০৭:২১ পি.এম
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাওয়ার পথে রিকশার গদির নিচে একটি শপিং ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা।
এই ঘটনা ঘটে রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে, লালবাগের ঢাকেশ্বরী রোডে ইবনে সিনা হাসপাতালের পাশের সড়কে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে একজন হলেন নিষিদ্ধ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত নূর হোসেন মাহিন (২২) এবং অপরজন রিকশাচালক মো. ইমন (২৩)।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি হারুন অর রশিদ ঢামেকে মারা গেছেন
লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের সন্দেহভাজন মনে করে আটক করে পুলিশকে খবর দেন। এরপর দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে রিকশার গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
লালবাগ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি জানান, আটক দুজন কামরাঙ্গীরচর থেকে একটি রিকশায় করে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ছাত্রদলের নেতাকর্মীরা রিকশাটি থামিয়ে তাদের আটক করেন।
রিকশায় তল্লাশি চালানোর পর গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ পাওয়া যায়, যার ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় চারটি ককটেল ছিল। রাব্বি অভিযোগ করেন, ঢাকেশ্বরী মন্দিরের দিকে গিয়ে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্য ছিল তাদের।
তিনি আরও জানান, ককটেল উদ্ধারের পরপরই লালবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো জব্দ করে। পরে সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেখানে আসেন।
আরও পড়ুন: শাহজালালে নামার সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজের চাকায় আগুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক নূর হোসেন মাহিনের বাবার নাম আব্দুল লতিফ এবং তার বাড়ি কামরাঙ্গীরচরের মধ্য ইসলামনগরের ৮ নম্বর গলিতে। তিনি নিষিদ্ধ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অপর আটক ব্যক্তি রিকশাচালক মো. ইমন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন বলেন, লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন