শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:২৫ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"রাখিব চারপাশ পরিস্কার, করিবো ডেঙ্গু ও মশক প্রতিকার" প্রতিপাদ্য সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বাকেরবাসীর কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সহযোগিতায় এ পরিছন্নতা অভিযান পরিচালিত হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাদ্রীশিপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধার সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন
উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউনিয়নের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক দেবাশীষ দাস দোলন, ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক আমির হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক হারুন খান, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেবসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, আমাদের মূল লক্ষ্য বাকেরগঞ্জবাসীর কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ডেঙ্গুমুক্ত উপজেলা উপহার দেওয়া। সবার কাছে সেই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা পাদ্রীশিবপুর ইউনিয়নের কাটাখালী খাল কচুরিপানা মুক্ত করে পরিষ্কার করছি। ড্রেন, নালা, রাস্তার পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। আসুন সকলে নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়ে তুলি। সকলের উচিত কোনোভাবেই রাস্তা-ঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন না ফেলা। আমরা আশা করি আমাদের এই কার্যক্রম দেখে স্থানীয় যে সমস্ত সামাজিক-সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে উৎসাহিত হবে।
পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধা বলেন, পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে কাটাখালী খাল কচুরিপানা মুক্ত করার মাধ্যমে আজকে যে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে এর ধারাবাহিকতা ধরে রাখতে ইউনিয়নের সর্বত্র আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা রয়েছে। উপজেলা প্রশাসন, ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করার জন্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ভালুকায় জাল-জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাৎ এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে দুই পুত্রসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ছয়মুদ্দিন (৬০) ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বেলাশিয়াপাড়া এলাকায় পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া প্রায় সাড়ে ৩ একর সম্পত্তি রয়েছে ছয়মুদ্দিনের। তার অভিযোগ,দুই ছেলে মো. আলী হোসেন (৪০) ও মো. জাকির হোসেন (২৮)সহ কয়েকজন যোগসাজশ করে জাল দলিল তৈরি করে তার প্রায় ১৭৫ শতক জমি নিজেদের দাবি করছেন।এর মধ্যে একজন ৯১ শতক এবং অপরজন ৮৪ শতক জমি দাবি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ছয়মুদ্দিন অভিযোগ করেন,গত ২০ আগস্ট সকাল ১০টার দিকে অভিযুক্তরা তার বসতবাড়িতে গিয়ে তাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্তরা তা মানেননি বলেও দাবি করেন তিনি।এ ঘটনায় জমির মালিকানা ও দলিলপত্র যাচাই করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের বসতবাড়ি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছয়মুদ্দিন।
অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা পৌরসভার ৮ নং ওয়ার্ডের আকনবাড়ি হতে কালীগঞ্জ পর্যন্ত বাইপাস মহাসড়কের প্রায় ৭ কোটি টাকার নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। স্থানীয় এক ব্যক্তির স্বেচ্ছাচারিতা ও আদালতে মামলা দায়েরের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকনবাড়ি থেকে কালীগঞ্জ পর্যন্ত বাইপাস মহাসড়কটি নির্মাণের জন্য সরকার প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ দেয়। কাজ শুরু হলেও স্থানীয় সবুজ মাস্টার নামে এক ব্যক্তি এসএ কাগজ জমা দিয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।
এ বিষয়ে ঠিকাদারের ম্যানেজার জানান, আদালতে মামলা থাকায় আমরা কাজ আপাতত বন্ধ রেখেছি। অতি শীঘ্রই কোর্ট থেকে অনুমতি পেলে পুনরায় কাজ শুরু করবো।
এদিকে সড়কের কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এলাকাবাসী অভিযোগ করে বলেন, এই রাস্তাটি বন্ধ থাকায় কালীগঞ্জ থেকে মালামাল মাথায় করে বস্তা বহন করে বাড়িতে নিতে হচ্ছে। কোনো গাড়ি চলাচল করতে পারছে না।
এলাকাবাসী দ্রুত এই সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে অংশীজনদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক সমন্বিত অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে উপজেলার ডাকবাংলো সড়ক, দক্ষিণ বাজার ও সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সড়কের দুই পাশে দোকানদারদের অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা মালামাল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক দোকানদারকে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের ময়লা-আবর্জনা নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করে প্রশাসন।
অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, ডেঙ্গু ও মশার কামড়জনিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসন প্রতি শনিবার ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আসছে। তবে কেবল প্রশাসনের চেষ্টার মাধ্যমে পুরো উপজেলাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়, এজন্য ব্যবসায়ী ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা ও যত্রতত্র ময়লা ফেলা সম্পূর্ণ অনুচিত। আমরা সতর্ক করেছি এবং দোকানদারদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার নির্দেশনা দিয়েছি। নিয়ম না মানলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোয়াইব সিদ্দিকী, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, ব্যবসায়ী নেতা শওকত হোসেন, এনায়েত হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ