মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৩০ পি.এম
জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, রাষ্ট্রপক্ষ তার মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরুর পূর্বে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। নিরাপত্তা শঙ্কার কারণে আসামি জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত রাখা হয়েছে।
এর আগে ২২ নভেম্বর, তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র এবং ভিডিও উপস্থাপন করেন এই সাক্ষী। এর আগে ১৯ নভেম্বর, মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্মাণের মাত্র তিন মাসের মধ্যে একটি নতুন ড্রেনের বেশ কয়েকটি স্ল্যাব ভেঙে পড়েছে। উপজেলার কুমিল্লা-মিরপুর সড়কের দক্ষিণ বাজার কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন ব্যস্ততম সড়কের ড্রেনের অন্তত কয়েকটি স্ল্যাব ভেঙে যাওয়ার ফলে পথচারী ও যানবাহন চালকদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, এই ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন এবং সাধারণ মানুষ চলাচল করে। আশপাশের বেশ কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও নিয়মিত এই পথ ব্যবহার করেন। প্রায় তিন মাস আগে সড়কটির সিসি ঢালাই ও পাশের ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়। কিন্তু কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় কবরস্থানের পাশে ড্রেনের স্ল্যাবগুলো ভেঙে ভেতরে ঢুকে যায়। ভাঙা অংশগুলো উন্মুক্ত থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত যাতায়াতকারী গাজী মোস্তফা কামাল ক্ষোভ প্রকাশ করে বলেন, "মাত্র তিন মাস আগে লাখ লাখ টাকা ব্যয়ে এই সড়ক ও ড্রেনের কাজ করা হয়েছে। কিন্তু তদারকি ও জবাবদিহির অভাবে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। ফলে তিন মাস না যেতেই স্ল্যাবগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে।"
পথচারী মিজানুর রহমান জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন বহু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। ড্রেনের দুই অংশের স্ল্যাব ভেঙে যাওয়ার কারণে তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি দ্রুত সংস্কার করা জরুরি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, "ড্রেনের ওপরের স্ল্যাব ভেঙে যাওয়ার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে দ্রুত এগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন লাগানোর একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে হস্তান্তর করে। ঘটনার সময় তার সঙ্গে আরও দুজন উপস্থিত ছিল, যারা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনাটি ঘটে সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে, উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে।
আটক ইমন কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের লুধুয়া গ্রামের মো. খোকার পুত্র।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অন্য একটি যুবক পাশের সড়ক থেকে এই ঘটনাটি ভিডিও ধারণ করছে। আগুন লাগানোর পর তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করে। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের কারণে আরো একজনের মৃত্যু ঘটেছে। এই প্রাদুর্ভাবের ফলে অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯-এ দাঁড়িয়েছে। অত্যন্ত সংক্রামক এই ভাইরাসজনিত রোগটি যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ সোমবার জানায়, মৃত ব্যক্তি সেন্টার কাউন্টির বাসিন্দা ছিলেন এবং তিনি হামের টিকা গ্রহণ করেননি। পরীক্ষায় তার শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, উইসকনসিন অঙ্গরাজ্যে হামের কারণে দুজনের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এ রোগে এক শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে দেশে হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে সংস্থাটি এসব মৃত্যুর ঘটনার স্থান উল্লেখ করেনি।
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মৃত্যুর হিসাবের মধ্যে এই পার্থক্য চলতি বছরের শুরুতে তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে স্বাস্থ্য সংস্থা তখন থেকে রাজ্যগুলোর দেওয়া তথ্যের পরিবর্তে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার করা শুরু করে।
পেনসিলভানিয়ায় নতুন মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ শোক প্রকাশ করেছে। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, ২০২৭ সালে হাম মোকাবিলার কার্যক্রমে সহায়তার জন্য সিডিসি অঙ্গরাজ্যটিকে এককালীন প্রায় ৪০ লাখ ডলার জরুরি তহবিল প্রদান করেছে।
১৯৯১ সালের পর সর্বোচ্চ সংক্রমণ
সিডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৯ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ৫ হাজার ৮৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর কোনো বছরে সংস্থাটি এত বেশি হাম আক্রান্তের তথ্য জানায়নি।
আক্রান্তদের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু ১৮ শতাংশ এবং ৫ থেকে ১৯ বছর বয়সিদের হার ৪১ শতাংশ।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত শনাক্ত হওয়া হাম রোগীর সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছর যুক্তরাষ্ট্রে মোট ২ হাজার ২৮৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
সাম্প্রতিক এই পরিসংখ্যান দেশটিতে হাম সংক্রমণের ব্যাপক বিস্তারের চিত্র তুলে ধরছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত উন্নত চিপের ওপর চীনের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক ও সহযোগিতায় কোনো প্রভাব ফেলবে না। কুয়ালালামপুর বেইজিংয়ের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আনোয়ার সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন, মালয়েশিয়া চীন বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষের দিকে ঝুঁকে নেই। তবে সাংস্কৃতিক ও আঞ্চলিক সম্পর্কের কারণে বেইজিংয়ের সঙ্গে কাজ করা তুলনামূলক সহজ। তিনি জানান, চীনের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বেইজিং কখনো উদ্বেগ প্রকাশ করেনি।
তিনি বলেন, ‘চীনের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রাখার অর্থ এই নয় যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বন্ধ করে দেব। চীনারাও বিষয়টি বুঝতে পারে। অনেকে মনে করেন, আমি কিছুটা চীনের দিকে ঝুঁকে পড়েছি। এটি সত্য নয়।’
প্রতিবেদন অনুযায়ী, আনোয়ারের সাক্ষাৎকারটি গত সপ্তাহে চীনের শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগেই নেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনা প্রতিষ্ঠানগুলোর এআই মডেল প্রশিক্ষণে উন্নত চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন রপ্তানি বিধিনিষেধ জারি করেছে। এর আওতায় মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে উন্নত চিপ সরবরাহের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। চীনা প্রতিষ্ঠানগুলো এসব দেশের মাধ্যমে কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ নিয়ে আসছিল।
আনোয়ার বলেন, মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান চীনে চিপ রপ্তানি করছে কি না, তা পর্যবেক্ষণ করবে। একইভাবে চীনা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও নজরদারিতে রাখা হবে, যাতে সেগুলো বেইজিংয়ের নির্ধারিত নিয়ম মেনে পরিচালিত হয়।
তিনি উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ওপর যদি শর্ত আরোপ করা হয় যে তারা চীনে চিপ রপ্তানি করতে পারবে না, তাহলে মালয়েশিয়া সেই শর্ত মেনে চলবে। কারণ, প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি রয়েছে, সেটি পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব।’
তবে আনোয়ার স্পষ্ট করেন যে, এ ধরনের বিধিনিষেধ চীনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে মালয়েশিয়ার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়াবে না। তাঁর মতে, মালয়েশিয়া চীনা বিনিয়োগ এবং চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।
সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখতে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও অর্থায়ন নেওয়ার পরিকল্পনার কথা জানান আনোয়ার। তিনি বলেন, যেসব বিনিয়োগকারী সরবরাহব্যবস্থা সুরক্ষায় সরকারের সহায়তা চাইবেন, তাঁদের সে অনুযায়ী অর্থ দিতে হবে। ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে মালয়েশিয়া এখন আরও দক্ষ হয়ে উঠছে। তথ্যসূত্র: রয়টার্স, সাউথ চায়না মর্নিং পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ