ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভিসা বাতিলের শঙ্কায় অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন জামায়াত আমির


ভিসা বাতিলের শঙ্কায় অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন জামায়াত আমির

ভিসা বাতিলের দাবি এবং সফর সংক্রান্ত বিতর্কের মধ্যে, পূর্বনির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। তার দেশে ফেরার পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর, তবে মালয়েশিয়া সফর বাদ দিয়ে তিনি দেশে ফিরে আসছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের দুটি সংগঠন। জামায়াতের রাজনৈতিক ইতিহাস, শফিকুর রহমানের অতীত বক্তব্য এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন তুলে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে তার ভিসা বাতিলের দাবি করা হয়েছে। একই সঙ্গে, আলবানিজ সরকারের কাছে জামায়াত আমিরকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন জামায়াত আমিরের সফরের বিরোধিতা করে ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে তার অতীত বক্তব্যের উল্লেখ করেছেন। তারা জামায়াতের মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: শেখ হাসিনা আর ফিরবেন না, কোনো পথেই না: রাশেদ খান

অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বিদেশি রাজনৈতিক নেতাদের ভিসা প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নীতির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার যৌক্তিকতা জানতে চেয়ে অতীতে ইসরায়েলের রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া ভিসাসংক্রান্ত পদক্ষেপের উদাহরণ তুলে ধরেছেন।

অস্ট্রেলিয়ার অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমনও জামায়াত আমিরকে ভিসা দেওয়ার সমালোচনা করেছেন। সোমবার (২৩ নভেম্বর) দেশটির সাময়িকী ‘কোয়াড্রান্ট’-এ প্রকাশিত ‘হাউ ডিড দিস ওয়ান এভার গেট আ ভিসা?’ শীর্ষক নিবন্ধে তিনি শফিকুর রহমানের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জামায়াতের তৎকালীন রাজনৈতিক কর্মকাণ্ড এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসও তাঁর নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

এদিকে, জামায়াত আমিরের সফর নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সিডনির বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি। তাদের আশঙ্কা, বাংলাদেশের রাজনৈতিক বিভাজন প্রবাসে ছড়িয়ে পড়লে এখানকার বাংলাদেশিদের দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সিডনির বাংলাদেশি কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব ও বিবিয়ানা প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী শিপন আহমদ বলেন, "একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতের রাজনৈতিক ভূমিকা আমরা ভুলে যাইনি। পাকিস্তানি বাহিনীর সহযোগীদের কর্মকাণ্ডের ইতিহাস প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।" তিনি আরও বলেন, "অতীতের সেই ইতিহাসের দায় স্বীকার না করে জামায়াতের নেতৃত্ব বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দাবি করলে তা নিয়ে প্রশ্ন উঠবেই।" তাঁর মতে, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ জামায়াতের রাজনীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে।

আরও পড়ুন: যাব না বলে যে চলে যায়, আসি আসি বলে সে কখনও আসবে না: হাসনাত আব্দুল্লাহ

অস্ট্রেলিয়া বিএনপির নেতা শাহিনুর রহমান ও প্রবাসী আবিদুর রহমান জানান, "বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে আমাদের আপত্তি রয়েছে।" তারা বলেন, "বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক শক্তির বর্তমান নেতৃত্বকে অতীতের কর্মকাণ্ডের জবাব দিতে হবে।" তারা আশঙ্কা প্রকাশ করেন, "এসব প্রশ্নের উত্তর না দিয়ে প্রবাসে জামায়াতের পক্ষে জনমত গঠনের চেষ্টা বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।" শফিকুর রহমানের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগের বিষয়েও তারা জবাব দাবি করেন।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি জানান, অস্ট্রেলিয়ায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তারা চান না, "বাংলাদেশের রাজনৈতিক বিরোধ কিংবা ধর্মীয় বিদ্বেষের কারণে প্রবাসের এই পরিবেশ নষ্ট হোক।"

তাদের ভাষ্য, "অস্ট্রেলিয়ায় বাংলাদেশিরা নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে দেশের পরিচিতি তুলে ধরছেন।" জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে দেশটির জাতীয় সংবাদমাধ্যমে উগ্রবাদ ও ধর্মীয় বিদ্বেষের অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে। তারা মনে করেন, "একটি রাজনৈতিক দলের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।"

গত শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া সফরে সিডনিতে পৌঁছান জামায়াত আমির। শনিবার (২১ নভেম্বর) সিডনির চুলোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন। একই দিনে সিডনির গ্যালিপলি হোম এজড কেয়ারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন: ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

রবিবার (২২ নভেম্বর) পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক আলোচনাসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

অস্ট্রেলিয়ার জাতীয় দৈনিক ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, জামায়াত আমিরের ভিসা অনুমোদনের আগে কী ধরনের যাচাই করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি অস্ট্রেলিয়া সরকার। তবে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য, চারিত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুশ্রম বন্ধে সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরলেন মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


শিশুশ্রম বন্ধে সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরলেন মাহ্দী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন, সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব। তিনি উল্লেখ করেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের নয় মাস পূর্ণ করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং অন্যান্য বৈশ্বিক অস্থিতিশীলতার জটিল পরিস্থিতির মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের প্রতি সর্বোচ্চ জবাবদিহিতা ও দায়বদ্ধতা।

সরকার নির্বাচনি ইশতেহারকে মূল ভিত্তি হিসেবে ধরে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। শিশুশ্রম নিরসন এবং শ্রমিকদের অধিকারের বিষয়গুলো ইশতেহারের সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়ায়, নানা সীমাবদ্ধতার মাঝে এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহ্দী আমিন এসব কথা বলেন।

‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডি-মেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রো আ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

শিশুশ্রম নিরসনে প্রণীত পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে। মাহ্দী আমিন জানান, সবাইকে সঙ্গে নিয়ে টেকসই ও বাস্তবসম্মত উপায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করা হবে। তবে, কেবল শ্রমঘন এলাকাগুলোতে বিচ্ছিন্নভাবে কাজ করে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। তিনি বলেন, এর সঙ্গে শিক্ষা ব্যবস্থা সরাসরি যুক্ত। কোনো পরিবার যেন শিশুশ্রমে উৎসাহিত না হয়, সেজন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে ঢেলে সাজানো হচ্ছে।

প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের এক কোটিরও বেশি শিক্ষার্থীর কাছে এই সুবিধাগুলো পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মাহ্দী আমিন জানান, সারা দেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্নাতক ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার ঘোষণা এসেছে এবং এর কাজও শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। এবার সেটিকে স্নাতক পর্যায় পর্যন্ত উন্নীত করা হচ্ছে।

এ ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালাও রয়েছে, যা আগামী অর্থবছর থেকেই প্রতিফলিত হতে শুরু করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়নের চেয়েও এমন বিনিয়োগ করতে হবে যার সুফল সরাসরি শিক্ষার্থীদের হাতে পৌঁছায়।

নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে। তিনি বলেন, পরিবারগুলো যখন দেখবে সন্তানকে স্কুলে পাঠালে অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে এবং শিক্ষা কোনো বোঝা হয়ে দাঁড়াচ্ছে না, তখন তারা স্বাভাবিকভাবেই সন্তানদের কলকারখানায় না পাঠিয়ে স্কুলে পাঠাবে।

শ্রেণিকক্ষে থাকার বয়সি শিক্ষার্থীরা যেন কারখানায় চলে না যায়, সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানমুখী একটি ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম নিরসনেও বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন।

পড়াশোনা শেষে বেকারত্বের শঙ্কা দূর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করা হচ্ছে, যাতে শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ স্থাপিত হয়।

শিশুশ্রমের পেছনে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাব একটি বড় কারণ হিসেবে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, বাবা-মায়ের ক্ষমতায়ন নিশ্চিত করতে সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কলকারখানার প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের রূপকল্প অনুযায়ী সার্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ প্রচলন শুরু হয়েছে। হতদরিদ্র থেকে প্রান্তিক পর্যায়ের মায়েদের হাতে এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পৌঁছালে তাঁরা সেই অর্থ সন্তানদের পড়াশোনায় ব্যয় করতে পারবেন এবং অভাবের তাড়নায় সন্তানদের কাজে পাঠাবেন না।

শিশুশ্রম নিরসনে কেবল ফরমাল অর্থনীতির দিকে তাকালে চলবে না। মাহ্দী আমিন বলেন, ইনফরমাল খাতেও যে বিপুল সংখ্যক শিশু কাজ করছে, তাদের কথা বিবেচনায় রেখে একটি সমন্বিত বা হলিস্টিক নীতিমালা গ্রহণ করতে হবে। তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে জাতীয় এই সমস্যাটিকে যথাযথ গুরুত্ব দিয়ে সমাধান করা হয়নি। তিনি জানান, একটি জবাবদিহিমূলক সরকার হিসেবে প্রধানমন্ত্রীর এখানে গভীর দায়বদ্ধতা রয়েছে।

মাহ্দী আমিন বলেন, সন্তানেরা শিল্পকারখানায় নয়, বরং শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হোক। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ জনশক্তি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই তারুণ্যের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানোর জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ও ইকোসিস্টেম তৈরি করেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

শিশুশ্রম নিরসনের বহুমাত্রিকতা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, মহিলা ও শিশুবিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরাসরি সমন্বয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এ বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কারণ, এর সঙ্গে পরিবারের অর্থনৈতিক সক্ষমতা জড়িত।

তিনি বলেন, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে শিশুশ্রম নির্মূল সম্ভব নয়। এ জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে সরকারের এই লক্ষ্য বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) লেবার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনস অ্যাডভাইজার মাহফুজুর রহমান ভূঁইয়া, সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের (এসএলএফ) সভাপতি রাজেকুজ্জামান রতন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় মেনিনজাইটিসের প্রকোপ, মহামারির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


গাজায় মেনিনজাইটিসের প্রকোপ, মহামারির সতর্কতা জারি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উপত্যকার সব প্রশাসনিক এলাকায় ‘মহামারি সতর্কতা’ জারি করেছে। সংস্থাটির উদ্বেগ, রোগটির বিস্তার কয়েক লাখ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে, বিশেষ করে শিশুদের জন্য।

মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও মেরুদণ্ডের সুরক্ষাকারী পর্দা বা ঝিল্লির (মেনিনজেস) প্রদাহজনিত একটি গুরুতর ও জরুরি চিকিৎসা, যা ব্যাকটেরিয়াল হলে দ্রুত প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

গাজার জনস্বাস্থ্য বিভাগের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের উপমহাপরিচালক চিকিৎসক নিদাল ঘুনাইম গত অক্টোবর মাসে জানিয়েছেন, ওই মাসে মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭২-এ দাঁড়িয়েছে। সাধারণত, এ রোগে প্রতি মাসে ৩০ থেকে ৫০ জন আক্রান্ত হন। অর্থাৎ, স্বাভাবিক গড়ের তুলনায় আক্রান্তের সংখ্যা আট গুণেরও বেশি বেড়েছে।

ঘুনাইম আরও জানান, চলতি বছরের শুরু থেকে গাজায় মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক প্রকোপের সময় অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসেই মারা গেছেন পাঁচজন।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতি জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা সক্রিয় করার আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, অবকাঠামো ধ্বংস, আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত মানুষের বসবাস, পানীয় জলের সঙ্গে পয়োনিষ্কাশনের পানি মিশে যাওয়া এবং বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এসব পরিস্থিতির অনিবার্য পরিণতি হিসেবেই মেনিনজাইটিসের প্রকোপ দেখা দিয়েছে।

রোগটির বিস্তারের জন্য ইসরায়েলি দখলদার বাহিনীকে সরাসরি দায়ী করেছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় যন্ত্রাংশ, জীবাণুনাশক উপকরণ এবং জ্বালানি প্রবেশে বাধা দেওয়ায় এ মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে।

মন্ত্রণালয় আরো বলছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও জরুরি সহায়তা নিশ্চিত করা না গেলে গাজায় রোগটির বিস্তার আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ আশ্রয়কেন্দ্রগুলোতে বসবাসকারী শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জীবন নিয়ে উদ্বেগ বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’: কিরণ মজুমদার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’: কিরণ মজুমদার

কিরণ মজুমদার, সামাজিক মাধ্যমের একটি পরিচিত মুখ, ইতোমধ্যে নেটপ্রভাবী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার তিনি পরিচিতির সীমা অতিক্রম করে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার প্রথম ছবির নাম ‘বাবা’ এবং এই ছবিতে তার কাঁধে মায়ের চরিত্রের দায়িত্ব পড়েছে।

প্রথম ছবিতে এমন একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে খানিকটা দ্বিধায় ছিলেন কিরণ মজুমদার। তবে চরিত্রের গভীরতা এবং গল্পের গুরুত্ব বুঝে তিনি শেষ পর্যন্ত রাজি হন। অভিনয়, জীবনের কঠিন সময়, এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তিনি কথা বলেছেন।

সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন, গত বছর লাদাখে ঘুরতে যাওয়ার সময় তার কাছে ‘বাবা’ সিনেমার পরিচালক জিৎ চক্রবর্তীর ফোন আসে। কিরণ বলেন, “প্রথমে শুনেছিলাম মায়ের চরিত্র, একটু দ্বিধা হয়েছিল। কিন্তু পরে চরিত্রটার ব্যাপারে আরও ভালো করে জানার পর দেখলাম— বিষয়টি খুব সুন্দর।” তিনি জানান, গল্পের ওজন এবং চরিত্রের গুরুত্বই তাকে অভিনয়ের জন্য রাজি করিয়েছে।

‘বাবা’ সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে। ইতোমধ্যে সিনেমার একটি গান সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিরণ ও বিক্রমের পর্দায় রসায়ন নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে। নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে কিরণের কোনো সমস্যা হয়নি।

অভিনেত্রী বলেন, “শুধু বিক্রমদা নন, পুরো টিমই খুব সাহায্য করেছে। ওরা সবাই আমায় আগলে রেখেছিলেন। কারণ এটা আমার প্রথম সিনেমা। ভুল হলে ওরা বুঝিয়ে দিতেন।”

কিরণ মজুমদারকে প্রশ্ন করা হলে, কবে থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তিনি জানান, গহনা প্রস্তুতকারী সংস্থার মুখ হিসেবে মুম্বাই থেকে কয়েকটি ফোন তার কাছে এসেছিল। এরপর তিনি নেটফ্লিক্সের একটি তিন মাসের কর্মশালায় যোগ দেন। যদিও ব্যক্তিগত কারণে কিছু সুযোগ হাতছাড়া হলেও, এখন তিনি কাজের প্রতি আরও মনোযোগী।

জীবনের কঠিন সময় পেরিয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার কথাও অকপটে বলেন কিরণ। একসময় শারীরিক নানা কারণে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসের অভাব ছিল। তিনি বলেন, “আগে নিজের পোস্টার বা ছবি দেখে বিশ্বাসই করতে পারতাম না যে এটা আমি। ছোটবেলায় ছবি তুলতে লজ্জা পেতাম। জীবনটা রোলার কোস্টারের মতো ছিল।” তবে এখন তিনি নিজেকে সামলে নিতে শিখেছেন এবং দর্শকদের ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় শক্তি মনে করেন। তিনি জানান, পেছনের দিকে না তাকিয়ে জীবনে এগিয়ে যেতে চান।

এ সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করছেন কিরণ। বাস্তবেও শিশুদের প্রতি তার ভালোবাসা রয়েছে। এজন্য তার পর্দার মেয়ে একরত্তি অশ্লেষার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। জীবনের পথে বারবার হোঁচট খেয়েছেন তিনি। তাই প্রেম কিংবা বিয়ের কথা ভাবতে চান না। তবে কিরণের ইচ্ছা, ভবিষ্যতে তার একটি ফুটফুটে কন্যাসন্তান হোক, তার নিজের মতোই।

ভবিষ্যতে আরও কঠিন চরিত্রে কাজ করতে চান কিরণ। নাচ, জিমন্যাস্টিকসের মতো বিষয়গুলোতে নিয়মিত সময় দিচ্ছেন, যাতে কোনো খামতি না থাকে। কর্মজীবনের অনিশ্চয়তার কথা মাথায় রেখে মানসিকভাবে প্রস্তুত থাকার পাশাপাশি বিকল্প পথও খোলা রাখতে চান তিনি।

তার অনুপ্রেরণার জায়গায় শাহরুখ খানের একটি কথা রয়েছে। তিনি বলেন, কারও খারাপ না চেয়ে নিজের কাজে মন দেওয়া এবং বাকিটা ভগবানের হাতে ছেড়ে দেওয়া— এখন তার মূলমন্ত্র। ইতোমধ্যে কিরণ মজুমদারের আরও একটি কাজের শুটিং চলছে। প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়েছে এবং পরবর্তী শুটিং আগামী জানুয়ারি মাসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবপাচার রোধে খুলনায় সাংবাদিকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


মানবপাচার রোধে খুলনায় সাংবাদিকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

মানবপাচার (TIP) ও অভিবাসন বিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল এবং ভুক্তভোগীদের গল্প নৈতিকভাবে উপস্থাপনের ওপর দক্ষতা উন্নয়ন কর্মশালা সাতক্ষীরা ও খুলনার সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালাটি মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় হোটেল ওয়েস্টার্ন ইন খুলনায় অনুষ্ঠিত হয়, যা সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশানালের বাস্তবায়নে রূপান্তর আয়োজন করেছে।

রূপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে এবং উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর হাসান মাসুদ এর পরিচালনায় বক্তব্য রাখেন উইনরক এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নাজমুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসনুন হক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, কারিতাসের প্রজেক্ট ম্যানেজার প্রভাস চন্দ্র বিশ্বাস, রূপান্তর এর প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু প্রমূখ। কর্মশালায় খুলনা ও সাতক্ষীরার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় আশ্বাস প্রকল্পের সিটিআইপি অ্যাক্টিভিস্ট ও লিডার সারভাইভারগণ বক্তব্য রাখেন এবং তাদের বক্তব্যের মাধ্যমে সারভাইভার-সংবেদনশীল রিপোর্টিং করার জন্য সকল উপস্থিত সাংবাদিকগণকে আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%