মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৪ পি.এম
এক সময় মানুষ প্রিয়জনের চিঠির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেন। ডাকপিয়নের সাইকেলের বেল বা রানারের পায়ের শব্দ শুনে তারা দরজায় ছুটে যেতেন।
সুসংবাদের চিঠি পেলে মন আনন্দে ভরে উঠতো, আবার স্বজনের পাঠানো দুঃসংবাদে চোখে জল আসতো। কিন্তু সময়ের সঙ্গে সেই চেনা দৃশ্য পাল্টে গেছে। মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইমোর যুগে চিঠি লেখার রীতি প্রায় উঠে গেছে। তবুও ডাকঘরের কর্মীদের জন্য চিঠির অপেক্ষা এখনও শেষ হয়নি।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পোস্ট অফিসে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চিঠির জন্য দায়িত্ব পালন করেন কর্মীরা। নিয়মিতভাবে ডাকবাক্স খোলা হয়। তবে ব্যক্তিগত চিঠি এখন প্রায় আসেই না বললেই চলে। পরিবর্তে সরকারি নিয়োগ, চাকরিসংক্রান্ত চিঠি, আদালতের সমন এবং বিবাহবিচ্ছেদের নোটিশের মতো ডাকই বেশি আসছে।
গৌরীপুর উপজেলা পোস্টমাস্টার আমিনুল ইসলাম জানান, দীর্ঘ আট বছর পর এক মাস আগে পোস্ট অফিস ভবনের সামনে একটি বড় ডাকবাক্স স্থাপন করা হয়েছে। কিন্তু গত এক মাসে ওই বাক্সে একটি চিঠিও পড়েনি। তার মতে, সরকারি ডাকের মধ্যে নিয়োগ ও চাকরিসংক্রান্ত চিঠি, আদালতের সমন এবং বিবাহবিচ্ছেদের কাগজপত্রই বেশি আসে। সরকার বিভিন্ন সেবা ও সুবিধা চালু করলেও সেগুলোতে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না।
এক সময় দূরের মানুষের কাছে মনের ভাব পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম ছিল চিঠি। প্রিয়জনের হাতে লেখা চিঠি পেতে মানুষ দিনের পর দিন প্রহর গুনতেন। চিঠির প্রতিটি ছত্রে মিশে থাকতো ভালোবাসা, অভিমান, আনন্দ অথবা বিচ্ছেদের বেদনা। কবি সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতায়ও সেই সময়ের ডাকবাহকের জীবন ও দায়িত্বের চিত্র ফুটে উঠেছিল।
এখন আর রাত জেগে চিঠির পাতায় মনের কথা বা প্রেমের কথা লেখেন না অনেকেই। কয়েক মুহূর্তেই মুঠোফোনে বার্তা পৌঁছে যায়। যোগাযোগব্যবস্থার এই পরিবর্তনে ব্যক্তিগত চিঠির সেই দিনগুলো অনেকটাই অতীত হয়ে গেছে। তারপরও ডাকঘরের কর্মীরা প্রতিদিন ডাকবাক্স খোলেন এবং চিঠির জন্য অপেক্ষা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ১১ জনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে, যা আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুল্যান্স, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
এছাড়া, দুর্ঘটনাস্থলকে নিরাপদ করে তোলা এবং যান চলাচল স্বাভাবিক রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে, নিহতদের পরিচয় বা দুর্ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন কিনা, সে বিষয়ে মন্ত্রণালয় বিস্তারিত তথ্য প্রদান করেনি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্ত সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে, মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরিচালিত ১৮ ও ১৯তম শিক্ষক নিবন্ধনের বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রার্থীদের জন্য একটি সুখবর প্রদান করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এ সুখবরটি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধনপ্রাপ্তদের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়া, তিনি জানান যে, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বিধিমালা সংশোধন করে দ্রুত প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এনটিআরসিএ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে রাখাল নৃত্যের মাধ্যমে মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাক-ঢোল, খোল-করতাল এবং শঙ্খের ধ্বনির মধ্যে শ্রীকৃষ্ণ ও তার সখি রাধারলীলাকে কেন্দ্র করে উৎসবের সূচনা ঘটে, যা ছিল তুমুল হৈ চৈ এবং আনন্দ-উৎসাহে ভরা।
ছোট ছেলে-মেয়েরা রাখাল নৃত্য পরিবেশন করছে। পূর্ণিমা তিথিকে সামনে রেখে এদিন উপজেলার মাধবপুর ও আদমপুর এলাকায় মণিপুরিদের জন্য পৃথক দুটি স্থানে রাস উৎসবের আয়োজন করা হয়েছে।
মনিপুরী নারী, শিশু ও পুরুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় রাসলীলা অনুষ্ঠিত হওয়ার সময়। প্রশাসন উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
মাধবপুর শিববাজারের জোড়া মণ্ডপে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবকে সামনে রেখে মণিপুরি অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে গত কয়েকদিন ধরে নৃত্য অনুশীলন চলছিল।
মহারাসলীলার দিন-দুপুরে উভয় স্থানে গোষ্ঠলীলা বা রাখালনৃত্য অনুষ্ঠিত হয়। রাতে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও রাসনৃত্য অনুষ্ঠিত হয়।
উৎসবস্থল মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্যে প্রায় অর্ধশতাধিক শিশু শিল্পী অংশ নেয়। রাতে জোড়া মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা অনুষ্ঠিত হয়।
অপরদিকে, উৎসবস্থল আদমপুরেও যথারীতি রাখাল নৃত্য ও রাসলীলা অনুষ্ঠিত হয়। যদিও মণিপুরি বিষ্ণুপ্রিয়া ও মণিপুরি মৈতৈ আলাদা স্থানে আয়োজন করেছে, তবে উৎসবের অন্তঃস্রোত, রসের কথা এবং আনন্দ-প্রার্থনা সবই একই। উৎসবের মূল বার্তা হচ্ছে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সত্যসুন্দর মানবপ্রেম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাদকবিরোধী প্রতিবাদের ঘটনার পর দায়ের করা মামলায় কারাগারে থাকা তোফায়েল খাঁ (২৮) আট দিন পর জামিন লাভ করেছেন।
তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালত থেকে জামিন পান। গত ১৬ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারিক আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছিলেন।
তোফায়েলের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই রানা খান (৩৫)।
এর আগে তোফায়েলের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এলাকায় মাদকবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার কারণে পূর্বশত্রুতার জেরে তাঁকে মামলায় জড়ানো হয়েছে। মামলার বাদী ওয়াসিম মিয়া প্রতিশোধপরায়ণ হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন বলে দাবি করেছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত ঘটে ২০২৫ সালের ৬ অক্টোবর বিকেলে উপজেলার খান ঠাকুর দীঘিরপাড় এলাকায়। ওই দিন ইমন মিয়া (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, তিনজন একটি মোটরসাইকেলে করে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন ধাওয়া করেন। এ সময় দুজন পালিয়ে গেলেও ইমনকে আটক করা হয়। পরে উত্তেজিত লোকজন মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক যুবককে থানায় নিয়ে যায়।
এ ঘটনার পর মো. ওয়াসিম মিয়া আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৬ অক্টোবর খান ঠাকুর দীঘিরপাড় এলাকায় তাঁর বসতবাড়ির সামনের সড়কে কয়েকজন ব্যক্তি তাঁকে আক্রমণের চেষ্টা করেন। এ সময় তাঁর ব্যবহৃত অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
মামলায় তোফায়েল খাঁ (২৮), জামান মিয়া (২৫) ও মুসা মিয়া (২৮)-এর নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করা কোনো অপরাধ হতে পারে না। যদি এমন প্রতিবাদের কারণে কাউকে হয়রানির শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে সাধারণ মানুষ মাদকবিরোধী সামাজিক উদ্যোগে অংশ নিতে নিরুৎসাহিত হবেন। তাঁরা মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং তোফায়েলের মুক্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “মামলাটি আমি অষ্টগ্রাম থানায় যোগদানের আগেই আদালতে দায়ের করা হয়েছিল। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কোনো মাদক কারবারি যদি প্রতিবাদী যুবকদের হয়রানি করে থাকে, তাহলে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি আরও জানান, মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ