০২:২১ পি.এম
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ তথ্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইয়ার্ড ম্যানেজার হতাহতের কথা স্বীকার করেছেন, তবে তার দাবি ইয়ার্ড বন্ধের দিনের কারণে গ্যাস লিকেজের খবর শুনে কৌতূহলী এলাকাবাসী যখন জাহাজের কাছে আসে, তখন কিছু লোক হতাহত হয়েছেন। তবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি ঠিক কতজন আহত হয়েছেন।
উপজেলার নির্বাহী অফিসারও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
আরও পড়ুন: দাউদকান্দিতে পুরোনো সেতুর চট্টগ্রামমুখী লেন জরুরি মেরামতের জন্য বন্ধ
জানা গেছে, ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে একটি জাহাজে গ্যাস লিকেজে অনেকেই হতাহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা কেউ জানাতে পারেননি।
জানতে চাইলে ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘আজ শুক্রবার ইয়ার্ড বন্ধ রয়েছে।
কিন্তু সকাল ৯টার সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়ে যায়। এ খবর পেয়ে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে আসে। এসময় জমে থাকা গ্যাসে কয়েকজনের মৃত্যু হয় ও কয়েকজন আহত হন’। তবে আহতদের সংখ্যা ও নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানিয়েছেন, পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। তবে তিনি নিশ্চিতভাবে এর বেশি বলতে পারছেন না। তদন্ত ছাড়া ঠিক কিভাবে এ ঘটনা ঘটেছে তা বলা যাবে না।
আরও পড়ুন: কাঠালিয়া থানার ওসির সঙ্গে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
ইয়ার্ডটির কর্মকর্তারা জানান, ঘটনার পর স্থানীয় শতাধিক বিক্ষুব্দ লোক ইয়ার্ডে গিয়ে ভাঙচুর করেছে। অনেক মালামাল লুট করে নিয়ে গেছে সুযোগ সন্ধানীরা।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন জানিয়েছেন, শিপইয়ার্ডে মরদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেছেন, ‘আমরা এখনো পর্যন্ত সাতজনের মৃত্যুর কথা শুনেছি। উদ্ধারকাজ চলছে এবং এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আমরা ধারণা করছি।’
আরও পড়ুন: নেত্রকোনার তিন উপজেলার মানুষ ৫০ বছর ধরে সেতুর অপেক্ষায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন