সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৮ পি.এম
দুর্গাপুরের সুধিনী মান্দা অবশেষে গৃহহীন জীবনের অবসান ঘটিয়ে একটি ঘর পেলেন। নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী) এই নারী মাথা গোঁজার নিরাপদ আশ্রয় পেয়ে আনন্দ ও স্বস্তির হাসি ফুটিয়ে তুলেছেন। তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দুর্গাপুর পৌর শহরের পরাভিটা এলাকায় সরকারের উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি সুধিনী মান্দার কাছে হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
ঘর পেয়ে সুধিনী মান্দা তার আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমি আজ অনেক খুশি। আমার নিজের কোনো ঘর ছিল না, অনেক কষ্টে দিন কাটিয়েছি। দিন আনি দিন খাই; নিজের সামর্থ্য না থাকায় একটি ঘর তৈরি করতে পারিনি। আজ প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলে গারো, হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস, যারা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সুধিনী মান্দার কোনো ঘর ছিল না। আমরা চেষ্টা করছি প্রকৃত অর্থে যারা গৃহহীন, তাদের জন্য ঘরের ব্যবস্থা করতে।’
তিনি আরও বলেন, ‘এই এলাকার মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্পের অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দায় গৃহহীন মানুষের জন্য ঘর দেওয়া হচ্ছে।’
ঘর হস্তান্তর অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুন্দরবনে বনদস্যু দমনের লক্ষ্যে কোস্টগার্ডের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে ৪৩ বনদস্যুকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে। একই সাথে, সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। এই অভিযানে দস্যুদের কবল থেকে ৬৬ জন জেলে ও পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ। তিনি উল্লেখ করেন, সুন্দরবন থেকে বনদস্যুদের কার্যক্রম নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং ৪৩ বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় দস্যুদের কবল থেকে ৬৩ জন জেলে, দুজন পর্যটক এবং একজন রিসোর্ট মালিকসহ মোট ৬৬ জনকে জীবিত উদ্ধার করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, কোস্টগার্ড ও যৌথ বাহিনীর অব্যাহত অভিযানের ফলে সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।
রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নৌযান, নিকটবর্তী স্টেশন এবং আউটপোস্ট থেকে বিশেষ টহল দল কাজ করছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য সার্বক্ষণিক টহল দেওয়ার পাশাপাশি জরুরি উদ্ধার তৎপরতার জন্য ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।
বন্যপ্রাণী নিধন এবং বনজ সম্পদ পাচার রোধে বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে বলে তিনি জানান। উৎসব চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের কোস্টগার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধা লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় তারই নাতি মো. সিয়াম প্রধানিয়াকে (১৬) গ্রেফতার করা হয়েছে।
অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই টাকা পরিশোধের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সে। ঘটনার ৪২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে হাজির করার পর সে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
গ্রেফতার সিয়াম মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহতের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে। তাদের বাড়ি সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে। তার বাবার নাম মো. হোসেন প্রধানিয়া।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। তিনি ওই মাসের ১ তারিখ থেকে ভবনটির একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নিহতের নাতি সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত করে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, সে অনলাইনে জুয়া খেলত। জুয়ায় টাকা হারানোর পর তা পরিশোধের জন্য একাই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে গলার স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।
তার দেখানো মতে ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি এবং তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফারিদা শহীদ তাঁর প্রথম বাংলাদেশ সফর শুরু করেছেন। আজ সোমবার, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব ফারিদা শহীদকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন, যা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে লক্ষ্য রাখে।
এ সময়, তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। এর মধ্যে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি স্পেশাল র্যাপোর্টিয়ারকে অবহিত করেন যে, সরকারের পরিকল্পনা ও কর্মসূচি প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করছে।
দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব আশা প্রকাশ করেন যে, শিক্ষার অধিকার নিয়ে বিভিন্ন বিষয়ে গঠনমূলক সংলাপ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। সফর থেকে উঠে আসা পর্যবেক্ষণ ও সুপারিশ শিক্ষা খাতের উন্নয়নে সরকারের চলমান প্রচেষ্টায় সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময়, বিশেষ র্যাপোর্টিয়ারের সফরে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ফারিদা শহীদ বাংলাদেশ সরকারকে উষ্ণ অভ্যর্থনা ও সফরের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের শিক্ষানীতি, উদ্যোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সফরকালে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে গঠনমূলক মতবিনিময়ের প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।
ফারিদা শহীদ ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজের সংগঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের কানাইঘাটে সাদাপোশাক পরিহিত পুলিশ সদস্যদের ‘চোর-ডাকাত’ বলে উল্লেখ করে একদল লোক নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আফসর হোসেন নামের এক স্থানীয় বিএনপি নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আফসর হোসেনের বহিষ্কারাদেশ জারি করা হয়। আফসর হোসেন কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) রাতে কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তের মুলাগুল বাজার এলাকায় অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগের কানাইঘাট উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ রানাকে গ্রেফতারের জন্য সাদাপোশাকে তিন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন।
অভিযোগ রয়েছে, অভিযানের সময় পুলিশ সদস্যদের ‘চোর-ডাকাত’ বলে ঘিরে ধরে একদল লোক। এ সময় মব তৈরি করে পুলিশি কাজে বাধা দিয়ে সাঈদ রানাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার পেছনে বিএনপি নেতা আফসর হোসেনের ইন্ধন থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার বিকালে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফসর হোসেনকে সাময়িকভাবে বহিষ্কারের কথা জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ রানার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। নভেম্বরে তিনি কানাইঘাটে দুটি মিছিলে অংশগ্রহণ করেছিলেন। তাকে গ্রেফতার করতেই পুলিশ ওই অভিযান পরিচালনা করেছিল।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানান, রোববার রাতে মুলাগুল বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালালে বিএনপির ওই নেতা মব তৈরি করে তাকে ছাড়িয়ে নেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে আফসর হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য অধিকতর তদন্ত করা হবে।
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ বলেন, সাদাপোশাকে তিনজন পুলিশ সদস্য অভিযানে গেলে সংঘবদ্ধভাবে তাদের ‘চোর-ডাকাত’ বলে ঘিরে ধরে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। সোমবার সকালে আফসর হোসেনের ইন্ধন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এছাড়া তার এক সৎভাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলেও জানা গেছে।
অথচ আফসর হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। পরে বাজারে গিয়ে জানতে পারেন চায়ের দোকানে ছাত্রলীগের কয়েকজন বসে ছিলেন এবং পুলিশ দেখে তারা দৌড়ে পালিয়ে যান। বাজারের লোকজন হইহুল্লোড় করলে তিনি পুলিশ সদস্যদের পরিচয় জেনে সবাইকে শান্ত করেন এবং চা খাইয়ে আন্তরিকতার সঙ্গে বিদায় দেন। কাউকে ছিনিয়ে নেওয়া বা কটু আচরণ করার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ