হুমায়ুন কবির,বানারীপাড়া প্রতিনিধি
০৮:৫৭ পি.এম
বরিশালের বানারীপাড়ায় সৈয়দ বজলুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল আমিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের পর্নোগ্রাফিক ভিডিও প্রদর্শন, অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতি ও নারী সহকর্মীকে যৌন হয়রানিসহ একাধিক গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেছে।
অভিযোগের সূত্রে জানা যায়, সহকারী অধ্যাপক মোঃ আল আমিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের পর্নোগ্রাফিক ভিডিও দেখানোর, বিভিন্ন কাজের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করার, কলেজের অর্থ আত্মসাৎ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন টিমের স্বাক্ষর জালিয়াতি এবং নারী সহকর্মীকে যৌন হয়রানি করার অভিযোগ আনা হয়। এই অভিযোগের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে, যার মধ্যে আঞ্চলিক পরিচালকসহ তিন সদস্য ছিলেন। তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে এবং অভিযোগের সত্যতা পাওয়ার পর তদন্ত প্রতিবেদন দাখিল করে।
পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিষয়টি অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিও তদন্ত শেষে মোঃ আল আমিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
দুটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সৈয়দ বজলুল হক কলেজের গভর্নিং বডি মোঃ আল আমিনকে চূড়ান্তভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন গ্রহণ করে। পরে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়।
এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় তার চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনার পর কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ‘ক্ষেত্র বিশেষ বিতরণ প্রক্রিয়ার কিছু সমস্যা আছে, এই সাময়িক সমস্যা দূর করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।’
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সার পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের যেন কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে ইতোমধ্যে প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট সরকারি ক্রয় কমিটির বৈঠকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এর এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে আরও ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছিল।’
দেশে সারের পর্যাপ্ত মজুতের তথ্য দিয়ে উপদেষ্টা জানান, বর্তমানে দেশে ইউরিয়া ৪.৮২ লাখ টন, টিএসপি ৩.৬৯ লাখ টন, ডিএপি ৩.৬৮ লাখ টন এবং এমওপি ১.৪৬ লাখ টনসহ মোট ১৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সারের মজুত সংরক্ষিত রয়েছে। এর পাশাপাশি আরও বিপুল পরিমাণ সার আন্তর্জাতিক বাজার থেকে আমদানির অপেক্ষায় ও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
বিতরণ ব্যবস্থার অসংগতি ও কতিপয় স্থানে সাময়িক সংকট নিয়ে তিনি বলেন, সরকার কৃষক ও জনগণের স্বার্থে বিতরণ ব্যবস্থায় সুনির্দিষ্ট কিছু পরিবর্তন আনছে। কিছু ডিলার সময়মতো বরাদ্দকৃত সার না তোলায় যে সাময়িক অস্থিরতা দেখা গেছে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বের প্রায় ২৫ শতাংশ সার পরিবহন সম্পন্ন হয় হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা ও এলনিনো’র মতো প্রাকৃতিক অনিশ্চয়তার ঝুঁকি সামনে রেখে সরকার দেশকে খাদ্য নিরাপত্তার বলয়ে রাখতে আগেভাগেই সারের নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করছে।
তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ব্রিফিংয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের হালনাগাদ অগ্রগতি তুলে ধরেন।
তিনি জানান, সরকারের বিরুদ্ধে ডিজিটালি ৪৬৪টি এবং স্বয়ং প্রধানমন্ত্রীর নামে ১৫৭টি অসত্য ও অপতথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে প্যানেল আইনজীবী চূড়ান্ত করা হচ্ছে। দ্রুতই অপপ্রচারকারীদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, পিআইবির 'বাংলা ফ্যাক্ট' প্রকল্পকে 'নিউ মিডিয়া প্রজেক্ট'-এর আওতায় আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রতি ইউনিট ১২-১৪ ডলার থেকে লাফিয়ে ২৪ ডলারে পৌঁছেছে। বর্তমানে এফএসআরইউ দুর্ঘটনার কারণে সাময়িক বিদ্যুৎ ও গ্যাস সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সহনীয় করতে দেশীয় উৎস থেকে ১৭৫০ এমএমসিএফডি গ্যাস উত্তোলনে ১৫০টি কূপে খনন ও পুনঃখনন কাজ চলছে।
ভোলা থেকে পাইপলাইনে দ্রুত গ্যাস আনার কাজ চলছে। এছাড়া শিল্পকারখানার বকেয়া গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না নিয়ে ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।
বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চতুর্থ প্রজন্মের এমআরসিএ মাল্টি রোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও আধুনিক ইউএভি সিস্টেম ক্রয়ের আলোচনা চলছে।
ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ ৪ বছরের জমে থাকা অবসর কল্যাণ ভাতার ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা সরাসরি ৬৪ জেলার শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে পৌঁছানো হয়েছে। পাশাপাশি ৪১ লাখ পরিবারের জন্য ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে সর্বজনীন ‘ফ্যামিলি কার্ড’-এর দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক বহুগুণ প্রভাব তৈরি করবে।
ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা ফলোঅনের শঙ্কায় রয়েছে।
কলম্বো টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ভারত শ্রীলঙ্কাকে চাপের মধ্যে রেখেছে। স্বাগতিক দল দিন শেষে ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করেছে।
শ্রীলঙ্কা ভারতের প্রথম ইনিংসের ২৩৮ রানে পিছিয়ে রয়েছে। ফলোঅন এড়াতে তাদের প্রয়োজন আরও ৩৯ রান।
শ্রীলঙ্কা আজ (২৫ আগস্ট) ২ উইকেটে ৮ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে। কামিল মিশারা এবং পাসিন্দু সুরিয়াবান্দারা সাবধানীভাবে শুরু করলেও তাদের জুটি বেশিদূর এগোয়নি।
প্রসিদ্ধ কৃষ্ণা ১৯ রানে মিশারাকে আউট করেন।
এরপর সুরিয়াবান্দারা এবং কামিন্দু মেন্ডিস প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তাদের মধ্যে ৮৭ রানের জুটি গড়ে। সুরিয়াবান্দারা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন।
মেন্ডিস ৩২ রানে আউট হন।
অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা আবারও ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ৮ রান করে মানব সুতারের বলে লোকেশ রাহুলকে ক্যাচ দেন।
তবে দিনুশা এক প্রান্তে লড়াই চালিয়ে যান। গলে আগের টেস্টে তিনি ১০০ ও ৮৪ রান করেছিলেন।
ভারতীয় বোলারদের বিরুদ্ধে তিনি ৮৫ রানে অপরাজিত থাকেন।
দিনের শেষ ভাগে লাহিরু কুমারা ৫০ বল খেলে দিনুশাকে দারুণ সঙ্গ দেন। ভারতের পক্ষে প্রসিদ্ধ কৃষ্ণ এবং মানব সুতার ৩টি করে উইকেট নেন।
আজ বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলা প্রায় আধ ঘণ্টা দেরিতে শুরু হয়। পরে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ১৩৮ ওভারে ৫০৩/৯ ডি. (পাডিক্কাল ১১৭, জুরেল ১১৫; আসিথা ৪/১০৬)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৩.৪ ওভারে ২৬৫/৮ (দিনুশা ৮৫*, সুরিয়াবান্দারা ৮০, মেন্ডিস ৩২; কৃষ্ণা ৩/৪৭, সুতার ৩/৮৩)।
* ৩য় দিন শেষে শ্রীলঙ্কা ২৩৮ রানে পিছিয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লালমনিরহাট, ২৫ আগস্ট, ২০২৬ : জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার বেশি শব্দ উৎপাদনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, আনসার ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অতিরিক্ত শব্দ উৎপাদনের দায়ে ছয়টি যানবাহনের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। একই সঙ্গে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ১০টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয়।
অভিযানে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী, মো. আল-আমিন ও মো. মামুনুর রশীদ।
প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
বিজন কুমার রায় বাসসকে বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্র্নের ব্যবহার শব্দদূষণের অন্যতম কারণ। শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের পানি খাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মূল্যায়ন, সুপেয় পানির প্রস্তুতি, রূপরেখা তৈরি এবং ব্যবস্থাপনার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে বাস্তবায়ন করা হচ্ছে ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’ কর্মসূচি। নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’ কর্মসূচির আওতায় পিপিপি ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধনে যোগ দিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
মঙ্গলবার (২৫ আগস্ট) নগরের আগ্রাবাদস্থ একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনটি পিপিপি ই-লার্নিং মডিউলের সূচনা ঘোষণা করা হয়। এটি বৃহত্তর বাংলাদেশ-নেদারল্যান্ডস অংশীদারত্বের একটি অংশ এবং ‘পার্টনার্স ফর ওয়াটার’ ও কিংডম অব দ্য নেদারল্যান্ডস-এর দূতাবাসের অর্থায়নে পরিচালিত কর্মসূচি।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মো. নজরুল ইসলামসহ আরও প্রকৌশলীগণ। এই কর্মসূচি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে জ্ঞান বিনিময়ের সংযোগ ঘটায়।
সফরকালে ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির প্রধান নির্বাহী (সিইও) গ্যাব্রিয়েল নুফম্যান এবং তার দল পতেঙ্গায় প্রস্তাবিত চট্টগ্রাম মেট্রোপলিটন স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (ক্যাচমেন্ট-৬) সাইট পরিদর্শন করে। বর্তমানে উন্নয়ন ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে থাকা এই প্রকল্পটি প্রতিদিন ৫০ মিলিয়ন লিটার বর্জ্য পানিশোধন করতে এবং প্রায় ৫০ হাজার বাসিন্দাকে সেবা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো অপরিশোধিত গৃহস্থালির বর্জ্য পানিকে কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরে প্রবেশ করা থেকে রোধ করতে সহায়তা করা।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির প্রধান নির্বাহী (সিইও) গ্যাব্রিয়েল নুফম্যান বলেন, পিপিপি নিজেই কোনো চূড়ান্ত লক্ষ্য নয়। আসল প্রশ্ন হলো- একটি অংশীদারত্ব কোনো জনসেবার পুরো জীবনচক্রে আরও ভালো এবং টেকসই মান নিশ্চিত করতে পারে কি না। যখন পিপিপি উপযুক্ত বলে বিবেচিত হয়, তখন জনস্বার্থ সুরক্ষিত রেখে সেই অংশীদারত্ব প্রস্তুত, সাজাতে এবং পরিচালনা করার জন্য শক্তিশালী সরকারি খাতের সক্ষমতা অত্যন্ত জরুরি।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম জানে আলম বলেন, ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’-এর পরবর্তী ধাপে তাত্ত্বিক জ্ঞান থেকে ব্যবহারিক প্রয়োগের দিকে যাওয়া হবে। অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কেস স্টাডি নিয়ে কাজ করবেন এবং প্রকল্প স্ক্রিনিং, বিজনেস কেস তৈরি, আর্থিক কাঠামো প্রণয়ন, ঝুঁকি বণ্টন, বাজার সম্পৃক্ততা, দর-কষাকষি এবং সিদ্ধান্ত গ্রহণকারী, অর্থায়নকারী ও সম্ভাব্য বেসরকারি অংশীদারদের কাছে বিশ্বাসযোগ্য পিপিপি প্রস্তাব উপস্থাপনের দক্ষতা অর্জন করবে। নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির এই সহায়তা চট্টগ্রাম ওয়াসার পিপিপি খাতে প্রকল্প বাস্তবায়ন ও কারিগরি জ্ঞান বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, ওয়ার্ল্ড ওয়াটার একাডেমি হলো ডাচ পানি খাত কর্তৃক প্রতিষ্ঠিত পানি পেশাজীবীদের জন্য একটি অলাভজনক প্রশিক্ষণ ইনস্টিটিউট। ৩০০ জনের বেশি সিনিয়র বিশেষজ্ঞের নেটওয়ার্কের মাধ্যমে, ওয়ার্ল্ড ওয়াটার একাডেমি তত্ত্ব এবং দৈনিক অনুশীলনের মধ্যকার ব্যবধান দূর করতে ইন্টারেক্টিভ প্রায়োগিক লার্নিং প্রোগ্রাম তৈরি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ