মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৩ পি.এম
বিকেলের নাশতায় এক বাটি মুড়ি, সঙ্গে পেঁয়াজ, মরিচ এবং সরিষার তেল—এটি বাঙালির কাছে একটি পরিচিত খাবার। তবে উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই মুড়ি খেতে ভয় পান। তাদের ধারণা, মুড়ি খেলে রক্তচাপ আরো বেড়ে যেতে পারে। কিন্তু কি সত্যিই মুড়ি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ক্ষতিকর?
চিকিৎসকদের মতে, মুড়ি নিজে উচ্চ রক্তচাপ বাড়ানোর মতো খাবার নয়। বরং মুড়ির সঙ্গে কী মিশিয়ে খাওয়া হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। চাল থেকে তৈরি মুড়িতে লবণের পরিমাণ কম থাকে। তাই পরিমিত পরিমাণে সাধারণ মুড়ি খেলে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তারা।
মুড়ি খেলে রক্তচাপ বাড়ে কেন?
মুড়ির সঙ্গে সাধারণত চানাচুর, ভুজিয়া, আচার, কাসুন্দি কিংবা বিভিন্ন ধরনের মসলা মিশিয়ে খাওয়া হয়। এসব উপকরণে অতিরিক্ত লবণ ও তেল থাকতে পারে। বিশেষ করে বেশি লবণযুক্ত খাবার রক্তচাপ বাড়াতে ভূমিকা রাখে। তাই মুড়ির চেয়ে এর সঙ্গে মেশানো উপকরণ নিয়েই বেশি সতর্ক থাকা প্রয়োজন।
যেভাবে খেতে পারেন মুড়ি
উচ্চ রক্তচাপ থাকলেও কয়েকটি বিষয় খেয়াল রেখে মুড়ি খাওয়া যেতে পারে।
১. সাধারণ মুড়ি: বাড়তি লবণ বা মসলা না মিশিয়ে সাধারণ মুড়ি খাওয়া যেতে পারে। তবে পরিমাণের দিকেও খেয়াল রাখতে হবে।
২. সবজি দিয়ে মুড়িমাখা: মুড়ির সঙ্গে পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচামরিচ ও ধনেপাতা মিশিয়ে খাওয়া যেতে পারে। এতে স্বাদ বাড়ানোর পাশাপাশি খাবারে সবজিও যুক্ত হবে।
৩. ছাতু দিয়ে মুড়ি: মুড়ির সঙ্গে অল্প পরিমাণ ছাতু মিশিয়েও খাওয়া যেতে পারে। তবে পরিমাণে বেশি না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
যেসব উপকরণ এড়িয়ে চলবেন
মুড়ির সঙ্গে অতিরিক্ত লবণযুক্ত চানাচুর, ভুজিয়া, আচার ও পাঁপড় ভাজা না খাওয়াই ভালো। লবণ মেশানো ভাজা বাদাম এবং দোকানের তৈরি ঝালমুড়িও খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এসব খাবারে বাড়তি লবণ ও মসলা থাকতে পারে।
অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকলেই মুড়ি বাদ দিতে হবে, এমন নয়। তবে মুড়ির সঙ্গে কী মেশাচ্ছেন এবং কতটা খাচ্ছেন, তা খেয়াল রাখা জরুরি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ঠিক রাখুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মশার উপদ্রবের কারণে অতিষ্ঠ হয়ে সিলেট নগরীতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যতিক্রমী মশারি মিছিল করেছে। সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রতিবাদ জানাতে এই কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে সংগঠনের বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে ‘মশারি মিছিল’ শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা। সড়কে মশারি টানিয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, সিলেট সিটি করপোরেশন মশক নিধনে ওষুধ ছিটানোর পাশাপাশি ফগার মেশিন ব্যবহার করলেও নগরবাসী মশার যন্ত্রণায় থেকে মুক্তি পাচ্ছেন না। বক্তাদের দাবি, ওষুধ ছিটানোর এক ঘণ্টার মধ্যেই আবার মশার উপদ্রব শুরু হয়। মশার কামড় থেকে বাঁচতে নগরবাসীকে দিন-রাত কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।
তাঁদের অভিযোগ, মশক নিধনে নিম্নমানের ওষুধ ব্যবহারের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এর ফলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
সমাবেশ থেকে বক্তারা সিলেট সিটি করপোরেশনকে মশক নিধনে কার্যকর ব্যবস্থা নিতে এক মাসের সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে দিনভর চলেছে শ্রমিক আন্দোলন, সংঘর্ষ এবং পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা। এই ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিক আহত হয়েছেন, যার মধ্যে পুলিশও রয়েছে।
শ্রমিক আন্দোলনকে এড়াতে টঙ্গী কর্তৃপক্ষ মঙ্গলবার (২৪ নভেম্বর) অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে।
মঙ্গলবার বেলা বারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শালিকচূড়া, গাজীপুরা বাসস্ট্যান্ড ও তারগাছ এলাকায় কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালায় শ্রমিকরা। পরবর্তীতে, বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সে আগুন দেয়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের মধ্যে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলনের খবর টঙ্গী শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়লে, মঙ্গলবার দুপুরের পর কয়েক ধাপে টঙ্গীর পঞ্চাশটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সকালে শ্রমিকরা যথাসময়ে কারখানায় কাজে যোগ দিলেও, বেলা বাড়ার সাথে সাথে গাজীপুরের আন্দোলনের সঙ্গে টঙ্গীর শ্রমিকদের বিচ্ছিন্ন করতেই ছুটি ঘোষণা করা হয়। ছুটির পর শ্রমিকরা বাসায় না ফিরে মহাসড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গীর বিভিন্ন পোশাক কারখানার সামনে আন্দোলন এড়াতে পুলিশের পাশাপাশি আনসার ও এসআরবির সদস্যদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও প্রবীণ ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন বুলবুলের মৃত্যু ঘটেছে। তিনি সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিসিবি মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশ করে।
কাজী মহিউদ্দিন বুলবুল বাংলাদেশের ক্রিকেটের সাংগঠনিক উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বিসিবির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বোর্ডের দায়িত্ব ছাড়ার পরও তিনি ক্রিকেটের উন্নয়নে কাজ করে গেছেন।
বিসিবি সাবেক এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ আবারো প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে যাচ্ছেন আন্তর্জাতিক পরিসরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করার জন্য। তার গবেষণার বিষয় হচ্ছে নিশাপুরের কবি ওমর খৈয়ামের রুবাই এবং কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে তার প্রতিধ্বনি।
তিনি সোমবার (২৩ নভেম্বর) ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। পরের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) একই স্থানে তিনি ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন।
এর আগে ২০২৫ সালের জুনে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং পার্সিয়ান কবি হাফিজ শিরাজিকে নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছিলেন অধ্যাপক ড. মুমিত। এবার তার গবেষণার কেন্দ্রবিন্দু হচ্ছে ওমর খৈয়াম। মূলত ফারসি সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে বাংলা সাহিত্যের যোগসূত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্দেশ্যেই তার এই গবেষণা ও উপস্থাপনা।
অধ্যাপক ড. মুমিতের গবেষণার অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কবি-সাহিত্যিকদের বিশ্ব পরিসরে পরিচিত করে তোলা। নজরুল ছাড়াও তিনি লালন, হাছন রাজা, আব্দুল করিম বাউল, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত এবং হেলাল হাফিজকে নিয়ে তুলনামূলক সাহিত্যচর্চা করেছেন। বিশেষ করে এসব গবেষণা ফারসি ভাষায় উপস্থাপন করার মাধ্যমে বাংলা সাহিত্যকে ভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।
অধ্যাপক মুমিত আল রশিদ ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান। তার জন্ম শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের পুরানকান্দি গ্রামের ফকিরবাড়িতে। ২০১৯ সালে তিনি ইরানের তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বাংলা, ইংরেজি এবং ফারসি ভাষায় দেশে-বিদেশে তার ২৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ফ্রান্স, স্পেন, চীন, অস্ট্রেলিয়া, ইরান, তুরস্ক, আজারবাইজান, তাজিকিস্তান এবং ভারতে প্রকাশিত হয়েছে তার গবেষণাকর্ম। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর ছাড়াও চীনের সাংহাই ও বেইজিং এবং ইরান, তুরস্ক, ভারত, আজারবাইজান ও তাজিকিস্তানের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন তিনি।
ওমর খৈয়ামের বাংলা অনুবাদ নিয়েও তার গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে। ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস থেকে ফারসি ভাষায় প্রকাশিত ‘Bengali Translations of Khayyam’s Quatrains and Their Challenges’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। ২০২৩ সালের আন্তর্জাতিক প্রবন্ধ বিভাগে এ পুরস্কার দেয়া হয়।
ড. মুমিতের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১। তিনি ভ্রমণ, লোকসংস্কৃতি, ব্যাকরণ, কথাসাহিত্য, চলচ্চিত্র এবং প্রবাদ-প্রবচনসহ নানা বিষয়ে লিখেছেন। কাকলী প্রকাশনী থেকে ‘ইরানের পথে-প্রান্তরে’ প্রকাশিত হয়েছে। নবান্ন প্রকাশনী থেকে বেরিয়েছে ‘পারস্যের লোকজসংস্কৃতি ও উৎসব’, ‘ফারসি ব্যাকরণ শিক্ষা’, ‘ফারসি ব্যাকরণের সহজপাঠ’, ‘বাঙালির নেতৃত্ব: পারস্য কথন ও সংগঠন’ এবং ‘মটকা ও দামেস্কের দিনলিপি’। অ্যাডর্ন প্রকাশনী থেকে ‘ইরানি প্রেমের গল্প’ প্রকাশিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ