সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৪০ পি.এম
শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফারিদা শহীদ তাঁর প্রথম বাংলাদেশ সফর শুরু করেছেন। আজ সোমবার, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব ফারিদা শহীদকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন, যা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে লক্ষ্য রাখে।
এ সময়, তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। এর মধ্যে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি স্পেশাল র্যাপোর্টিয়ারকে অবহিত করেন যে, সরকারের পরিকল্পনা ও কর্মসূচি প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করছে।
দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব আশা প্রকাশ করেন যে, শিক্ষার অধিকার নিয়ে বিভিন্ন বিষয়ে গঠনমূলক সংলাপ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। সফর থেকে উঠে আসা পর্যবেক্ষণ ও সুপারিশ শিক্ষা খাতের উন্নয়নে সরকারের চলমান প্রচেষ্টায় সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময়, বিশেষ র্যাপোর্টিয়ারের সফরে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ফারিদা শহীদ বাংলাদেশ সরকারকে উষ্ণ অভ্যর্থনা ও সফরের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের শিক্ষানীতি, উদ্যোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সফরকালে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে গঠনমূলক মতবিনিময়ের প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।
ফারিদা শহীদ ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজের সংগঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের কানাইঘাটে সাদাপোশাক পরিহিত পুলিশ সদস্যদের ‘চোর-ডাকাত’ বলে উল্লেখ করে একদল লোক নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আফসর হোসেন নামের এক স্থানীয় বিএনপি নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আফসর হোসেনের বহিষ্কারাদেশ জারি করা হয়। আফসর হোসেন কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) রাতে কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তের মুলাগুল বাজার এলাকায় অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগের কানাইঘাট উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ রানাকে গ্রেফতারের জন্য সাদাপোশাকে তিন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন।
অভিযোগ রয়েছে, অভিযানের সময় পুলিশ সদস্যদের ‘চোর-ডাকাত’ বলে ঘিরে ধরে একদল লোক। এ সময় মব তৈরি করে পুলিশি কাজে বাধা দিয়ে সাঈদ রানাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার পেছনে বিএনপি নেতা আফসর হোসেনের ইন্ধন থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার বিকালে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফসর হোসেনকে সাময়িকভাবে বহিষ্কারের কথা জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ রানার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। নভেম্বরে তিনি কানাইঘাটে দুটি মিছিলে অংশগ্রহণ করেছিলেন। তাকে গ্রেফতার করতেই পুলিশ ওই অভিযান পরিচালনা করেছিল।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানান, রোববার রাতে মুলাগুল বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালালে বিএনপির ওই নেতা মব তৈরি করে তাকে ছাড়িয়ে নেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে আফসর হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য অধিকতর তদন্ত করা হবে।
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ বলেন, সাদাপোশাকে তিনজন পুলিশ সদস্য অভিযানে গেলে সংঘবদ্ধভাবে তাদের ‘চোর-ডাকাত’ বলে ঘিরে ধরে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। সোমবার সকালে আফসর হোসেনের ইন্ধন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এছাড়া তার এক সৎভাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলেও জানা গেছে।
অথচ আফসর হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। পরে বাজারে গিয়ে জানতে পারেন চায়ের দোকানে ছাত্রলীগের কয়েকজন বসে ছিলেন এবং পুলিশ দেখে তারা দৌড়ে পালিয়ে যান। বাজারের লোকজন হইহুল্লোড় করলে তিনি পুলিশ সদস্যদের পরিচয় জেনে সবাইকে শান্ত করেন এবং চা খাইয়ে আন্তরিকতার সঙ্গে বিদায় দেন। কাউকে ছিনিয়ে নেওয়া বা কটু আচরণ করার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ত্রিশাল এলাকায় মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও বইলর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র ও মামলার তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে ত্রিশাল উপজেলার আহমদাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে হত্যার অভিযোগে ২০১৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের বিচারিক আদালতে নকিব হোসেন আদিলসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শহীদ ইউনুস আলীর ছেলে রুহুল আমিন। ওই দিনই আদালত মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলায় ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বইলর ইউনিয়নের একাধিকবারের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিলও ছিলেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। পরে ২০২৩ সালের ৩০ জানুয়ারি ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় এসআরবি। এরপর থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে নকিব হোসেন আদিল তিন মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই দিন বেলা ১১টায় বইলর রহমানিয়া উচ্চবিদ্যালয় মাঠে প্রথম এবং বাদ জোহর নিজ বাড়ি হদ্দের ভিটা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুক্রবার তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপের সময় এই অঙ্গীকার ব্যক্ত করেন।
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যে, ফোনালাপে এরদোয়ান আঙ্কারার শান্তিমুখী কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেন।
এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চলের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা আমরা কখনোই সমর্থন করি না।’
ফোনালাপে দুই নেতা তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং অন্যান্য আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের আলোচনায় স্থান পায়।
এদিকে, তুরস্কভিত্তিক ‘গোল্ডেন গ্লোবাল ব্যাংক’ এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পর এরদোয়ানের এই মন্তব্য সামনে এসেছে। ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে ইরানের হয়ে আর্থিক লেনদেনে সহায়তা করার অভিযোগে ব্যাংকটির ওপর এই নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। সূত্র:আনাদুলু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রিয়াল মাদ্রিদের চোটের তালিকা আবারও বৃদ্ধি পেয়েছে। ডান উরুর চোটের কারণে দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক ফেলিপে মাঠের বাইরে চলে গেছেন।
সোমবার রিয়াল মাদ্রিদ একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এন্দ্রিকের মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এন্দ্রিককে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
এই চোটের কারণে আলাভেস, রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিক বিলবাও, আর্সেনাল ও ওসাসুনার বিপক্ষে ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না এন্দ্রিক।
রিয়াল মাদ্রিদের সর্বশেষ চারটি ম্যাচে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।
চলতি মৌসুমে আট ম্যাচে এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন।
এছাড়া, চোটের কারণে ফেরলাঁ মঁদি, রাউল আসেনসিও ও রদ্রিগো গোয়েসকেও পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ