ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হামে মৃত্যুর ঘটনায় করা আবেদন খারিজ, মামলা গ্রহণ করেননি আদালত


হামে মৃত্যুর ঘটনায় করা আবেদন খারিজ, মামলা গ্রহণ করেননি আদালত

হামে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ মোট চারজনের বিরুদ্ধে করা মামলাটির আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

এই আদেশটি রবিবার (১২ জুলাই) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত প্রদান করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি গ্রহণের জন্য কোনও উপাদান না থাকার কারণে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় এ ধরনের খারিজের আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকে আগুন লাগিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

আগের ৫ জুলাই, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামক এক ব্যক্তি মামলাটির আবেদন জমা দেন। বিচারকের কাছে বাদীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছিল এবং আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। এরপর রবিবারের জন্য এই আবেদনের ওপর আদেশ দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছিল।

আজ বিকেলে, আদালত মামলাটি খারিজ করার আদেশ প্রদান করে।

মামলায় অপর আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বাদী সিরাজুল ইসলাম মামলার আবেদনে উল্লেখ করেছেন যে, তার ৯ মাসের শিশুকন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যাসংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে শিশুটির অবস্থার অবনতি ঘটে।

আরও পড়ুন: জিয়াউল আহসানের মতো অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল: রাষ্ট্রপক্ষের মৃত্যুদণ্ডের দাবি

হামের টিকা সঠিক সময়ে সরবরাহ না হওয়ার কারণে শিশুটি টিকা নিতে পারেনি এবং ফলে হামে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে।

মামলায় অভিযোগে আরও বলা হয়েছে যে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করেছেন। তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ এবং টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। এই অবহেলার ফলস্বরূপ দেশে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজার হাজার শিশু চিকিৎসাধীন রয়েছে।

বিবাদীদের এসব কার্যক্রম সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, অবহেলা এবং আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুজিববর্ষ উদযাপনের নামে ৯৮২ কোটি টাকা খরচ করেছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


মুজিববর্ষ উদযাপনের নামে ৯৮২ কোটি টাকা খরচ করেছে: অর্থমন্ত্রী

আওয়ামী লীগের আমলে মুজিববর্ষ উদযাপনের জন্য রাষ্ট্রের ৯৮২ কোটি ৯১ লাখ ৮৪ হাজার টাকা খরচ করার তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আরও বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এতে শেখ মুজিবের ছবি ও বেদী তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানানো, এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরি করার কাজ অন্তর্ভুক্ত রয়েছে। উক্ত সব কার্যক্রমের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

মন্ত্রী তার জবাবের সঙ্গে এ সংক্রান্ত ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’র একটি কপিও সংসদে পেশ করেন। এসময় রাজনৈতিক বিবেচনায় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সরকার নিয়োগ দিচ্ছে না বলেও জানান অর্থমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটগ্রাম সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, তিন নারীকে ফেরত নিল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


পাটগ্রাম সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, তিন নারীকে ফেরত নিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইনের জন্য আনা তিন ভারতীয় নারীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শেষ পর্যন্ত নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে। এই ঘটনার পর সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি, সীমান্ত সূত্র এবং স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার রাতে আড়াইটার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া সীমান্তে প্রধান পিলার ৮৩৪-এর ১ নম্বর উপপিলারের বিপরীতে ভারতীয় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা, মেখলিগঞ্জ থানার গোলাপাড়া সীমান্তের কাছে বিএসএফ কাঁটাতারের বেড়া সংলগ্ন লাইট বন্ধ করে দেয়। এসময় পুশ-ইনের উদ্দেশ্যে আনা তিন ভারতীয় নারীকে শূন্যরেখার দিকে নিয়ে আসা হয়।

বিজিবি জানায়, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই তিন নারীকে পুনরায় শূন্যরেখায় ফিরিয়ে দেওয়া হয়। এরপর তারা প্রায় ২২ ঘণ্টা ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় অবস্থান করেন। শনিবার রাতে আড়াইটার দিকে বিএসএফ তাদের নিজ এলাকায় ফিরিয়ে নেয়।

ঘটনার পর বাংলাদেশ অংশে বিজিবি টহল কার্যক্রম আগের তুলনায় আরও বাড়িয়েছে। একইসাথে ভারতীয় অংশেও বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, শনিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৩৩-এর ৮ নম্বর উপপিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি টহল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের কমান্ড্যান্টসহ ছয়জন এবং বিজিবির ৬১ ব্যাটালিয়নের ধবলসূতি ক্যাম্পের নায়েব সুবেদার জুবায়ের হোসেনসহ ছয়জন অংশ নেন। বিজিবি ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) আসিস্ট্যান্ট ডিরেক্টর (এডি-অপস) কারিমুল ইসলাম তিন ভারতীয় নারীকে বিএসএফ ফেরত নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমিতির দুই কোটি টাকা নিয়ে পরিচালকের নিখোঁজের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


সমিতির দুই কোটি টাকা নিয়ে পরিচালকের নিখোঁজের অভিযোগ

যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের হরিণা গ্রামে প্রত্যয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ের সামনে শুক্রবার ক্ষুব্ধ গ্রাহকরা অবস্থান নেন। তাদের মধ্যে একজন রিনা বিশ্বাস জানান, ‘স্বামী-স্ত্রী মিলিয়ে শ্রমিকের কাজ করে অনেক কষ্টে ১২ লাখ টাকা জমিয়েছিলাম। ছেলেমেয়ের ভবিষ্যৎ এবং একটি ঘর নির্মাণের স্বপ্ন ছিল আমাদের। ১০ শতাংশ লাভের আশায় সেই টাকা আমানত রেখেছিলাম সমিতিতে। কিন্তু এখন জানতে পারলাম সমিতির পরিচালক উধাও। মনে হচ্ছে জীবনের সব পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে গেল।’

রিনা বিশ্বাসের মতো প্রায় ৪০০ গ্রাহক আমানত রেখেছিলেন ওই সমিতিতে। অভিযোগ করা হয়েছে যে, সম্প্রতি পরিচালক প্রভাসিন্ধু বিশ্বাস সেন্টু চার শতাধিক গ্রাহকের প্রায় দুই কোটি টাকা নিয়ে আত্মগোপন করেছেন।

এদিকে, ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকরা সমিতির কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন তারা।

এই পরিস্থিতিতে গ্রাহকদের চাপের মুখে সমিতির পরিচালকের পরিবারের সদস্য ও কর্মচারীরা কার্যত অবরুদ্ধ অবস্থায় পড়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ করছেন, সমিতিটি দীর্ঘদিন ধরে ১০ থেকে ১২ শতাংশ লাভের আশায় সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আমানত ও সঞ্চয় সংগ্রহ করে আসছিল। গত ৪ জুলাই তারা জানতে পারেন, পরিচালক প্রভাসিন্ধু বিশ্বাস সেন্টু সমিতির বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছেন। এরপর থেকেই কার্যালয়ে তালা ঝুলছে এবং পরিচালক কিংবা দায়িত্বশীল কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

গত শুক্রবার (১০ জুলাই) সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় কার্যালয়ে তালা ঝুলছে। গ্রাহক দাবি করা কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, পরিচালক উধাও হয়ে যাওয়ার ফলে তারা নিজেদের আমানতের টাকা ফেরত পাবেন কি না, সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

প্রভাতী বিশ্বাস নামের একজন জানান, ‘আমি ১০ শতাংশ লাভের আশায় এককালীন আট লাখ ২০ হাজার টাকা জমা রেখেছিলাম। কিন্তু টাকা ফেরত চেয়েও নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়েছে।’ অন্যদিকে, সাবিত্রী বিশ্বাস বলেন, ‘মেয়ের বিয়ের জন্য দুই লাখ টাকা জমা রেখেছিলাম। এখন সেই টাকাই নেই। মেয়ের বিয়ে কীভাবে দেব, কিছুই বুঝতে পারছি না।’

সমিতির হিসাবরক্ষক মধুসূদন মণ্ডল বলেন, ‘পরিচালক সেন্টু শার্শায় চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ হয়নি। গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে আমার কাছেই জবাব চাইছেন, কিন্তু আমি জানি না সেন্টুর অবস্থা কী।’ স্থানীয় ইউপি সদস্য দীপক কুমার রায় বলেন, ‘আমি অনেককেই ওই সমিতিতে টাকা জমা রাখতে নিষেধ করেছিলাম। তবে বেশি লাভের আশায় অনেকেই আমার কথা শোনেনি। এখন তারা সর্বস্ব হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে। সাধারণ মানুষকে সচেতন হতে হবে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দূর্বাডাঙ্গা ইউনিয়নের প্রশাসক মো. আলমগীর হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তাব করব।’ উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, ‘গ্রাহকরা আমাদের কাছে এসেছেন। তবে সমিতির সবশেষ অডিট প্রতিবেদনে অভিযোগকারী অনেক গ্রাহকের নাম পাওয়া যায়নি। বিষয়টি জেলা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে তথ্য সংগ্রহ ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহির দায়ান আমিন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিষয়টির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে অনিয়ম বা অর্থ আত্মসাতের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


জাতীয় সংসদের অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%