ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

‘জনসংখ্যা হ্রাসে সনাতনীদের প্রতি পরিবারে ৫ সন্তানের আহ্বান’


‘জনসংখ্যা হ্রাসে সনাতনীদের প্রতি পরিবারে ৫ সন্তানের আহ্বান’

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক এবং মধ্যপ্রদেশের খারগোন-বারওয়ানি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য গজেন্দ্র সিং প্যাটেল হিন্দু যুবক-যুবতীদের দ্রুত বিয়ের জন্য আহ্বান জানিয়ে প্রতিটি পরিবারে অন্তত পাঁচটি সন্তান নেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন। গত ২ অক্টোবর গভীর রাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্যাটেল উল্লেখ করেন, বর্তমানে প্রতি চারজন নবজাতকের মধ্যে মাত্র একজন হিন্দু সম্প্রদায়ের, আর বাকি তিনজন আসছে ‘অন্যসম্প্রদায়’ থেকে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত মুসলিম সম্প্রদায়ের দিকে ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি দুই সম্প্রদায়ের জন্মহারের পার্থক্যের কথা উল্লেখ করে দাবি করেন, একটি সম্প্রদায়ের জন্মহার ১.৯ শতাংশ, অন্যটির ২.৯ শতাংশ। প্যাটেল বলেন, স্বাধীনতার পর থেকে জনমিতির (ডিমোগ্রাফি) এই ভারসাম্য পরিবর্তিত হয়েছে। ১৯৪৭ থেকে ১৯৬৭ সালের মধ্যে সাধারণত একেকটি পরিবারে চার থেকে সাতটি সন্তান থাকত এবং মানুষ কুড়ি বছর বয়সে বিয়ে করত। কিন্তু বর্তমানে ৩০ বছর বা তারও পরে বিয়ে হচ্ছে এবং সন্তান সংখ্যা একটিতেই সীমাবদ্ধ রাখা হচ্ছে। এর ফলে সনাতনীদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে, যা ২০১১ সালের আদমশুমারিতেও প্রতিফলিত হয়েছে।

“(হিন্দু) তরুণদের দ্রুত বিয়ে করা উচিত এবং প্রত্যেকের পাঁচটি করে সন্তান নেওয়া উচিত,” জোর দিয়ে বলেন প্যাটেল। তিনি নিজেকে একজন 'সনাতনী' হিসেবে উল্লেখ করে বলেন যে তিনি এই কথা বলার ক্ষেত্রে কোনো দ্বিধা রাখছেন না। ভক্তি ও প্রার্থনার পাশাপাশি জিম এবং ঐতিহ্যবাহী কুস্তির আখড়ায় শারীরিক শক্তি অর্জন এবং অস্ত্র সঙ্গে রাখার ওপরও গুরুত্বারোপ করেন এই বিজেপি সাংসদ।

আরও পড়ুন: ঢাকায় গ্রেপ্তার হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘ধান্দা রফিক’

প্যাটেলের দাবি, যেকোনো বিপদের সময় রাজনৈতিক ভেদাভেদ ভুলে সনাতনীরা সবসময় একে অপরের পাশে দাঁড়াবে। যুবসমাজের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা মাদকের ব্যবহার এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা দেন তিনি।

ডিজে সংস্কৃতি, ড্রাগস (মাদক) এবং যৌতুক প্রথার বিরুদ্ধে নিজের ‘থ্রি-ডি’ অভিযানের কথা তুলে ধরে তিনি বলেন, ডিজে অনুষ্ঠানে নাচ গান করা তরুণদের প্রায় সকলেই সনাতনী এবং তাদের প্রায় ৬০ শতাংশই কোনো না কোনো নেশায় আসক্ত। এই সামাজিক অবক্ষয় রুখে দিয়ে পারিবারিক কাঠামো শক্তিশালী করার জন্য সমাজের প্রতি আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বাইপাসে এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ঢাকা বাইপাসে এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলমান ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে প্রকল্পের (গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প) একটি অংশে বড় ধরনের ধস ও ভাঙন দেখা দিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেখতে পান স্থানীয়রা।

সোনারগাঁয়ের সিংলাব-পাকুন্দা এলাকার একটি আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় ২৫০ মিটারজুড়ে সড়ক দেবে যাওয়ায় এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় বড় দুর্ঘটনা এড়াতে ওই অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। এর ফলে মহাসড়কে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ছে এবং সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ঢাকা বাইপাস সড়ক চার লেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পিচঢালা অংশের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটল তৈরি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে নিচের মাটি ও নির্মাণসামগ্রী বেরিয়ে পড়েছে। পাশাপাশি সড়কের কিছু অংশ নিচের দিকে বসে গেছে। এতে সড়কটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের কেউ কেউ নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সড়ক নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহারের পাশাপাশি মহাসড়কের আশপাশ থেকে রাতের আঁধারে মাটি কাটার কারণে সড়কের ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে।

তবে, নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তিনি জানান, টানা কয়েক দিনের বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ওপর অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের ফলে নরম মাটি সরে গিয়ে সড়কের কিছু অংশ বসে যায় এবং ফাটল সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, নির্মাণকারী বেসরকারি অংশীদার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নিয়ে দ্রুত সংস্কারকাজ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


পিরোজপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : পিরোজপুরে একটি যৌথ অভিযানে কোস্ট গার্ড বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ করেছে, যা শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল। এই তথ্য রোববার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রদান করেন।

তিনি জানান, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা থানাধীন দক্ষিণ চরদুয়ানী সংলগ্ন বিষখালী নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে, বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে পিরোজপুরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীরে অভিযানিক দল বোটটি আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে, বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২২ হাজার ৪৮১ পিস ভারতীয় শাড়ি, ৫০ পিস ভারতীয় থ্রি পিস এবং ৫০ পিস ভারতীয় লেহেঙ্গাসহ বোটটি জব্দ করা হয়। এ সময় চোরাকারবারিরা নদীর তীরে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দকৃত আলামত ও ফিশিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী ব্লু স্কাই স্কুল পরিদর্শন, ভর্তি ফি কমানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


শিক্ষামন্ত্রী ব্লু স্কাই স্কুল পরিদর্শন, ভর্তি ফি কমানোর নির্দেশ

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন।

মন্ত্রী পরিদর্শনের সময় সাধারণ মানুষের সন্তানের জন্য ভর্তি ফি কমানোর, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী উল্লেখ করেন, ‘ব্লু স্কাই’ স্কুলের টিউশন ফি তুলনামূলকভাবে বেশি। প্রধানমন্ত্রী আমাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সুবিধা কীভাবে বৃদ্ধি করা যায়, সাধারণ মানুষের সন্তানের ভর্তি প্রক্রিয়া কীভাবে সহজ করা যায় এবং শিক্ষার ব্যয় কীভাবে কমানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।

তিনি বলেন, অটিজমে আক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ যত্নের প্রয়োজন হয়। এজন্য একজন শিক্ষককে পাঁচজনের বেশি শিক্ষার্থীর দেখাশোনা করতে হয়। কিছু শ্রেণিতে একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষকও নিয়োজিত আছেন।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের বিশেষ চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে, শিক্ষার মান বজায় রেখে কীভাবে ব্যয় কমানো যায়— তা নিয়ে কাজ করতে হবে। এছাড়া স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে শিক্ষা কার্যক্রমে কীভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়েও ভবিষ্যতে পরিকল্পনা করা হবে।

মন্ত্রী সরকারিভাবে স্কুলটিকে সহযোগিতা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিষ্ঠানটির আধুনিকায়ন এবং বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করা গেলে অটিজমসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

পরিদর্শনকালে স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টার্সের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমডোর ইমরানুর রহমান এবং স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, অধিকাংশ ক্যাথলিক তীর্থযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, অধিকাংশ ক্যাথলিক তীর্থযাত্রী

কেনিয়ায় একাধিক যানবাহনের সংঘর্ষের ফলে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ক্যাথলিক তীর্থযাত্রী ছিলেন। তারা প্রার্থনার উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

শনিবার (৩ অক্টোবর) দেশটির পুলিশ জানায়, রাজধানী নাইরোবি থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সালামা এলাকায় মধ্যরাতের পর এই দুর্ঘটনা ঘটে। মোম্বাসা উপকূলীয় শহরের দিকে যাওয়ার মহাসড়কে একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে। এ সময় একটি তীর্থযাত্রীবাহী মিনিবাসসহ একাধিক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।

কেনিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তীর্থযাত্রীরা ১৪ আসনের একটি মিনিবাসে করে যাচ্ছিলেন। দুর্ঘটনায় মিনিবাসটির চালক এবং ১৬ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ছিলেন।

ক্যাথলিক আর্চডায়োসিস অব মোম্বাসার আর্চবিশপ মার্টিন কিভুভা জানিয়েছেন, তীর্থযাত্রীরা নাইরোবির পশ্চিমে নাকুরু কাউন্টির একটি প্রার্থনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, "এই মৃত্যুতে তারা অত্যন্ত বেদনাহত।"

নিহতদের পরিবারের সদস্য, স্বজন এবং পুরো ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কেনিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটি (এনটিএসএ)। সংস্থাটি জানিয়েছে, সংঘর্ষের পেছনের পূর্ণ পরিস্থিতি জানতে তদন্তকারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এনটিএসএ বলেছে, দুর্ঘটনাস্থলের সড়কটি পূর্ব থেকেই ‘ব্ল্যাক স্পট’ হিসেবে পরিচিত। ওই সড়কের নিরাপত্তা নিয়ে এর আগে বিভিন্ন সুপারিশও করা হয়েছিল।

আফ্রিকার বিভিন্ন দেশে সড়ক দুর্ঘটনা নিয়মিতভাবে প্রাণহানি ঘটায়। কেনিয়াসহ এ অঞ্চলে এসব দুর্ঘটনার জন্য প্রায়ই যানবাহনের দুরবস্থা, অতিরিক্ত গতি এবং সড়কের খারাপ অবস্থাকে দায়ী করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের এনটিএসএ-উদ্ধৃত তথ্য অনুযায়ী, গত বছর কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৯ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রাণ গেছে ২ হাজার ১৫০ জনের।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%