শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৮ পি.এম
সদ্য সমাপ্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে সার্বিক কার্যক্রম ও সাফল্যের বিচারে দেশের সব অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নৌ পুলিশ বরিশাল অঞ্চল। একই অভিযানে দেশব্যাপী সর্বোচ্চ ১৪৫টি মামলা দায়ের, ৪২৯ জনকে আটক, ১৩০টি নৌযান জব্দ এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে এ অঞ্চল। এ ছাড়া সার্বিক অভিযানের মূল্যায়নে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি এবং তৃতীয় স্থান অর্জন করেছে কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি।
সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে একযোগে পরিচালিত হয়। অভিযান-পরবর্তী সার্বিক কার্যক্রম পর্যালোচনা করতে গত ১৮ নভেম্বর ঢাকায় নৌ পুলিশ সদর দপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়। নৌ পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) সভায় সভাপতিত্ব করেন।
সভায় অভিযানের সার্বিক কার্যক্রম, আইন প্রয়োগ, মামলা দায়ের, আসামি আটক, নৌযান ও অবৈধ জাল জব্দসহ বিভিন্ন সূচকে অঞ্চলগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। এতে নৌ পুলিশ বরিশাল অঞ্চল অন্যান্য অঞ্চলের তুলনায় এগিয়ে থেকে প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি সারাদেশে সর্বোচ্চ ১৪৫টি মামলা দায়ের, ৪২৯ জন আসামি আটক, ১৩০টি নৌযান জব্দ এবং ৭ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে বরিশাল অঞ্চল।
অন্যদিকে, অভিযানের সার্বিক কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ হিজলা নৌ পুলিশ ফাঁড়ি সারাদেশে প্রথম এবং কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি তৃতীয় স্থান অর্জন করে।
নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এ এস এম নাজমুল হক বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশাল অঞ্চলের নৌ থানা ও ফাঁড়ির সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এবার অভিযানে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি প্রথম এবং কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অভিযানে প্রথম স্থান অর্জনকারী হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াসিন বলেন, এবার নানা প্রতিকূলতার মধ্যেও কঠোরভাবে অভিযান পরিচালনা করতে হয়েছে। অভিযান চলাকালে পুলিশ সদস্যদের হামলার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও নৌ পুলিশের আভিযানিক দল দায়িত্ব পালনে পিছপা হয়নি। সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে অভিযান পরিচালনা করায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
অন্যদিকে, তৃতীয় স্থান অর্জনকারী কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকারিয়া জাকির বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে ফাঁড়ির প্রতিটি সদস্য আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও সরকার ঘোষিত যেকোনো অভিযান সফল করতে ফাঁড়ির সদস্যরা সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।
মা ইলিশ সংরক্ষণে আইন প্রয়োগ, নিয়মিত নজরদারি ও সম্মিলিত অভিযানের মাধ্যমে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এ সাফল্য জাতীয় পর্যায়ে বিশেষ স্বীকৃতি পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী রানার্স কমিউনিটির আয়োজনে রাজশাহী হাফ ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশ নেন
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হওয়া ম্যারাথনটি কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। রাজশাহী মহানগীর ক্রীড়ার উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি গ্রিন ও ক্লিন রাজশাহী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করতে এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ