০৪:৫৪ পি.এম
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ বা বৃহৎ কোনো টুর্নামেন্ট এলেই কোটি কোটি ভক্তের উন্মাদনা দেখা যায়। তবে এবার জয়পুরহাটের যুবক মেহেদী হাসান আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা প্রকাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নিজের পুরো বাড়ি ও সীমানা প্রাচীরকে প্রিয় দলের আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে তুলেছেন। শুধু তাই নয়, দেয়ালে শোভা পাচ্ছে প্রিয় ফুটবলার লিওনেল মেসির ছবি।
মেহেদী হাসান আউশগাড়া ইনরাপাড়ার বাসিন্দা এবং জয়পুরহাট সদর উপজেলার অধিবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি তার প্রচণ্ড ঝোঁক। ২০০৬ সালের বিশ্বকাপ থেকে বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়িয়ে আসছেন তিনি। তবে এবারের উদ্যোগকে আরও বিশেষ করে তুলেছেন তিনি। ইট-সিমেন্টের তৈরি পুরো বাড়িটিকেই আর্জেন্টিনার পতাকায় রূপ দিয়েছেন।
সরেজমিনে আউশগাড়া গ্রামে গিয়ে দেখা যায়, দূর থেকে নজর কাড়ছে মেহেদীর এই 'আর্জেন্টিনা বাড়ি'। দেশের প্রতি ভালোবাসা অক্ষুণ্ন রেখেই বাড়ির প্রবেশপথের বাম পাশে এঁকেছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। চারপাশের দেওয়ালে আকাশী-সাদা রঙের আবহে ফুটে উঠেছে আর্জেন্টিনার পতাকা। একটি দেওয়ালের শোভা পাচ্ছে লিওনেল মেসির বিশালাকৃতির ছবি এবং আর্জেন্টিনার প্রতীক 'মে মাসের সূর্য'।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে চালক নিহত, আহত ২
মেসি ভক্ত মেহেদী হাসান বলেন, 'ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার প্রবল ভালোবাসা রয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভালোবাসা থেকেই প্রিয় দলের পতাকার রঙে বাড়িটি সাজিয়েছি। প্রিয় দলের ম্যাচ উপলক্ষে আমরা কেক কাটি, র্যালি এবং খেলা দেখার সময় খাবারের বিশেষ আয়োজন করি। গ্রামের অনেক সমর্থককে নিজের খরচে জার্সি উপহার দিয়েছি, আরও দেব।'
মেহেদীর এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় ফুটবলপ্রেমীরাও খুশি।
একই গ্রামের বাসিন্দা ফয়সাল রহমান জয় বলেন, 'মেহেদী মামা আর্জেন্টিনাকে মনে-প্রাণে ভালোবাসেন। তিনি শুধু নিজের বাড়িটি সাজাননি, পাশাপাশি আমাদের অনেককে জার্সিও দিয়েছেন। আমরা সবাই মিলে একসাথে খেলা দেখব এবং উৎসব করব। আমাদের বিশ্বাস, প্রিয় দল এবারও আমাদের ট্রফি উপহার দেবে।'
আনিছুর রহমান বলেন, 'মেহেদী হাসানের এই 'আর্জেন্টিনা বাড়ি' দেখতে এখন প্রতিদিন আশপাশের গ্রামের ফুটবলপ্রেমী ও উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। খেলার প্রতি এমন নিখাদ ভালোবাসা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।'
আরও পড়ুন: কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন