০৫:১৯ পি.এম
ভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে যুব কংগ্রেসের (আইওয়াইসি) কর্মীদের বিরুদ্ধে, যেহেতু জনপ্রিয় ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই ঘটনার জন্য কংগ্রেসকে ‘গুণ্ডাদের দল’ হিসেবে তীব্র সমালোচনা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, গতকাল শুক্রবার হায়দরাবাদের গাচিবাউলিতে মেটার কার্যালয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তেলেঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবাচরণ রেড্ডির নেতৃত্বে দলের কর্মীরা এতে অংশ নেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা অফিসের বিভিন্ন অংশে ঘুরে বেড়াচ্ছেন। এ সময় কিছু কর্মী ফুলের টব ভাঙচুর করতে দেখা যায়।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সমর্থন, মিয়ানমারে গণহত্যার রায় উল্লেখ
যুব কংগ্রেসের দুই নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তাদের অভিযোগ, বিজেপির চাপের কারণে মেটা বিরোধী দলের নেতাদের কণ্ঠরোধ করছে।
বিক্ষোভকারীরা মেটা এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। হায়দরাবাদের পাশাপাশি মুম্বাই ও গুরুগ্রামে মেটার অফিসের সামনে যুব কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ করেন।
সংগঠনটির দাবি, শুক্রবার অফিসগুলোতে প্রবেশ করার প্রায় ১৫ মিনিট পর তাদের দুই নেতা উদয় ভানু চিব এবং মনীশ শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু করে মেটা।
এদিকে, ভাঙচুরের ঘটনায় কংগ্রেসকে তীব্র সমালোচনা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি। তিনি কংগ্রেসকে ‘গুণ্ডাদের দল’ আখ্যা দিয়ে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালানোই কংগ্রেসের রাজনীতি।
আরও পড়ুন: ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে দুই বছরে নীতিমালা তৈরিতে সম্মত ১২৮ দেশ
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, যুব কংগ্রেসের কর্মীরা শুধু মেটার কার্যালয় ভাঙচুর করেননি, বরং সেই ঘটনার প্রচারও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন