ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শ্রমিকদের বেতন বাড়ানোর পর বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান মুজিবুর রহমানের


শ্রমিকদের বেতন বাড়ানোর পর বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান মুজিবুর রহমানের

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মন্তব্য করেছেন, "যদি বাড়িওয়ালারা বর্ধিত বেতনের টাকা নিয়ে নেন, তাহলে শ্রমিকদের এত দিনের চিল্লাচিল্লি করে কী লাভ হলো?" শ্রমিকদের বেতন বাড়ানোর খবর শুনে বাড়িওয়ালারা বাড়িভাড়া বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যাচ্ছে।

তিনি বাড়িওয়ালাদের উদ্দেশে বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। যদি বাড়িভাড়া বাড়িয়ে শ্রমিকদের বর্ধিত বেতনের টাকা নিয়ে নেওয়া হয়, তাহলে তাদের জীবনমানের কোনো পরিবর্তন ঘটবে না। পোশাক কারখানা ও শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ হলে বাড়িওয়ালারা বাসা ভাড়া দেবেন কার কাছে? শিল্প, শ্রমিক ও দেশের স্বার্থে সকল বাড়িওয়ালার প্রতি বাসাভাড়া না বাড়ানোর আহ্বান জানান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ নজরদীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ে ছয়তলা ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ভূঞাপুরে যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার সাড়ে সাত বস্তা বিদেশি মদ

এ সময় শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকরা যেন সহজেই উন্নত মানের স্বাস্থ্যসেবা নিতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। পর্যায়ক্রমে সব উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে এসব উন্নয়নকাজ বাধাগ্রস্ত হতে পারে।

তিনি উল্লেখিত উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করতে প্রকৌশলী, দায়িত্বে থাকা ঠিকাদার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। বিদ্যালয়টি এমপিওভুক্ত করতে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আলোচনা সভা ও ভবন উদ্বোধন শেষে দোয়ার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর মহানগরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম সরকারের সভাপতিত্বে এবং কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবির সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাবেক সভাপতি রবিউল আলম রবি, গাজীপুর মহানগরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন: যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটের দুর্দান্ত সূচনা, সিলেটকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


রুয়েটের দুর্দান্ত সূচনা, সিলেটকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭ এ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ব্যাডমিন্টন দল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (সাস্ট) ২-১ ব্যবধানে পরাজিত করে তাদের যাত্রা শুরু করেছে। প্রথম ম্যাচে হারের পর, দলটি পরবর্তী ম্যাচে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে।

রুয়েট তাদের পরবর্তী ম্যাচে শনিবার (২৮ নভেম্বর) রাতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিরুদ্ধে প্রতিযোগিতা করবে।

সাস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচে রুয়েটের আহনাফ রশিদ রৌদ্র এককে অংশগ্রহণ করেন, কিন্তু তিনি সেই ম্যাচে পরাজিত হন। এরপর, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দ্বৈত বিভাগে আসিফ রেজা ও আহনাফ রশিদ রৌদ্র জুটি ২-১ ব্যবধানে জয়লাভ করে প্রতিযোগিতায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী ম্যাচেও তারা জয় নিশ্চিত করতে চায় এবং গ্রুপ পর্বে সফলতা অর্জনের জন্য প্রস্তুত।

রুয়েট দলের সদস্যদের মধ্যে রয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আসিফ রেজা, একই শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাফি, যন্ত্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের জুনায়েদ মুবিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহনাফ রশিদ রৌদ্র।

দলের ম্যানেজার হিসেবে রয়েছেন রুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী। কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রবিউল ইসলাম।

এ প্রতিযোগিতাটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শরীরচর্চা শিক্ষা দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এবং আয়োজক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট উপকমিটির অনুমোদিত নিয়ম অনুযায়ী খেলা পরিচালিত হচ্ছে।

প্রতিযোগিতাটি লিগ কাম নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে মোট আটটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হবে। দ্বিতীয় রাউন্ড থেকে প্রতিযোগিতা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচ একক, দ্বৈত ও একক এই তিনটি ম্যাচের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। যদি কোনো দল প্রথম দুটি ম্যাচে জয়লাভ করে, তবে তৃতীয় ম্যাচের প্রয়োজন হয় না। প্রতিটি ম্যাচে সর্বোচ্চ তিনটি গেমের মধ্যে দুই গেমে জয়ী দলকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিটি গেম ২১ পয়েন্টের এবং ডিউস হলে দুই পয়েন্টের ব্যবধানে গেমের নিষ্পত্তি হয়, তবে সর্বোচ্চ ৩০ পয়েন্ট পর্যন্ত খেলা চলে। প্রতিটি বিজয়ী দল পায় দুই পয়েন্ট এবং পরাজিত দল পায় শূন্য পয়েন্ট। সাস্টের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে পরবর্তী ম্যাচেও ভালো ফল অর্জনের প্রত্যাশা করছে রুয়েট দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূঞাপুরে যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার সাড়ে সাত বস্তা বিদেশি মদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


ভূঞাপুরে যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার সাড়ে সাত বস্তা বিদেশি মদ

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান রঞ্জু মন্ডলের বাড়ি থেকে পুলিশ সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে। এই ঘটনায় মদ বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গ্রামে ওই যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাগরপুর সদর উপজেলার ভাবনা গ্রামের রফিস উদ্দিনের ছেলে ও গাড়ির মালিক শামীম আহমেদ, দিনাজপুরের বিরল উপজেলার বেলতলী গ্রামের কলিম উদ্দিনের ছেলে গাড়িচালক নুর মোহাম্মদ ওরফে নুরু এবং ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও থানা যুবদলের সদস্য শামীম আল মাসুম। এ ঘটনায় জহুরুল নামে অপর এক চালক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সাদা প্রাইভেটকারে করে শামীম আল মাসুম রঞ্জু মন্ডলের বাড়িতে প্রায় সাড়ে সাত বস্তা বিদেশি মদের বোতল নিয়ে আসেন। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টি-টেবিলের নিচে অর্ধেক বস্তা মদের বোতল রাখা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশের এসআই রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন। এ সময় ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবিতে রসায়ন অলিম্পিয়াডে সেরা ১০, তাইওয়ানে যাবেন চারজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


জবিতে রসায়ন অলিম্পিয়াডে সেরা ১০, তাইওয়ানে যাবেন চারজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৩ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মেধাক্রম অনুযায়ী, তাদের মধ্যে সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চারজন আগামী বছর তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে (আইসিএইচও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

শনিবার (২৮ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ উদ্যোগে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চূড়ান্ত পর্বের ফলাফলে প্রথম স্থান অর্জন করেন নটরডেম কলেজের নাজির মাহমুদ। দ্বিতীয় স্থান অধিকার করেন গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজের রাফসান হাসান এবং তৃতীয় স্থানে রয়েছেন সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজের হিল্লোল রায়। চতুর্থ স্থানে আছেন আনন্দমোহন কলেজের ময়নুল তালুকদার, পঞ্চম স্থানে রাজউক উত্তরা মডেল কলেজের আহনাফ জারীফ, ষষ্ঠ স্থানে গভর্নমেন্ট আজিজুল হক কলেজের কৃত্তিকা চক্রবর্তী, সপ্তম স্থানে নটরডেম কলেজের তোকির মাহমুদ, অষ্টম স্থানে একই কলেজের অল ওয়াহিদ, নবম স্থানে গভর্নমেন্ট আজিজুল হক কলেজের আব্দুল্লাহ আল জারীফ এবং দশম স্থানে রয়েছেন সিলেট স্কলার্স হোমের দিব্য জ্যোতি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি মন্তব্য করেন, "শিক্ষার্থীদের মেধার যথাসময়ে মূল্যায়ন এবং তা বিকাশের সুযোগ নিশ্চিত করা জরুরি।" তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবা করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন, শিল্পায়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাপাচার রোধ করে তরুণদের মেধা ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। দেশের শিল্প ও উৎপাদনব্যবস্থা শক্তিশালী করতে মেধাবী শিক্ষার্থীদের দেশেই কাজের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি।

১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি উল্লেখ করেন, দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরির বিকল্প নেই। বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ইনোভেশন হাব প্রতিষ্ঠাসহ বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্ম ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে বাংলাদেশ রসায়ন সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এ উদ্যোগ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়াবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে বিভাগটি শিক্ষা ও বিজ্ঞানচর্চার উৎকর্ষের পরিচয় দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, নির্বাচিত বিজয়ীদের মধ্য থেকে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করবে বলে প্রত্যাশা করেন। তিনি মন্তব্য করেন, "রসায়নের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে দেশ, প্রকৃতি ও জীবনের প্রতি ভালোবাসা গড়ে ওঠে।" রসায়ন শুধু বিজ্ঞানের ভাষা নয়, এটি জীবনেরও ভাষা।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে কখনো প্রশ্ন করতে দ্বিধা করা যাবে না। কারণ, প্রশ্নই বিজ্ঞানের মূল ভিত্তি। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মানবকল্যাণে কাজে লাগাতে হবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সমাজের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ঢাকাসহ দেশের ১৪টি আঞ্চলিক কেন্দ্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্র থেকে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত মোট ২১৩ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশ নেন। চূড়ান্ত পর্বে নির্বাচিত সেরা ১০ শিক্ষার্থীর মধ্যে থেকে চারজন ২০২৭ সালের ১৯ থেকে ২৮ জুলাই তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ব্যবসায়ীদের মানববন্ধন: হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদ, সোর্স পরিচয়ধারীদের বিরুদ্ধে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

টঙ্গী প্রতিনিধি :মোঃ ফারুক হোসেন

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


টঙ্গীতে ব্যবসায়ীদের মানববন্ধন: হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদ, সোর্স পরিচয়ধারীদের বিরুদ্ধে ক্ষোভ

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ১ নম্বর বড়বাজারে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি ও ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কথিত ডিবি ও র‍্যাবের সোর্স পরিচয়দানকারী আনোয়ার ওরফে ঢুলী আনোয়ার এবং শান্ত'র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এরশাদনগর ১ নম্বর বড়বাজার মসজিদসংলগ্ন এলাকায় বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন এরশাদনগর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিরাজ মিয়া, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন মোল্লা, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাজার কমিটির উপদেষ্টা হাজী নুরুল হক, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রিপন, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম মোহাম্মদ, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চুরি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত একটি চক্রের সদস্যরা সাধারণ ব্যবসায়ীদের হয়রানি এবং পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে এরশাদনগর বড়বাজারের একটি দোকানে পুলিশ অভিযান চালিয়ে ভেতর থেকে একটি লোহার চাপাতি উদ্ধার করে। তবে স্থানীয় কয়েকজনের দাবি, দোকানের ভেতরে আগে থেকে কোনো চাপাতি ছিল না। তাঁদের অভিযোগ, আনোয়ার ও শান্ত বাইরে থেকে চাপাতিটি এনে দোকানটির মালিক নুরুল হককে ফাঁসানোর চেষ্টা করেন।এ ঘটনায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে ডিবি পুলিশ আনোয়ার ও শাকিলকে আটক করে। পরে তাঁদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে চাপাতি উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ন জানান যেহেতু পুরাতন একটি লোহার টুকরো সেহেতু সেটি জব্দ তালিকা করা হয়নি। মানববন্ধন থেকে ব্যবসায়ীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%