বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:১৬ পি.এম
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ক্যামব্রিজ আইএফএ কর্তৃক আয়োজিত ১২তম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস-এ ‘বেস্ট ইসলামী ব্যাংকিং উইন্ডো ইন বাংলাদেশ-২০২৬’ পুরস্কার অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি।
সম্প্রতি পাকিস্তানের করাচিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে ব্যাংকের পক্ষে সম্মাননা গ্রহণ করেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ইসলামী ব্যাংকিং উইংয়ের প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ওয়াহিদ হাসানের হাত থেকে। অনুষ্ঠানে ক্যামব্রিজ আইএফএ-এর চেয়ারম্যান প্রফেসর ড. হুমায়ুন দারও উপস্থিত ছিলেন।
এই গৌরবময় অর্জন উদযাপন উপলক্ষে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান; পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, আরিফ আহমেদ চৌধুরী, শাহিনুজ্জামান ইয়াকুব ও সাজিদ আজাদ; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও ড. হাসিনা শেখ; ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন।
ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান ও হাফেজ প্রফেসর ড. মোহাম্মদ নূরুল্লাহ, সিএসএএ; মহাব্যবস্থাপক ও কোম্পানি সেক্রেটারি মো. আনিসুর রহমান; মহাব্যবস্থাপক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ লিটন মিয়া, এফসিএ; মহাব্যবস্থাপক ও ইসলামী ব্যাংকিং উইংয়ের প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির; মহাব্যবস্থাপক ও চিফ প্রটোকল অফিসার মো. শাহ আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ আয়োজনে অংশগ্রহণ করেন।
এ আন্তর্জাতিক স্বীকৃতি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমে উৎকর্ষ, গ্রাহকের আস্থা এবং সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রতি পূবালী ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রতিফলন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে না, এই মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির উল্লেখ করেন, “সে (শেখ হাসিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। সে মূল্যহীন, অপ্রাসঙ্গিক। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে আসতে হবে, হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।”
শেখ হাসিনাকে নিয়ে ভারত বিপদে রয়েছে, এই প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসিনাকে নিয়ে কী করা, তারাও তো পাগলামি বুঝতেছে। তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তাদেরও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।’
তিনি আরও বলেন, ‘সে একজন সন্ত্রাসী এবং তাদের সার্বভৌম ভূখণ্ডে একজন সন্ত্রাসীকে রাখার চ্যালেঞ্জগুলো তারা উপলব্ধি করে। এটি তাদের অপ্রয়োজনীয় বিরক্তির কারণ ঘটায়। এখন বের করাও যায় না, রাখতেও হচ্ছে; হজমও করতে হচ্ছে। মানে তাদেরও বোঝে যে এখন সে এই সম্পর্কের জন্য অস্বস্তিকর।’
শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, হাসিনা একজন অপরাধী। তাই তার ফিরে আসার একমাত্র পথ হলো প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে। তাকে হস্তান্তর করাই একমাত্র পথ। হাসিনা অপরাধীর আওতায় পড়েন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে।
প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দুই দেশের আলোচনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। এখানে তো হাসিনাসহ আরও আওয়ামী টেররিস্টরা রয়েছে। হাদির হত্যাকারীরা রয়েছে।
গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা নিয়ে আমরা ভারতকে চিঠি দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে যা করার করব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলা (উপকূলীয় অফিস), ২৬ নভেম্বর, ২০২৬ : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ভোলায় তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বৈচিত্র্যময় প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক খামার ব্যবস্থাপনার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে এই মেলা।
মেলায় অংশগ্রহণকারী জেলার ২১টি স্টলে গবাদিপশু, হাঁস-মুরগি, পরিবেশবান্ধব খামার প্রযুক্তি এবং প্রাণিসম্পদজাত পণ্যের সমাহার প্রদর্শিত হচ্ছে।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
মেলায় বিভিন্ন জাতের গরু, মহিষসহ নানা ধরনের প্রাণি প্রদর্শিত হচ্ছে, পাশাপাশি প্রাণিসম্পদ খাতে উৎপাদিত পণ্য, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার তুলে ধরছেন অংশগ্রহণকারীরা।
মেলায় দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের স্টলটি। এখানে মাশরুম ও মাশরুমজাত বিভিন্ন পণ্যের পাশাপাশি প্রদর্শন করা হচ্ছে দুই স্তরবিশিষ্ট দেশি মুরগির খাঁচা, মাচা পদ্ধতিতে হাঁস পালন, ভার্মি কম্পোস্ট এবং অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ ডিম উৎপাদনের উদ্যোগ। এছাড়া মাশরুম দিয়ে তৈরি রেডি-টু-ইট খাবারও স্থান পেয়েছে স্টলটিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর এবং পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুন্নবী, জেলা খামারি এসোসিয়েশন সাধারণ সম্পাদক ইমরুজ আলম টিমন, খামারি বিপ্লব তালুকদার সহ বিভিন্ন খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে।
বৈঠকটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে।
দলের আমির ডা. শফিকুর রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন।
সংগঠনটির নেতারা জানিয়েছেন, বৈঠকে আলোচনা হবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতা, বিরোধীদলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ইস্যু, ১১ দলীয় ঐক্যের অবস্থান এবং জামায়াতের উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির কর্মী মকবুল হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ প্রদান করেন।
আদালতে তাকে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন অভিযুক্ত রাকিবুল হাসানকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে, ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান এবং বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর করে। কার্যালয়ের পাশে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। এই হামলায় মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনার পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ