো: ব্রাজিলের বর্তমান স্কোয়াড বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী নেই
আফ্রিকান ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর ভূমিকার কথাও তুলে ধরেন ইতো। তিনি বলেন, "ফিফা সভাপতির কাছ থেকে আফ্রিকার ফুটবল ফেডারেশনগুলোর উন্নয়নে সহায়তা এসেছে এবং তার অবদানকে স্বীকৃতি দেওয়া উচিত।"
ইতোর মতে, "এখন পর্যন্ত ফুটবলের উন্নয়নে ইনফান্তিনো যা করেছেন, সেজন্য তার প্রতি সমর্থন ও স্বীকৃতি জানানো উচিত।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন