ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

এআই নিষিদ্ধের পর স্কুলে গুগলের অনুসন্ধান সেবা বন্ধের হুঁশিয়ারি


এআই নিষিদ্ধের পর স্কুলে গুগলের অনুসন্ধান সেবা বন্ধের হুঁশিয়ারি

গুগল জানিয়েছে, যেসব স্কুল বা বিদ্যালয়ে এআই-এর ব্যবহার নিষিদ্ধ করা হবে, সেসব প্রতিষ্ঠানে অনুসন্ধান সেবা বন্ধের হুঁশিয়ারি তারা দিয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং শিশু অধিকারকর্মীরা প্রতিষ্ঠানটির এই অবস্থানের সমালোচনা করেছেন।

মামদানি মন্তব্য করেন, "কীভাবে শিশুদের শিক্ষা দেওয়া হবে, তা নির্ধারণের ক্ষমতা কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের থাকা উচিত নয়।" তিনি আরও বলেন, "সরকারি বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত হয়, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোর জন্য নয়।"

গুগলের এক মুখপাত্র মামদানির বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন: রজার্সের কৌশল ব্যর্থ, ৬০ শতাংশ ইহুদি ভোট এল-সায়েদের পক্ষে

গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১৫ কোটি শিক্ষার্থী ও শিক্ষক প্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাসেবা ব্যবহার করছেন। অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে দেওয়া ক্রোমবুক কম্পিউটারও ব্যবহার করে।

গত আগস্টে বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য জেমিনি চ্যাটবট চালু করায় গুগল সমালোচনার মুখে পড়ে। এর আগে ১৮ বছরের কম বয়সীদের জন্য এই সেবা চালুর অনুমতি ছিল না।

এরপর সেপ্টেম্বরে নিউইয়র্কের সরকারি বিদ্যালয়গুলোতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য কমিশনের সাবেক প্রধান লিনা খান বলেন, গুগল ইন্টারনেট অনুসন্ধান সেবায় নিজেদের প্রভাব কাজে লাগানোর চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, "একটি অনিয়ন্ত্রিত একচেটিয়া প্রতিষ্ঠানের হাতে গুরুত্বপূর্ণ সেবা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।"

আরও পড়ুন: শি জিনপিংয়ের শক্তি বৃদ্ধি: কৌশল ও রাজনৈতিক পরিবর্তন বিশ্লেষণ

শিশু অধিকারবিষয়ক সংগঠন ফেয়ারপ্লের নির্বাহী পরিচালক জশ গোলিন বলেন, বিদ্যালয়গুলোকে নিজেদের এআই পণ্য ব্যবহারে চাপ দেওয়ার চেষ্টা গুগলের জন্য ক্ষতির কারণ হতে পারে। তার অভিযোগ, বিদ্যালয়ে গুগলের প্রযুক্তি ব্যবহারের পেছনে শিক্ষার চেয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি ব্র্যান্ডের প্রতি আনুগত্য তৈরির উদ্দেশ্য বেশি কাজ করছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শিক্ষক ফেডারেশনের সভাপতি র‍্যান্ডি ওয়েইনগার্টেন অভিযোগ করেন, গুগল শিক্ষার চেয়ে নিজেদের ব্যবসায়িক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে।

সূত্র: সিবিএস নিউজ

আরও পড়ুন: ভিয়েতনাম কি জিডিপিতে ইন্দোনেশিয়ার পর থাইল্যান্ডকেও ছাড়িয়ে যাবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের সকল বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা প্রদান করেছে।

আজ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এই তথ্য উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯’ অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা আবশ্যক।

বিশেষ কোনো ক্ষেত্র ব্যতীত, এই আদেশটি শুধুমাত্র প্রবিধি-৪ এ বর্ণিত ব্যবস্থাপনা কমিটির জন্য প্রযোজ্য হবে।

এ লক্ষ্যে, প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে বোর্ডের পূর্ববর্তী নির্দেশনাসমূহের অনুসরণ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দেওয়ার পরিকল্পনা করছে।

এই অর্থের মাধ্যমে ৫০টির বেশি আধুনিক বর্জ্যবাহী যান এবং ল্যান্ডফিল পরিচালনার যন্ত্রপাতি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নগরে নির্মাণ করা হবে একটি আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল।

বুধবার (৪ নভেম্বর) নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে জাইকার প্রতিনিধিদলের বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উল্লেখ করা হয়, প্রস্তাবিত অনুদান প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) অনুমোদন জাপান সরকার প্রদান করেছে। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরে জাইকার সদর দপ্তর থেকে একটি বিশেষজ্ঞ দল চট্টগ্রামে আসবে। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণের ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়, যাতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়।

চসিকের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ফতেয়াবাদ নন্দীরহাট এলাকায় নতুন ল্যান্ডফিল নির্মাণের জন্য ইতিমধ্যে ২৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি প্লটে ১৮ একর এবং পাশের আরেকটি প্লটে ১০ একর জমি রয়েছে।

জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিদেকি ওসাওয়া জানান, নতুন স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত প্রস্তুতের লক্ষ্যে নকশা ও প্রাক্কলন (বিওকিউ) তৈরিতে জাইকার কারিগরি সহায়তা দলের বিশেষজ্ঞরা চসিকের সঙ্গে কাজ করছেন।

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন জাইকার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সম্ভাব্যতা যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে চসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

নতুন ল্যান্ডফিল নির্মাণের পাশাপাশি বিদ্যমান ল্যান্ডফিল সাইটগুলোর ব্যবস্থাপনা ও উন্নয়নেও জাইকার কারিগরি সহযোগিতা চান তিনি।

তিনি আরও বলেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান, জাইকা বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুল্লাহ বিন হোসেন এবং জাইকার বিশেষজ্ঞ দলের সদস্য তাকাতোশি আরাই, হিরোফুমি মিয়োশি, সাতোশি হিগাশিনাকাগাওয়া ও প্রকৌশলী গোলাম সারওয়ার।

প্রস্তাবিত অনুদান ও কারিগরি সহযোগিতা বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরের বর্জ্য সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে বলে আশা করছে চসিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালায় বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, প্রধান অতিথি মেধা বিকাশের গুরুত্ব তুলে ধরেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


তালায় বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, প্রধান অতিথি মেধা বিকাশের গুরুত্ব তুলে ধরেন

সাতক্ষীরার তালায় শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখা। এই উদ্যোগের উদ্দেশ্য হলো মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টায় তালা সদর ইউনিয়নের জে এন এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মো. রেজাউল ইসলাম রেজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী আকঞ্জি।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, অর্থ সম্পাদক একরামুল ইসলাম, আইন ও তথ্য বিষয়ক সম্পাদক ইকুব্বার বিশ্বাস, কার্যনির্বাহী সম্পাদক অর্ক মজুমদার ও সদস্য মুজাহিদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল ইসলাম রেজা বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সাধারণ জ্ঞান, নৈতিক শিক্ষা ও সৃজনশীল চিন্তাভাবনার চর্চাও করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

সভাপতির বক্তব্যে সহকারী শিক্ষক জুলফিকার আলী আকঞ্জি বলেন, "শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কুইজ প্রতিযোগিতা একটি চমৎকার উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।"

বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত বলেন, "তরুণ প্রজন্মকে জ্ঞাননির্ভর, মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই বসুন্ধরা শুভসংঘের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে বই পড়া, সাধারণ জ্ঞান চর্চা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।"

কুইজ প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে ইব্রাহিম, দ্বিতীয় স্থান অর্জন করে জিহাদ এবং তৃতীয় স্থান অর্জন করে বর্ষা। বিজয়ীদের অভিনন্দন জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও আয়োজকরা।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলবে এবং তাদের ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে তিনটি জাহাজ চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


কাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে তিনটি জাহাজ চলাচল শুরু

দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে কক্সবাজারের নুনিয়ারছড়া-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজের চলাচল শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই নৌপথের জন্য তিনটি জাহাজের সময়সূচি ও রুট পারমিট অনুমোদন করেছে। অনুমোদিত জাহাজ তিনটি হলো এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও এমভি টেকনাফ।

বুধবার (৪ নভেম্বর) বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক শাখা থেকে পৃথক আদেশে এসব জাহাজের সময়সূচি অনুমোদন করা হয়। এই অনুমোদন আগামী ৫ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী, মেসার্স কর্ণফুলী শিপ বিল্ডার্সের এমভি কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে সেন্টমার্টিন পৌঁছাবে। ফিরতি পথে, দুপুর ২টা ১৫ মিনিটে সেন্টমার্টিন থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কক্সবাজারে ফিরে আসবে।

একই প্রতিষ্ঠানের এমভি বার আউলিয়া দুপুর ১টায় নুনিয়ারছড়া থেকে ছেড়ে বিকেল সাড়ে ৩টায় সেন্টমার্টিন পৌঁছাবে। ফিরতি যাত্রার সময়সূচি হবে বিকেল ৪টা ৩০ মিনিটে সেন্টমার্টিন থেকে ছেড়ে রাত ৭টায় কক্সবাজারে পৌঁছানো।

অন্যদিকে, মেসার্স পারাপার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এমভি টেকনাফ সকাল ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে বিকেল ৩টা ৩০ মিনিটে সেন্টমার্টিন পৌঁছাবে। ফিরতি যাত্রার সময়সূচি সংশ্লিষ্ট আদেশে নির্ধারণ করা হয়েছে।

বিআইডব্লিউটিএর আদেশে উল্লেখ করা হয়েছে, তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ৩ হাজার ৫০০ জনের কম হওয়ায়, আপাতত প্রতিটি জাহাজ সার্ভে সনদে নির্ধারিত ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন করতে পারবে। তবে পরবর্তী সময়ে অন্য কোনো অপারেটর জাহাজ পরিচালনার আবেদন করলে, সব জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা ৩ হাজার ৫০০ অতিক্রম করলে আনুপাতিক হারে যাত্রীসংখ্যা পুনর্নির্ধারণ করা হবে।

যাত্রীদের ভোগান্তি এড়াতে, কোনো জাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে চলাচলে অক্ষম হলে সংশ্লিষ্ট কোম্পানি একবারে ১৫ দিনের বেশি ট্রাভেল পাস বিক্রি বা ইস্যু করতে পারবে না। কোনো জাহাজ চলাচল বন্ধ থাকলে, অন্য অপারেটররা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মোট ৩ হাজার ৫০০ যাত্রীর সীমা বজায় রেখে যাত্রী পরিবহন করতে পারবেন।

নৌযান পরিচালনার ক্ষেত্রে আবহাওয়া ও নিরাপত্তার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেবল অনুকূল ও শান্ত আবহাওয়ায় জাহাজ চলাচল করতে পারবে। সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর বা তার বেশি সতর্কসংকেত জারি হলে, অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকলে, জাহাজ চলাচল বন্ধ রাখতে হবে। প্রতিটি জাহাজে নৌপরিবহন অধিদপ্তরের লাইসেন্স অনুযায়ী পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করা যাবে না। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকতে হবে। কিউআর কোডবিহীন টিকিট নকল হিসেবে গণ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকরা সেন্টমার্টিনে রাত্রিযাপন করতে পারবেন। তবে সরকার পরবর্তী সময়ে কোনো নতুন নির্দেশনা জারি করলে তা অনুসরণ করতে হবে। রাতে দ্বীপের সমুদ্রসৈকত ও সংলগ্ন এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও বেচাকেনাও নিষিদ্ধ থাকবে।

দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক-ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালের কোনো ধরনের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ অন্যান্য যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জাহাজ থেকে উড়ন্ত পাখিকে চিপস বা অন্য কোনো খাবার দেওয়াও যাবে না।

এ ছাড়া বন অধিদপ্তর নির্ধারিত মেরিন প্রটেক্টেড এরিয়ার কোর জোনে জাহাজ প্রবেশ করতে পারবে না। জাহাজে পর্যাপ্ত ডাস্টবিন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ঘাটে ভেড়ানোর সময় গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে জেটিতে জাহাজ ভেড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মিয়ানমার সীমান্তের চলমান উত্তেজনার কারণে সরকার কোনো বিধিনিষেধ আরোপ করলে তা মেনে চলতে হবে। পাশাপাশি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থার নির্দেশনা ও শর্ত পালন করতে হবে।

বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) সালমা আফরোজ স্বাক্ষরিত পৃথক আদেশে জাহাজগুলোর রুট পারমিট ও সময়সূচি অনুমোদন করা হয়।

এদিকে শীপওনার এসোসিয়শনের সভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর জানিয়েছেন, ১০০ যাত্রী হলে তারা আগামী কাল সেন্টমার্টিন যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%