ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

প্রেমিককে বিয়ে করতে এক বছর পেছনে লেগেছিলেন রাশমিকা


প্রেমিককে বিয়ে করতে এক বছর পেছনে লেগেছিলেন রাশমিকা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর, তারা প্রথমবারের মতো একসঙ্গে তাদের নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রণবলী’ সিনেমাটি পূজায় মুক্তি পেয়েছে।

বর্তমানে এই সিনেমা নিয়েই তাদের ব্যস্ততা চলছে। সিনেমাটি তেলুগু, তামিল, হিন্দি, মালায়ালাম ও কন্নড় ভাষায় শুক্রবার (১৬ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সম্প্রতি, পরিচালক ও সঞ্চালক করণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ ৯’-এর নতুন পর্বের ট্রেলারে তাদের দেখা গেছে। সেই অনুষ্ঠানে খোলামেলা কথোপকথনে অংশগ্রহণ করেন সদ্য বিবাহিত এই তারকা দম্পতি।

আরও পড়ুন: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর, তাদের প্রেমের গল্প নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ আরও বেড়ে গেছে। তাদের বিয়ের আয়োজনে তেলুগু ও কোডাভা— দুই ঐতিহ্যের ছাপ ছিল। তবে প্রেমের গল্পে কে কাকে আগে মনের কথা জানিয়েছিলেন, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আর বিয়ের প্রস্তাবের প্রসঙ্গ উঠলে তো কথাই নেই!

এবার নিজেদের প্রেম ও বিয়ের গল্প বলতে গিয়ে মজার এক তথ্য ফাঁস করেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। তিনি জানিয়েছেন, বিজয় দেবেরাকোন্ডার কাছ থেকে বিয়ের প্রস্তাবের জন্য তিনি অপেক্ষা করেননি। বরং, তিনি একটানা এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছেন।

ট্রেলারে আরও দেখা যায়, পরিচালক করণ জোহর এ তারকা দম্পতিকে তাদের সম্পর্কের গল্প নিয়ে প্রশ্ন করেন। বিজয়কে জিজ্ঞাসা করেন, তিনি কি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? উত্তরে রাশমিকা মাথা নেড়ে সম্মতি না জানালে বিজয় বলেন— ‘ও-ই বলেছিল, চলো বিয়ে করি।’

এরপর মজার ছলে অভিনেতা বলেন, ‘তুমি আমাকে প্রায় ১০০ বার জিজ্ঞেস করেছ।’ করণ তখন রাশমিকার দিকে ফিরে জানতে চান, সত্যিই কি তিনি বিজয়কে এতবার বিয়ের কথা বলেছিলেন?

আরও পড়ুন: মেঘনা আলমের খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ

মুচকি হেসে রাশমিকা বলেন, ‘আমি তো পুরো এক বছর ধরেই ওকে বলেছি।’ তার এই স্বীকারোক্তিতে অবাক হয়ে যান সঞ্চালক করণ জোহর।

পরিস্থিতি সামাল দিতে বিজয় বলেন, ‘আমি তো আর খারাপ মানুষ নই!’ এ তারকা দম্পতির এমন খুনসুটিতে ট্রেলারজুড়ে উঠে এসেছে তাদের ব্যক্তিগত জীবনের মজার সব ঘটনা।

উল্লেখ্য, ২০১৮ সালে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার পরিচয় ঘটে তেলুগু রোমান্টিক সিনেমা ‘গীতা গোবিন্দম’-এর মাধ্যমে। পরের বছর ‘ডিয়ার কমরেড’ সিনেমাতেও তারা একসঙ্গে অভিনয় করেন। সেই সময় পর্দায় তাদের রসায়ন দেখে বাস্তব জীবনেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে নিজেদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন তারা মুখ খোলেননি।

আরও পড়ুন: দ্বিতীয় কন্যার নাম প্রকাশ করলেন দীপিকা ও রণবীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও বৈঠকে অংশগ্রহণ করেন।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বৈঠকে উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিতে তার দেশ আগ্রহী। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় উন্নীত হচ্ছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিক সফরও হয়েছে।

হাইকমিশনার এ সময় ‘নলেজ করিডোর’ প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। এছাড়া, বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক পাকিস্তান সফরের বিষয়েও আলোচনা হয়। সফরকালে প্রতিনিধিদলটি পাকিস্তানের উন্নত শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে এবং এতে সন্তোষ প্রকাশ করেছে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় যৌথ সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন বৈঠকে অংশগ্রহণকারীরা।

বৈঠকটি আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারাক ওবামা ইলহান ওমরের পাশে দাঁড়িয়ে বিচার বিভাগের তদন্তকে ভয়ংকর বললেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


বারাক ওবামা ইলহান ওমরের পাশে দাঁড়িয়ে বিচার বিভাগের তদন্তকে ভয়ংকর বললেন

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরের বিরুদ্ধে বিচার বিভাগের তদন্তকে ভয়ংকর বলে অভিহিত করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

স্থানীয় সময় রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই মন্তব্য করেন।

বারাক ওবামা উল্লেখ করেন, সরকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম কঠোর সমালোচককে ভয় দেখানোর এবং দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে।

ওবামা তার পোস্টে লিখেছেন, ‘আইন মেনে চলা একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর ফেডারেল সরকারের পুরো শক্তি প্রয়োগ করা হচ্ছে। কারণ তিনি প্রেসিডেন্টের সমালোচনা করার সাহস দেখিয়েছেন।’

সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, মিনেসোটার ডেমোক্র্যাটিক দলের এই আইনপ্রণেতার ওয়াশিংটন ডিসির বাড়িতে সাম্প্রতিক তল্লাশির উদ্দেশ্য ছিল ‘২০ বছর আগের এমন কোনো কাল্পনিক অপরাধের প্রমাণ খোঁজা, যা দিয়ে তাদের মামলাটিকে জোরালো করা যায়।’

সিএনএনের পূর্ববর্তী প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, এই তল্লাশিটি অভিবাসন সংক্রান্ত জালিয়াতির একটি তদন্তের অংশ ছিল। এতে খতিয়ে দেখা হচ্ছিল, ২০০০ সালে ইলহান ওমর যখন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান, তখন তার বাবা তার বয়স নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন কি না।

ইলহান ওমর এই তদন্তের ভিত্তিকেই চ্যালেঞ্জ করেছেন। তিনি জানান, ১৯৯৫ সালে সোমালিয়া থেকে পালিয়ে আসার পর, ২০০০ সালে তিনি আইনত যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছিলেন।

ওবামা তার পোস্টে আরো বলেন, ‘কোনো প্রেসিডেন্ট বা কোনো প্রশাসন যে কাউকে ভয় দেখানোর জন্য এমন প্রকাশ্য পদক্ষেপ নিতে পারে—এটি সব আমেরিকানের জন্যই ক্ষোভের বিষয় হওয়া উচিত; কংগ্রেস সদস্য ওমরের রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে কারও ব্যক্তিগত মতামত যা-ই হোক না কেন। কারণ, যদি এটিই নতুন স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়ায়, তবে মনে করার কোনো কারণ নেই যে এটি কেবল ওমরের ক্ষেত্রেই থেমে থাকবে অথবা ভবিষ্যতে অন্য কোনো দলের প্রেসিডেন্টও একই কাজ করবেন না।’

যদিও সরকার এখন পর্যন্ত ওমরের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি, তবে ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছিলেন, তিনি চান ওমরকে সোমালিয়ায় ফেরত পাঠানো হোক।

ওমরের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি এবং বিচার বিভাগও তার বিরুদ্ধে কোনো প্রমাণ প্রকাশ করেনি। ওমর গত সপ্তাহের এই তল্লাশির বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন এবং ফেডারেল এজেন্টদের দ্বারা জব্দ করা তার ব্যক্তিগত সম্পত্তি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

গত সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, এই তল্লাশির সঙ্গে ‘আমার কোনো সম্পর্ক নেই।’

তিনি বলেন, ‘আমার মতে তিনি একজন অত্যন্ত খারাপ মানুষ। তবে এটি পুরোপুরি বিচার বিভাগের বিষয়। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

ওবামার পাশাপাশি আরও অনেক বিশিষ্ট ডেমোক্র্যাট নেতাও ওমরের পক্ষে দাঁড়িয়েছেন। হাউস ডেমোক্র্যাটিক নেতারা এই তল্লাশিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোকসজ্জা, নান্দনিক সাজসজ্জা আর ব্যতিক্রমী গণেশ মূর্তি-বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে দেবালয় পূজামণ্ডপ

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক। বাকেরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


আলোকসজ্জা, নান্দনিক সাজসজ্জা আর ব্যতিক্রমী গণেশ মূর্তি-বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে দেবালয় পূজামণ্ডপ

বরিশালের বাকেরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দৃষ্টিনন্দন সাজসজ্জায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেবালয় পূজামণ্ডপ। নান্দনিক আলোকসজ্জা, মন্দিরের প্রবেশপথের মনোমুগ্ধকর আলোকচিত্রের সৌন্দর্য এবং মন্দিরের পাশে পুকুরের পানিতে ভাসমান ব্যতিক্রমী গণেশ মূর্তি ঘিরে মণ্ডপটিতে দর্শনার্থীদের আগ্রহ তৈরি হয়েছে।

মন্দিরের মূল প্রবেশপথে করা হয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন সাজসজ্জা। আলো আর নান্দনিকতার সমন্বয়ে প্রবেশপথটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আপ্যায়নের ব্যবস্থাও। এতে উৎসবে আগত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ বছরের পূজায় মণ্ডপটির অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে মন্দিরের পাশের পুকুরে স্থাপিত গণেশ মূর্তি। পুকুরের পানির উপর ভাসমান এই মূর্তি স্থাপনের ফলে পূজামণ্ডপের সৌন্দর্যে ভিন্নমাত্রা যোগ করেছে। ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে কৌতূহলও রয়েছে।

দুর্গোৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে মন্দির কমিটির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপের সাজসজ্জা, দর্শনার্থীদের আপ্যায়ন এবং সার্বিক আয়োজনের মাধ্যমে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কমিটি। দেবালয় মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল দাসের নেতৃত্বে পূজার সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দেবালয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ দাস জানান, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি, আনন্দ ও মিলনমেলারও উৎসব। দেবালয় পূজামণ্ডপের নান্দনিক সাজসজ্জা ও ব্যতিক্রমী আয়োজন সেই উৎসবের সৌন্দর্যকে আরও বর্ণিল করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসায়ীদের ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে চার গুণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


ব্যবসায়ীদের ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে চার গুণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

মাধবদীর ব্যবসায়ীরা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ব্যবসায় মন্দা, ক্রেতাসংকট ও বিভিন্ন খরচের চাপে ইতিমধ্যেই দিশেহারা অবস্থায় রয়েছেন। এর মধ্যে সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের মালিকানাধীন মার্কেটের দোকানভাড়া এক লাফে চার গুণ বাড়ানোর অভিযোগ উঠেছে। এই আকস্মিক ভাড়া বৃদ্ধির ফলে মার্কেটের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তাদের মতে, চলমান সংকটের মধ্যে এই সিদ্ধান্ত ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, সোনার বাংলা কটন মিলসের সভাপতি স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বর্ধিত ভাড়া পরিশোধের জন্য ৭ দিনের সময়সীমা নির্ধারণ করে নোটিশ জারি করেছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে বর্ধিত ভাড়া পরিশোধে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, সোনার বাংলা সমবায় কটন মিলসের অধীনে মাধবদীতে প্রায় এক হাজার দোকান বা ভিটি রয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা সেখানে দোকান পরিচালনা করে আসছেন। তবে গত আগস্টে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের পর দোকানভাড়া একলাফে চার গুণ বৃদ্ধি পাওয়ার সিদ্ধান্ত তাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করেছে। নতুন ভাড়া কার্যকর হলে অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর পক্ষে দোকান চালু রাখা কঠিন হয়ে পড়বে এবং কেউ কেউ ব্যবসা গুটিয়ে নেওয়ার আশঙ্কা করছেন।

বর্তমান বাজার পরিস্থিতিতে ব্যবসায়ীরা বলছেন, বিক্রিবাট্টা আগের মতো নেই। দোকানভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, পণ্য পরিবহন ও অন্যান্য পরিচালন ব্যয় মেটাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় একলাফে চার গুণ ভাড়া বাড়ানো হলে ব্যবসার আয়-ব্যয়ের হিসাব মেলানো সম্ভব হবে না।

তাদের প্রশ্ন, ব্যবসার পরিবেশ ও আয়-ব্যয়ের বাস্তবতা বিবেচনা না করে কিভাবে এত বড় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো? ভাড়া বৃদ্ধির আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

ব্যবসায়ীরা মনে করেন, দোকান ভাড়া বাড়ানোর ক্ষেত্রে যৌক্তিক ভিত্তি থাকা প্রয়োজন। বর্তমান বাজারের অবস্থা, দোকানের আয়তন, অবস্থান এবং ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করা উচিত। হঠাৎ করে কয়েক গুণ ভাড়া বাড়িয়ে দিলে শুধু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবেন না, এর প্রভাব মার্কেটের সামগ্রিক ব্যবসায়িক পরিবেশেও পড়তে পারে। অতিরিক্ত ভাড়া বহন করতে না পেরে অনেক ব্যবসায়ী দোকান ছেড়ে দিতে বাধ্য হতে পারেন। এতে মার্কেটের দোকান খালি পড়ে থাকা, ব্যবসায়িক কার্যক্রম সংকুচিত হওয়া এবং ক্রেতাদের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সোনার বাংলা মার্কেটের ব্যবসায়ীরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, মার্কেট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সহনীয় ও যৌক্তিক ভাড়া নির্ধারণ করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানিয়েছেন, ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত (১৪২৯-১৪৩২) তার দোকানের ভাড়া ছিল ১০ হাজার টাকা। গত আগস্টে এমপি সাহেব সভাপতি হয়ে চলতি মাসের ১৩ তারিখে এক লাফে সেটি ৪০ হাজার টাকা নির্ধারণ করেছেন। বর্ধিত ভাড়া ৭ দিনের মধ্যে (পত্রপ্রাপ্তির) না দিতে পারলে দোকান খালি করার ব্যবস্থা নেওয়ার লিখিত হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে আত্মহত্যা ছাড়া তাদের কোনো পথ নেই।

সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেড সূত্রে জানা গেছে, ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিটি ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী গত ১২-১৫ জুলাই মনোনয়নপত্র বিতরণ করা হয়। ৮টি পদের বিপরীতে ১৪টি মনোনয়নপত্র বিক্রি হলেও, খায়রুল কবির খোকনের নির্দেশে ৬টি মনোনয়ন দাখিল হয়। নির্বাচনী বিধি অনুযায়ী দাখিলকৃতদের বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এর মধ্যে খায়রুল কবির খোকন সভাপতি নির্বাচিত হন।

সোনার বাংলা সমবায় কটন মিলসের সভাপতি খায়রুল কবির খোকন নোটিশে উল্লেখ করেছেন, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সমিতির দোকান ভাড়া নির্ধারণের নিমিত্তে বর্তমান ব্যবস্থাপনা কমিটির গত ১৩ সেপ্টেম্বরের সভায় দোকান সঠিকতা যাচাই বাছাই করার জন্য ৫ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির তদন্ত প্রতিবেদন, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালকের নির্দেশনা ও ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক দোকান ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সভায় সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে। এটি কারো একক সিদ্ধান্ত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%