০৯:৫৮ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পূর্বে জ্বালানি তেলের দাম বাড়ানোর লক্ষ্যে সৌদি আরবের অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বৃদ্ধি করছে। মঙ্গলবার তিনি এই অভিযোগ উত্থাপন করেন। একইসাথে, তিনি নভেম্বরের নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হামলা আরও বৃদ্ধি করার হুমকিও পুনর্ব্যক্ত করেন।
ট্রাম্প মন্তব্য করেন, হুথিরা ‘খুবই খারাপ আচরণ’ করছে। তিনি অভিযোগ করেন যে, দীর্ঘ সময় নীরব থাকার পর গোষ্ঠীটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। তার ধারণা, ইরানের সহায়তায় তারা এই কার্যক্রম চালাচ্ছে।
মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, ‘তারা (হুথিরা) দীর্ঘদিন নীরব ছিল। কিন্তু এখন আবারও সক্রিয় হয়েছে। সম্ভবত একটি ব্যর্থ রাষ্ট্র ইরানের নির্দেশেই তারা এমন করছে। ইরানের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, বিশ্বের সবচেয়ে খারাপ অর্থনীতি এবং মূল্যস্ফীতি ৩০১ শতাংশ। তারা অত্যন্ত ন্যক্কারজনকভাবে সৌদি আরবে হামলা চালাচ্ছে এবং পরিকল্পিতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। সম্ভবত মার্কিন নির্বাচনের আগে। এটা মোটেও ভালো নয়।’
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ২০০ ট্রলি প্রদান
গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে মিলিত হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন ট্রাম্প। এরপর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির উদ্বেগও দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না।
ট্রাম্প আরও বলেন, হুথিদের সৌদি আরবে হামলার ঘটনা তিনি ‘কখনো ভুলবেন না’। তার এই বক্তব্যকে মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে মার্কিন সামরিক হামলা শুরুর হুমকি হিসেবে দেখা হচ্ছে। এবারের মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কার্যক্রমের ওপর এক ধরনের গণভোট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ‘কাউকে তাদের (হুথিদের) বুঝিয়ে বলা উচিত, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমি ইতোমধ্যে বিপুল ব্যবধানে জয়ী হয়েছি। কিন্তু নির্বাচনের পরও আমি থাকব এবং বিষয়টি কখনো ভুলব না।’
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি, তীব্র বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন