০২:২৩ পি.এম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার মি. ডেরেক লোহ, যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন।
এ বৈঠকটি মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রগতি, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তরের জামায়াতের আমির হিসেবে সেলিম উদ্দিন পুনর্নির্বাচিত
বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা সৃষ্টির আশাবাদও ব্যক্ত করেন।
সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং এবং সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা ডিরেক্টরেটের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান।
অন্যদিকে, বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
আরও পড়ুন: বৈদ্যুতিক গাড়িতেই আগামীর যাত্রা: বাজার বৃদ্ধি, ট্যাক্স নীতি ইতিবাচক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন