বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২২ এম
বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জোবায়দা রহমান বর্জ্যকে সম্পদ, শক্তির উৎস ও প্রবৃদ্ধির সুযোগে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং দূষণকে সমাধানে রূপান্তরিত করতে হবে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে পরিণত করতে হবে।
বুধবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বক্তব্য রাখেন। গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্লাস্টিক দূষণ রোধ ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা তুলে ধরেন জোবায়দা রহমান।
তিনি বক্তব্যে জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জোবায়দা রহমান বলেন, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সকে জোরালোভাবে স্বাগত জানায় ও সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এটি বাংলাদেশের সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি-আর কৌশল অনুসরণ করা হচ্ছে। এর আওতায় বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করা হচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টিও জোরদার করা হয়েছে।
ঢাকায় বড় পরিসরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষাই সরকারের লক্ষ্য।
বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের অগ্রাধিকার তুলে ধরে জোবায়দা রহমান বলেন, রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানির উন্নত শোধনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশসম্মত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্লাস্টিক দূষণ রোধে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ পাটের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে বাংলাদেশ। এ সময় সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি দেশের লেক, খাল, পুকুর ও জলাশয় পরিচ্ছন্ন রাখার কার্যক্রম অব্যাহত থাকার কথা জানান।
মিথেন নিঃসরণ কমানোর উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, গ্লোবাল মিথেন প্লেজের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ুবান্ধব কৃষি, উন্নত ধান চাষ পদ্ধতি এবং জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জিরো ওয়েস্ট লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে জোবায়দা রহমান বলেন, একক প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এজন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে।
তরুণ প্রজন্মকে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার আন্দোলনে যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণরা শুধু আগামী দিনের নেতা নয়, বর্তমানের সমস্যা সমাধানেরও অংশীদার।
বক্তব্যের শুরুতে বৈঠক আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান জোবায়দা রহমান। বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তাঁর নেতৃত্বকে অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন তিনি। শেষে বিশ্বব্যাপী সহযোগিতা জোরদার এবং সম্মিলিত প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তালিয়া, ১১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সবুজ শিল্পায়নে সহায়তার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন, পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য মূল্য এবং সহায়ক বাণিজ্যনীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি আজ তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সবুজ শিল্পবিষয়ক এক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান।
অধিবেশনে ড. সাইমুম পারভেজ বলেন, বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ হলেও ইতোমধ্যে প্রমাণ করেছে যে সবুজ শিল্পায়ন সম্ভব।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে ২৯০টির বেশি ‘লিড’ সনদপ্রাপ্ত কারখানা রয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ১২০টিরও বেশি কারখানা প্লাটিনাম রেটিং পেয়েছে।
ড. সাইমুম পারভেজ জানান, বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ১০০টি সবুজ কারখানার অর্ধেকেরও বেশি বাংলাদেশে অবস্থিত। এমনকি বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া সনদপ্রাপ্ত পোশাক কারখানাটিও বাংলাদেশে রয়েছে। দেশের শিল্পকারখানাগুলোতে ইতোমধ্যে ৬০০ মেগাওয়াটের বেশি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা তৈরি করা হয়েছে, যার অধিকাংশই তৈরি পোশাক ও বস্ত্র কারখানায় স্থাপিত।
তিনি বলেন, ‘একটি স্বল্পোন্নত দেশ, সেই দেশের উদ্যোক্তা এবং চার লাখ শ্রমিক- যাদের অধিকাংশই নারী, এসব অর্জন সম্ভব করেছেন। এটি প্রমাণ করে যে সবুজ শিল্পায়ন শুধু ধনী দেশগুলোর জন্য কোনো বিশেষ সুযোগ নয়।’
সরকার এই ভিত্তির ওপর দাঁড়িয়ে নবায়নযোগ্য জ্বালানি কৌশল বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, এই কৌশলের আওতায় ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৪০ সালের মধ্যে এই হার ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, সরকার সৌরবিদ্যুৎ সরঞ্জামের ওপর শুল্ক ও কর প্রত্যাহার করেছে, স্বল্পমূল্যে অর্থায়নের ব্যবস্থা করেছে এবং ছাদে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করেছে। এছাড়া বাংলাদেশ জাতীয় কার্বন বাজার গড়ে তুলছে, ২৫ কোটি বৃক্ষ রোপন করছে এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
তৈরি পোশাক বাংলাদেশের প্রবৃদ্ধির প্রথম সাফল্য উল্লেখ করে সাইমুম বলেন, ‘পাট থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন পর্যন্ত সবুজ শিল্প আমাদের পরবর্তী প্রবৃদ্ধির গল্প তৈরি করবে।’
তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে উচ্চ পরিবেশগত মান বজায় রাখা কারখানাগুলোকে ন্যায্য মূল্য ও স্থিতিশীল ক্রয়াদেশ দিতে হবে। এভাবে সবুজ রূপান্তরের ব্যয় ভাগ তাদেরও নিতে হবে।
উন্নত দেশগুলোর বাজারে নতুন পরিবেশগত মানদণ্ড চালুর ক্ষেত্রে পর্যাপ্ত সময় ও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ‘যাতে এসব মানদণ্ড উন্নয়নশীল দেশগুলোর জন্য বাধা না হয়ে নতুন সুযোগ সৃষ্টি করে।’ ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সাইমুম পারভেজ বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অর্ধশতাংশেরও কম। তা সত্ত্বেও বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের এই উদ্যোগে বিনিয়োগ করুন। কর্মসংস্থান, মর্যাদা ও প্রবৃদ্ধিনির্ভর সবুজ শিল্পের ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ আপনাদের প্রস্তুত অংশীদার।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ