১১:৩৩ পি.এম
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট।
মঙ্গলবার বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ২২ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী এই লিখিত পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
এর আগে, ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, কেবল তারাই অংশগ্রহণের সুযোগ পাবেন এই লিখিত পরীক্ষায়। গত ৬ জুলাই এনরোলমেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পরীক্ষার্থীদের জন্য বার কাউন্সিল একটি বিশেষ নির্দেশনা দিয়ে জানিয়েছে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই নির্ধারিত ওয়েবলিংক ব্যবহার করে অনলাইনে তাদের ফরম পূরণ এবং প্রোফাইল সাবমিট করতে হবে। নির্ধারিত লিংকে প্রোফাইল সাবমিট না করলে কোনো প্রার্থীই লিখিত পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ইস্যু করতে পারবে না।
এছাড়াও, পরীক্ষা-বিধি মোতাবেক, রি-অ্যাপিয়ার (পুনরায় পরীক্ষায় অংশগ্রহণকারী) প্রার্থীদের জন্য অনলাইনে ফরম পূরণ ও ফি প্রদান এবং রেগুলার (নিয়মিত) প্রার্থীদের প্রোফাইল সাবমিট সংক্রান্ত বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে।
পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সব নির্দেশনা ও বিজ্ঞপ্তি পাওয়া যাবে বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন