০৮:৫০ এম
ক্রিমিয়ার সেভাস্তোপলে একটি ডাস্টবিনের মধ্যে রাখা বোমার বিস্ফোরণের ফলে এক জ্যেষ্ঠ রুশ নৌ-কর্মকর্তার মৃত্যু ঘটে। এই হত্যার অভিযোগে ৩২ বছর বয়সী মার্গারিটা রেউট নামের এক নারী গ্রেপ্তার হয়েছেন। তিনি একসময় পরিবেশকর্মী ছিলেন এবং বর্তমানে গুপ্তঘাতক হিসেবে অভিযুক্ত হয়েছেন।
গত ১৩ আগস্টের ওই বিস্ফোরণে রুশ ব্ল্যাক সি ফ্লিট সাবমেরিন ব্রিগেডের ডেপুটি কমান্ডার রবার্ট শাগিভ প্রাণ হারান। বিস্ফোরকটিতে প্রায় ৫০০ গ্রাম টিএনটি ব্যবহার করা হয়েছিল। ঘটনার পর পরই সোচি শহর থেকে মার্গারিটাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি রিমোট কন্ট্রোল উদ্ধার করা হয়।
মার্গারিটার জন্ম ইয়ারোস্লাভেলে। তিনি ছোটবেলা থেকেই সাহসী ছিলেন। গাছে চড়া, প্যারাশুটিং, ওয়াটার পোলো এবং গো-কার্টিং—এসবের মধ্যে তার অবাধ বিচরণ ছিল। পড়াশোনা শেষ করে তিনি সোচি শহরে চলে যান এবং সেখানে কাজের পাশাপাশি পরিবেশকর্মী হিসেবেও পরিচিতি লাভ করেন।
আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম
তবে ইউক্রেনে রাশিয়ার হামলা মার্গারিটার জীবনকে পরিবর্তন করে দেয়। তিনি যুদ্ধবিরোধী হয়ে ওঠেন এবং ২০২৫ সালে ইউক্রেনের পক্ষে কথা বলার কারণে তাকে জরিমানা করা হয়। এমনকি নিজের ডিএনএ রিপোর্টে ৯৮ শতাংশ রুশ পরিচয় দেখে তিনি ‘রুশ হয়ে লজ্জিত’ বলেও মন্তব্য করেছিলেন।
বন্ধুরা জানিয়েছেন, হামলার কয়েক মাস আগে থেকেই তিনি চুপচাপ হয়ে যান। নতুন একটি ফোন কেনার পর ভিডিও শুটের কথা বলে ক্রিমিয়ায় বারবার যাতায়াত শুরু করেন।
রুশ গোয়েন্দাদের দাবি, মার্গারিটা দোষ স্বীকার করেছেন। বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি এবং দেশ ছাড়ার নথির বিনিময়ে ইউক্রেনের গোয়েন্দারা তাকে নিয়োগ দিয়েছিল। তবে ইউক্রেন এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: বৃহস্পতিবার ঢাকার মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন