ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন কাল, বাহুবলে ১১ কেন্দ্রে ভোট দেবেন ৩৭২৪ শ্রমিক


৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন কাল, বাহুবলে ১১ কেন্দ্রে ভোট দেবেন ৩৭২৪ শ্রমিক

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) হবিগঞ্জের বাহুবল উপজেলাসহ দেশের অন্যান্য অঞ্চলে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১টি চা বাগানের পঞ্চায়েত কমিটি গঠনের উদ্দেশ্যে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ নির্বাচনে বাহুবল উপজেলার ১১টি চা বাগানে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭২৪ জন। এর মধ্যে ১ হাজার ৭৩৭ জন নারী ভোটার এবং ১ হাজার ৯৮৭ জন পুরুষ ভোটার রয়েছেন। নির্বাচনে ৩৯টি প্যানেলে মোট ৫৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জের কিছু এলাকায় ২৮ নভেম্বর ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নির্বাচন উপলক্ষে উপজেলার নির্ধারিত ১১টি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলো হলো—মধুপুর চা বাগান অফিস, রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফয়জাবাদ ফাঁড়ি অফিস, ফয়জাবাদ কোয়ার্টার অফিস, রামপুর চা বাগান অফিস, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে কয়েকটি স্থানে একাধিক ভোটকেন্দ্র রয়েছে।

আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম ও মালামাল পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ইতোমধ্যে ১১টি কেন্দ্রে নির্বাচনী মালামাল প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিমুল বিশ্বাস: দেশে সাড়ে চার কোটি মানুষ দরিদ্রসীমার নিচে

দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা বাগানগুলোর শ্রমিকদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে কারা দায়িত্ব পান, সেই দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিক ও ভোটাররা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপা লিগে এসি মিলান, জুভেন্টাস ও বোর্নমাউথের জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


ইউরোপা লিগে এসি মিলান, জুভেন্টাস ও বোর্নমাউথের জয়

ইউরোপা লিগের রাতটি ছিল পুনরুদ্ধারের কাহিনীতে ভরা। এসি মিলান দুই গোলে পিছিয়ে থেকেও জয় অর্জন করেছে। জুভেন্টাস এক গোলে পিছিয়ে পড়েও বড় ব্যবধানে জয়লাভ করেছে। অন্যদিকে, ১০ জনের দল নিয়েও বোর্নমাউথ নিজেদের নিখুঁত জয়ের ধারাকে অব্যাহত রেখেছে। প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডে তিন দলের জয় ছিল আলোচনার মূল বিষয়।

গ্রিসের এথেন্সে অলিম্পিয়াকোসের মাঠে মিলানের শুরুটা ভালো হয়নি। ৩১ মিনিটে মাইক মেনিয়ানের আত্মঘাতী গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই জোয়াও সিলভার গোলে ব্যবধান ২-০ করে অলিম্পিয়াকোস। কিন্তু এরপর ম্যাচের চিত্র পরিবর্তিত হয়। ওমারি হাচিনসন ৫৬ মিনিটে অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান কমান। ৬৩ মিনিটে আলফাদজো সিস, ৭১ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচ এবং যোগ করা সময়ে দিয়েগো মোরেইরার গোলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রুবেন আমোরিমের দল।

অন্যদিকে, ঘরের মাঠে ওমোনিয়ার বিরুদ্ধে ১৫ মিনিটে পিছিয়ে পড়ে জুভেন্টাস। তবে ৩৭ মিনিটে আন্দ্রেয়া কামবিয়াসোর গোলে তারা সমতা ফেরায়। বিরতির আগে জেফ একাথরের গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে ফ্রান্সিসকো কনসেইসাও এবং ৭৩ মিনিটে জেরেমি বোগার গোলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে জুভেন্টাস। পাঁচ ম্যাচে এই জয়ে তারা লিগ পর্বের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে।

সবচেয়ে নাটকীয় জয়টি বোর্নমাউথের। সেল্তা ভিগোর মাঠে ১৯ মিনিটে ইয়াগো আসপাসের গোলে পিছিয়ে পড়ে তারা। ২৩ মিনিটে বাফোদে দিয়াকিতের লাল কার্ডের কারণে ইংলিশ ক্লাবটি ১০ জনের দলে পরিণত হয়। তবুও মার্কো রোজের দল হার মানেনি। বিরতির পর ৪৭ মিনিটে আলভারো রদ্রিগেজের গোলে তারা সমতা ফেরায়। ৭৮ মিনিটে বদলি হিসেবে নামা রায়ানের গোলে জয় নিশ্চিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মৃত্যুর দিন পর্যন্ত লড়ব’, ডাটা সেন্টারের শব্দ-ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


‘মৃত্যুর দিন পর্যন্ত লড়ব’, ডাটা সেন্টারের শব্দ-ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কেন্দ্র বা তথ্যকেন্দ্র (ডাটা সেন্টার) দ্রুত গড়ে উঠছে। তবে, এসব বিশাল স্থাপনার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। শব্দ, ধোঁয়া এবং পরিবেশের পরিবর্তনে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং য়ের এক প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে।

টোকিওর উত্তর-পূর্বে কাশিওয়া শহরে, কিছু বছর আগে সাসুমু গোটোর বাড়ির সামনে সবুজ মাঠ ছিল। সেখানে প্রতিবেশীরা বেসবল ও ফুটবল খেলতেন। কিন্তু বর্তমানে সেই মাঠের জায়গায় দাঁড়িয়ে আছে হংকংভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএজি পরিচালিত দুটি বিশাল তথ্যকেন্দ্র বা ডাটা সেন্টার। প্রতিটি তথ্যকেন্দ্রের উচ্চতা প্রায় ৩১ মিটার।

অবসরপ্রাপ্ত গাড়ি মেরামতকারী গোটো জানান, মাসে অন্তত একবার এসব কেন্দ্রের জরুরি বিদ্যুৎ জেনারেটর পরীক্ষা করা হয়। তখন আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং পোড়া জ্বালানির গন্ধ বাতাসে ভেসে থাকে। প্রতিদিন সকালে বাড়ির বাইরে বের হলে বিশাল ভবনগুলো তার দৃষ্টিসীমা ঢেকে দেয়, ফলে তিনি মানসিকভাবে চাপ অনুভব করেন।

গোটো আরও জানান, শব্দ সহ্য করতে না পেরে তাকে জানালা বন্ধ রাখতে হয় এবং কখনও কখনও বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে হয়। তিনি বলেন, "মৃত্যুর দিন পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব।"

ডাটা সেন্টারের দ্রুত বিস্তার স্থানীয় মানুষের জীবনযাত্রায় কীভাবে প্রভাব ফেলছে, গোটোর অভিজ্ঞতা যেন তারই প্রতিচ্ছবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউ,পি চেয়ারম্যান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এমাদ মিয়া, নরসিংদী প্রতিনিধি

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউ,পি চেয়ারম্যান গ্রেফতার

নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মোঃ বশির আহম্মেদ ওরফে পরশ মোল্লা (৫০) নামে আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বেলাব থানা পুলিশের একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বেলাব থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেলাব থানার মামলা নং-১৬, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বশির আহম্মেদ ওরফে পরশ মোল্লা বেলাব উপজেলার রাজারবাগ গ্রামের মৃত তমিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি আমলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিমানবন্দরে আনসার সদস্যকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


বরিশাল বিমানবন্দরে আনসার সদস্যকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

বরিশাল বিমানবন্দরের অভ্যন্তরে বৈদ্যুতিক ক্যাবল চুরিতে বাধা দেওয়ার কারণে এক আনসার সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বিমানবন্দরের ভেতরে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা করার সময় আনসার সদস্য মিঠু হালদার বাধা দেন। এই সময় অভিযুক্ত রুহুল আমিন ঘাস কাটার কাঁচি দিয়ে মিঠু হালদারকে কুপিয়ে আহত করেন। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তাকর্মীরা রুহুল আমিনকে আটক করেন। আহত মিঠু হালদারকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়; পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এর আগে গত ১ নভেম্বর বিমানবন্দরের রানওয়ের ভেতরে ড্রেনের ওপর বসানো লোহার রডের জালি চুরির চেষ্টা করা হয়। সে সময় বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ ট্রলিসহ একজনকে আটক করে, তবে জড়িত থাকার অভিযোগে আরও দুজন পালিয়ে যায়।

এছাড়া গত আগস্টে বরিশাল বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় (কেপিআই) ঘাস কাটার অনুমতি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়ের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছিল, স্থানীয় কৃষকদের ভেতরে ঢুকে ঘাস কাটার সুযোগ দিয়ে ২ থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হতো। যদিও ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, ফ্লাইট না থাকার সময়ে স্থানীয় কৃষকদের অনুরোধে কয়েকজনকে ঘাস কাটার অনুমতি দেওয়া হয়েছিল; ভবিষ্যতে এমন অনুমতি আর দেওয়া হবে না।

পরপর চুরি ও বহিরাগতদের অনুপ্রবেশের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, সীমানাপ্রাচীরের নিচের কিছু অংশ ফাঁকা থাকায় বহিরাগতরা সহজেই ভেতরে প্রবেশ করতে পারছেন, ফলে ঘাসের পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল, বৈদ্যুতিক তার ও টেলিফোনের ক্যাবল চুরির ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা ইনচার্জ মনমথ সরকার জানান, সীমানাপ্রাচীরের নিচ দিয়ে অনেক সময় বহিরাগতরা ভেতরে ঢোকেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তিনি দাবি করেন, সামগ্রিক নিরাপত্তাব্যবস্থায় তেমন ঘাটতি নেই। একের পর এক চুরি ও অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তার দুর্বলতা স্পষ্ট হচ্ছে কি না—এমন প্রশ্নে কিছুটা সম্মতি জানান এই কর্মকর্তা।

স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু অভিযুক্তদের আটক করলেই হবে না; চুরির ঘটনায় কোনো যোগসাজশ, অবহেলা বা তদারকির ঘাটতি আছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বক্তব্য জানতে বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়ের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%