বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৬ এম
সম্প্রতি ‘মাতৃভূমি’-র ‘মদিরাপন’ গানটি প্রকাশিত হয়েছে। এই গানকে কেন্দ্র করে এবার মন্তব্য করেছেন কোরিয়োগ্রাফার মুদাস্সর খান। তিনি সলমনের পেশাদারিত্ব এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন।
মুদাস্সর জানিয়েছেন, সাধারণত ছবির গানের সাথে নাচের মহড়া দেওয়া হয় না, কিন্তু এই ক্ষেত্রে তা করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। ২৮ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহটি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারা দেশে উদযাপন করা হবে।
সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহের উদ্বোধন করবেন। ঢাকার শেরেবাংলানগরের পুরান বাণিজ্যমেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীতে ৬৪টি স্টল এবং ছয়টি প্যাভিলিয়ন থাকবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে উল্লেখ করেন, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য। বর্তমানে দেশের মোট প্রাণিজ আমিষের জোগানের প্রায় ৫৬ শতাংশ আসে গবাদিপশু ও পোলট্রি অর্থাৎ দুধ, ডিম ও মাংস থেকে। এছাড়া, নারী ও যুবসমাজের কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে নিরাপদ খাদ্য উত্পাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে প্রাণিসম্পদের উত্পাদন বৃদ্ধি, দেশীয় জাতের সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে প্রাণিজ পণ্যের গুণগত মানোন্নয়ন, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরো প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।
প্রধানমন্ত্রীর বাণীতে বলা হয়েছে, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উত্পাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উত্পাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে একদিকে দেশ প্রাণিসম্পদ খাতে আরো স্বনির্ভর হতে পারবে, অন্যদিকে বাংলাদেশের জন্য স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াকরণ পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উত্পাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে। দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য এবং পোলট্রি পণ্য রপ্তানির বড় সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। আন্তর্জাতিক বাজারে আরো অনেক অপ্রচলিত পণ্য রপ্তানির সুযোগও রয়েছে।
প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, শোভাযাত্রা, আলোচনা, সেমিনার, কর্মশালা, রেসেপি প্রতিযোগিতা, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিরোধীদলীয় নেতা ও আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। জামায়াতে ইসলামী একই সঙ্গে প্রতিবেদনটি প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি করেছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান। তিনি বিবৃতিতে বলেন, "সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা।"
তিনি আরও উল্লেখ করেন, প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মন্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি। "এ দাবি সম্পূর্ণ অসত্য। প্রতিবেদন প্রকাশের আগে তার কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গী কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। তার বক্তব্য না নিয়েই ‘জবাব দেননি’ লেখা সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।"
মিয়া গোলাম পরওয়ার বলেন, "ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান নেওয়া বিশ্বের অসংখ্য সরকার ও জনগণের অবস্থানেরই প্রতিফলন। একে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে তুলে ধরা উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতি। ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো ধরনের হামলার বিরোধী।"
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, "কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিতর্কিত পোস্টটি ডা. শফিকুর রহমান লেখেননি। তার অ্যাকাউন্ট হ্যাক করে পোস্টটি প্রকাশ করা হয়েছিল। এ-সংক্রান্ত প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অথচ এসব তথ্য সম্পূর্ণ উপেক্ষা করে প্রতিবেদনে তাকে নারীবিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়েছে।"
তিনি বলেন, "পতিত সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন বিশেষজ্ঞ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা গুরুতর প্রশ্ন তুলেছে। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়েও এ প্রশ্ন উঠে এসেছে। সেই বিচারের রায়কে প্রশ্নাতীত ইতিহাস হিসেবে তুলে ধরে ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে দায়ী করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।"
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, "পুরো প্রতিবেদনটি দাঁড়িয়ে আছে একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর। জানা গেছে, ওই ব্যক্তি শেখ মুজিব ও তার পরিবারের গুণকীর্তনমূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক। পাঠকদের কাছে তার এই রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে। যারা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাদের ‘উগ্রবাদী’ হিসেবে চিত্রিত করে চরিত্রহনন করা পতিত স্বৈরাচারের পুরোনো বয়ান।"
ডা. শফিকুর রহমানের পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি একটি আনুষ্ঠানিক ‘কনসার্নস নোটিশ’ পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার Defamation Act 2005 (NSW)-এর ১২এ ধারা অনুযায়ী নোটিশটি প্রকাশক Nationwide News Pty Ltd-এর কাছে পাঠানো হয়েছে। এতে মানহানিকর সাতটি ইঙ্গিত চিহ্নিত করে সেগুলোর সংশোধন, প্রতিবেদন প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, "আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে সেই স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। আমরা দাবি জানাচ্ছি, ‘দ্য অস্ট্রেলিয়ান’ অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করুক, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ করুক এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা প্রার্থনা করুক। অন্যথায় সব ধরনের আইনগত পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ