ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ইরাকে আজ নাজাফ ও কারবালায় খামেনির জানাজা শোভাযাত্রা


ইরাকে আজ নাজাফ ও কারবালায় খামেনির জানাজা শোভাযাত্রা

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির মরদেহবাহী কফিন বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় জানাজা শোভাযাত্রার মধ্য দিয়ে নেওয়া হবে। শহর দুটিতে শিয়া সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থাপনাগুলো অবস্থিত।

গত শনিবার থেকে খামেনিকে ঘিরে ছয় দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু করেছে ইরান। এর মধ্যে একটি দিন উৎসর্গ করা হয়েছে প্রতিবেশী ইরাককে। শিয়া সংখ্যাগরিষ্ঠ এই দেশের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ইরাকের নাজাফ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভের কারণে পিএসজির ম্যাচ ২৪ ঘণ্টা পিছিয়েছে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর নিজেদের শক্তি ও ঐক্যের বার্তা তুলে ধরতেই দীর্ঘ এই শোকানুষ্ঠানের আয়োজন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। ওই হামলার মধ্য দিয়েই যুদ্ধের সূচনা হয়।

ইরানের পবিত্র শহর কোমে বিশাল শোক শোভাযাত্রা শেষে মঙ্গলবার রাতে খামেনির মরদেহ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে ইরাকের কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিকরা মরদেহ গ্রহণ করেন।

এ উপলক্ষে বুধবার ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টায় নাজাফে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।

নাজাফ ও কারবালায় লাখো মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। শহরের বিভিন্ন সড়কে খামেনিকে স্বাগত জানিয়ে ব্যানার টাঙানো হয়েছে। ইরানের পতাকার পাশাপাশি নিহত এই নেতার বড় বড় প্রতিকৃতি এবং ইরানের 'অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স'-এর নিহত অন্য কমান্ডারদের ছবিও শোভা পাচ্ছে।

আরও পড়ুন: ডাকারের বাতাসে ভয়াবহ দূষণ, ঢাকার পরিস্থিতি উদ্বেগজনক

কারবালার একটি ব্যানারে লেখা হয়েছে, 'আমরা আপনাকে বিদায় জানাচ্ছি'। খামেনির আরেকটি ছবিতে সঙ্গে লেখা হয়েছে, 'যিনি আমেরিকাকে অপদস্থ করেছেন।’

বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের নিজ শহর মাশহাদে খামেনিকে দাফন করা হবে।

-পবিত্র মাজারে শোভাযাত্রা-

ইরাকের ৩০ বছর বয়সী মোহাম্মদ আল-বায়াতি কয়েক ঘণ্টা ভ্রমণ করে নাজাফে এসেছেন। তিনি বলেন, ‘আমেরিকা ও ইসরাইলের শক্তিকে চ্যালেঞ্জ জানানো ব্যক্তির জানাজায় অংশ নেওয়ার এমন সুযোগ হাতছাড়া করা যায় না।’

আরও পড়ুন: ‘ফ্রি কঙ্গো, ফ্রি সুদান, ফ্রি প্যালেস্টাইন’: লুইস হ্যামিল্টনের বিশ্বশান্তির আহ্বান

নাজাফে শোকাহত মানুষ ছয় কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেবেন। এটি শেষ হবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জামাতা এবং প্রথম শিয়া ইমাম হজরত আলী (আ.)-এর পবিত্র মাজারে।

নাজাফ শিয়া ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোর প্রধান কেন্দ্র। এখানেই বসবাস করেন ইরাকের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি।

খামেনির পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিসহ বহু জ্যেষ্ঠ শিয়া আলেম নাজাফে পড়াশোনা করেছেন, শিক্ষকতা করেছেন অথবা বসবাস করেছেন।

বিশ্বের বহু শিয়া মুসলমানও নাজাফে সমাহিত হওয়ার আকাক্সক্ষা পোষণ করেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারির পর যেভাবে বদলে গেছে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি

নাজাফের আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ প্রায় ৬০ কিলোমিটার উত্তরের কারবালায় নেওয়া হবে। সেখানে আরেকটি শোভাযাত্রা হবে। এটি শেষ হবে ইমাম হুসাইন (আ.) এবং তার ভাই আব্বাসের পবিত্র মাজারে।

সপ্তম শতকে তৃতীয় শিয়া ইমাম হুসাইনের (আ.) শাহাদাত শিয়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। প্রতি বছর এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ কারবালা ও নাজাফে সমবেত হন।

দুই শহরেই শোভাযাত্রার পথে স্বেচ্ছাসেবীদের পরিচালিত শত শত অস্থায়ী স্টলে শোকাহত মানুষের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হয়েছে।

'আধ্যাত্মিক বন্ধন'-

আরও পড়ুন: ঢাকায় কোম্পানিভিত্তিক বাস চলাচলের উদ্যোগ, ১ নভেম্বর থেকে শুরু হবে

শিয়া সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশ ইরাক ও ইরানের সম্পর্ক গভীর। ধর্মীয় ও রাজনৈতিক বন্ধনের ভিত্তিতেই এই সম্পর্ক গড়ে উঠেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে দেশটির বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি বলেন, ‘এই ঐতিহাসিক আয়োজন সফল করতে ইরাক সরকার ও জনগণের ব্যাপক প্রস্তুতি পুরো বিশ্বের সামনে ইরাক ও ইরানের দুই মহান জাতির আধ্যাত্মিক সম্পর্কের গভীরতা তুলে ধরেছে।’

তবে ইরাক ও ইরানের সম্পর্ক সব সময় এমন ছিল না।

আশির দশকে শিয়া জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালানো ইরাকের প্রয়াত শাসক সাদ্দাম হোসেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩ ও আহত ১৬

কিন্তু ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনে সাদ্দামের পতনের পর এবং বাগদাদে শিয়া-প্রধান সরকার ক্ষমতায় আসার পর দুই দেশ ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়।

বর্তমানে ইরান ইরাকের প্রভাবশালী রাজনীতিকদের পাশাপাশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকেও সমর্থন দেয়। এসব গোষ্ঠীর কয়েকটি খামেনির মৃত্যুর পর ইরানের সমর্থনে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগ দেয় এবং ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করার নির্দেশনা অধিদপ্তরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করার নির্দেশনা অধিদপ্তরের

শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলা বাধ্যতামূলক করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে স্বাক্ষর করেছেন পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায় থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে।

তরুণ প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রতিদিন সমাবেশ (পিটি) পরিচালনা করবেন এবং খেলাধুলার আয়োজন করবেন।

এছাড়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্বও তাদের ওপর অর্পণ করা হয়েছে।

যেসব মাদ্রাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ খালি রয়েছে, সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ এবং উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দিতে হবে।

পাশাপাশি শূন্যপদ দ্রুত পূরণের জন্য বিদ্যমান বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত শারীরিক ব্যায়াম ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক চাপ কমানো, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত কাজের মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই মাদ্রাসা শিক্ষার্থীদের সার্বিক বিকাশের স্বার্থে এ কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

এ নির্দেশনার অনুলিপি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, সব জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চা, খেলাধুলায় অংশগ্রহণ এবং সুস্থ জীবনধারা গড়ে ওঠার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও ইতিবাচক শিক্ষার পরিবেশ আরও শক্তিশালী হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ ব্যাংকে ঢুকে যুবকের তুলকালাম কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


হঠাৎ ব্যাংকে ঢুকে যুবকের তুলকালাম কাণ্ড

এক যুবক হঠাৎ করেই সম্পূর্ণ খালি গায়ে ব্যাংকে ঢুকে ম্যানেজারের কক্ষে ঢুকে তার চেয়ারে বসে বলছিলেন, "আমি এই দেশের সিও (প্রধান কর্মকর্তা), অনেক বড় অফিসার।"

এই ঘটনা মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার শাখার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) ঘটে।

যুবকের এই কাণ্ড দেখে হতবাক হয়ে যান ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং উপস্থিত সাধারণ গ্রাহকরা। জানা গেছে, ওই যুবকের নাম ইয়াসিন আলী। তিনি সকালে ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম চলাকালীন সময় আকস্মিকভাবে ব্যাংকে ঢুকে পড়ে।

এরপর তিনি শার্টবিহীন অবস্থায় ম্যানেজারের চেয়ারে হেলান দিয়ে বসে চিৎকার করে বলতে থাকেন যে, এই ব্যাংকে তার কোটি কোটি টাকা জমা রয়েছে। তিনি বলছিলেন, "সেই টাকা দিয়ে আমি বাড়ি ঠিক করব, নতুন মোটরসাইকেল কিনব।"

এ সময় নিরাপত্তারক্ষীরা তাকে বুঝিয়ে-শুনিয়ে চেয়ার থেকে নামানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। যুবককে ঘিরে ব্যাংকের ভেতরে তৈরি হয় চরম চাঞ্চল্যকর পরিস্থিতি।

এই পরিস্থিতি বেগতিক দেখে এবং ব্যাংকের সার্বিক নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ কল দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানা পুলিশ।

পুলিশের আগমনও দমাতে পারেনি সেই যুবককে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পরও ইয়াসিন বেশ কিছুক্ষণ ধরে অসংলগ্ন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন। তার অঙ্গভঙ্গি দেখলে মনে হচ্ছিল, যেন পুরো ব্যাংকটিই তার নিজস্ব সম্পত্তি!

অবশেষে বেশ কিছুক্ষণ চেষ্টার পর বিশেষ কৌশল ও বুদ্ধিমত্তার মাধ্যমে পুলিশ সদস্যরা তাকে নিয়ন্ত্রণে এনে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হন।

ব্যাংকের সেকেন্ড কর্মকর্তা বিপ্লবী রানী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াসিনকে এলাকার সবাই চেনে এবং তাকে ভীষণ ভয় পায়। এর আগে সে একজনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। যাকে তাকে যখন তখন আক্রমণ করে বসে। এজন্য ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না। ধারণা করা হচ্ছে, সে মানসিক বিকারগ্রস্ত।

তিনি আরো জানান, "আজ ব্যাংকের অবস্থা বেগতিক দেখে আমরা আতঙ্কিত হয়ে ৯৯৯-এ ফোন দিই। পুলিশ এসে তাকে নির্বৃত্ত করে।"

হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে বিষয়টি জানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে ইয়াসিনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই যুবক আসলে তীব্র মাদকাসক্ত নাকি পুরোপুরি মানসিক অসুস্থ— তা খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বুধবার (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ আবহাওয়া বুলেটিনে এই তথ্য জানিয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বুলেটিনে আরও জানানো হয়েছে, এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ৩ নম্বর) বহাল রাখতে আবহাওয়া অধিদপ্তর পরামর্শ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে ৪ বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে ৪ বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

 

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য বিভাগের স্তরে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনার বাস্তবায়নে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে দেশের চারটি বিভাগীয় শহরের চারটি বিশ্ববিদ্যালয়ে পৃথক চারটি উপ-কমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিভাগীয় পর্যায়ে আয়োজনের জন্য গঠিত বাস্তবায়ন কমিটির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পদ্ধতি, ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য চারটি পৃথক উপ-কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি উপ-কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন জাবির প্রো-ভিসি (শিক্ষা), আইবিএ-জেইউর পরিচালক এবং আইআইটির পরিচালক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছে প্রো-ভিসি (প্রশাসন), জীববিজ্ঞান অনুষদের ডিন, আইসিএলসির পরিচালক এবং পরীক্ষা নিয়ন্ত্রক।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, গাণিতিক এবং পদার্থবিষয়ক অনুষদের ডিন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন।

অন্যদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন কলা ও মানবিকী অনুষদের ডিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।

অফিস আদেশে আরও বলা হচ্ছে, তথ্য সংগ্রহের সুবিধার্থে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা-সংক্রান্ত জরুরি জিজ্ঞাসা সম্বলিত একটি নমুনা প্রশ্নমালা উপ-কমিটিগুলোর কাছে পাঠানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছর, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপন করতে গিয়ে জাবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সেই পরিকল্পনার বাস্তবায়নের অংশ হিসাবে এবার তথ্য সংগ্রহের জন্য চারটি বিশ্ববিদ্যালয়ে উপ-কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%