বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৩১ পি.এম
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি উচ্ছেদ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে, স্থানীয়রা অভিযোগ করছেন যে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ ছিল। অন্যদিকে, উচ্ছেদের ফলে বস্তিতে বসবাসকারী অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
স্থানীয়দের একটি অংশের দাবি, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধপ্রবণতা কমাতে বস্তি উচ্ছেদের উদ্যোগটি ইতিবাচক। তাদের অভিযোগ, মাজার বস্তিতে বিপুলসংখ্যক মানুষ একত্রে মাদক সেবন করতেন, ফলে এলাকাটি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল।
তবে, বস্তিবাসীদের ক্ষয়ক্ষতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে। উচ্ছেদের ফলে অনেক পরিবার তাদের বসতঘর এবং প্রয়োজনীয় সামগ্রী হারিয়েছেন। যদি তাদের পুনর্বাসন বা বিকল্প আবাসনের ব্যবস্থা না করা হয়, তাহলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
এখন প্রশ্ন উঠছে—শুধু একটি বস্তি উচ্ছেদ করলেই কি মাদক নিয়ন্ত্রণ সম্ভব? নাকি এতে মাদক সেবনের স্থান পরিবর্তিত হয়ে তা আশপাশের অন্য এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে?
স্থানীয় সচেতন মহলের মতে, মাদক নিয়ন্ত্রণে উচ্ছেদের পাশাপাশি নিয়মিত অভিযান, মাদক বিক্রির উৎস বন্ধ করা, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি।
টঙ্গীর মাজার বস্তি উচ্ছেদ—সমাধান, নাকি সমস্যার নতুন অধ্যায়?
এই প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর অফিশিয়াল প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছেন। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি জানিয়েছেন, বুধবার (২ সেপ্টেম্বর) অথবা বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এর মধ্যেই এই প্রজ্ঞাপন জারি হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশিত হলে নতুন মূল বেতন, স্কেল এবং ভাতার বিস্তারিত তথ্য পরিষ্কার হবে।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’ ও ‘সশস্ত্র বাহিনীর যৌথবাহিনী নির্দেশাবলি-২০২৬’ অনুমোদন করা হয়। নতুন পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সচিব কমিটির সুপারিশ, মূল্যস্ফীতি, সরকারের আর্থিক সক্ষমতা এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এই ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে।
অনুমোদিত পে স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকলেও, প্রতিটি গ্রেডের মূল বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ২০তম (সর্বনিম্ন) গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০,০০০ টাকা, যা পূর্বের তুলনায় ১৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১ম (সর্বোচ্চ) গ্রেডের নির্ধারিত মূল বেতন ১,৫৬,০০০ টাকা, যা আগের তুলনায় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বেতন অনুপাত পরিবর্তন
সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বৈষম্য দূর করতে বিদ্যমান ১:১.৯৪৫ অনুপাত কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে।
এদিকে, নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে।
এই অর্থের জোগান দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা পূরণের উপায় খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুন ভয়াবহ দাবানলে বহু মানুষের মৃত্যু ঘটার পর ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো ব্যক্তিদের জন্য মৃত্যুদণ্ড পুনর্বহাল করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই উদ্দেশ্যে তিনি দেশের ফৌজদারি আইনে সংশোধনী আনার নির্দেশ দিয়েছেন।
রবিবার বিচার মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় আইন সংশোধনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন তেববুন। তিনি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত আইনটির খসড়া প্রস্তুতির জন্য সময়সীমা নির্ধারণ করেছেন। সরকারি হিসাব অনুযায়ী, সাম্প্রতিক দাবানলে ১২ জনের মৃত্যু হয়েছে। তবে স্বাধীন সংবাদমাধ্যম এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা অনেক বেশি হতে পারে।
অনুসন্ধানী সাংবাদিক নোজহা খেলালেফ দাবানলে নিহতদের নাম সংগ্রহ করছেন। তিনি পরিবারের প্রকাশিত মৃত্যুসংবাদ এবং স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে একটি তালিকা তৈরি করছেন। স্বাধীন সংবাদমাধ্যম টুয়ালায় প্রকাশিত তার তালিকায় দাবানলে মৃতের সংখ্যা ২০০ উল্লেখ করা হয়েছে। তবে এই সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।
গত কয়েক দিনে আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১০০টির বেশি দাবানল ছড়িয়ে পড়ে, যার বেশির ভাগই এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আলজেরিয়ার প্রেস সার্ভিস জানিয়েছে, রবিবারের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ১৯টি আগুনের ঘটনা ঘটে, এর মধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এর আগে শনিবার তেববুন বলেছিলেন, দাবানলের পেছনে নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।
তিনি বলেন, আগুনের উৎপত্তি কিভাবে হয়েছে এবং এর পেছনে কারো ইচ্ছাকৃত ভূমিকা ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। প্রেসিডেন্ট বলেন, আগুনের ভয়াবহতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় তদন্ত করা হবে।
আলজেরিয়ার দণ্ডবিধিতে কিছু গুরুতর অপরাধের জন্য এখনও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে ১৯৯৩ সালের পর দেশটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। বর্তমান আইনে ইচ্ছাকৃতভাবে বনাঞ্চলে আগুন লাগানোর অপরাধে সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। কিছু ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডেরও বিধান রয়েছে। নতুন সংশোধনীতে বনাঞ্চলে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে বড় ধরনের ক্ষতি করা ব্যক্তিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে আলজেরিয়ার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে, যার ফলে বহু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
দাবানল থেকে নিরাপদ রাখতে হাজারো মানুষকে বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সদস্যরা কাজ করছেন। তেববুন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং জরুরি সেবা ব্যবস্থাগুলো দ্রুত মেরামতের নির্দেশও দেওয়া হয়েছে। দাবানলে মোট কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর আর্থিক পরিমাণ কত, তা নির্ধারণের জন্য তদন্তের নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট।
উত্তর আফ্রিকায় তীব্র তাপপ্রবাহের মধ্যে সাম্প্রতিক দাবানলগুলো ছড়িয়ে পড়েছে। আলজেরিয়া এবং প্রতিবেশী তিউনিশিয়া এ অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে। আলজেরিয়ায় গ্রীষ্মকালে বনাঞ্চলে আগুন লাগার ঘটনা নতুন নয়, তবে জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দাবানলের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বুধবার ব্রিটেনে দুই দিনের সফর শুরু করতে যাচ্ছেন। সফরের প্রথম দিনে তিনি ঐতিহাসিক বেয়ো ট্যাপেস্ট্রির বিশেষ প্রদর্শনীর উদ্বোধনে অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার তিনি ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো নেতা হিসেবে প্রথমবারের মতো বার্নহামের সঙ্গে ডাউনিং স্ট্রিটে বৈঠক করার সুযোগ।
মাখোঁর লন্ডন সফরের প্রতীকী গুরুত্ব রয়েছে। বুধবার তিনি বেয়ো ট্যাপেস্ট্রির প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনে অংশগ্রহণ করবেন। পরের দিন বার্নহামের সঙ্গে বৈঠক করবেন।
প্রায় ৯৫০ বছরের পুরোনো এই ট্যাপেস্ট্রি ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শনের জন্য ফ্রান্স থেকে ধার দেওয়ার উদ্যোগে মাখোঁ সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী বছরের জুলাই পর্যন্ত এটি ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শিত হবে।
কূটনৈতিক দিক থেকে বার্নহাম মাখোঁর সঙ্গে বৈঠক থেকে কিছু বাস্তব ফলাফলের প্রত্যাশা করছেন। ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার লক্ষ্য তার রয়েছে।
জুলাইয়ে কিয়ার স্টারমারকে সরিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর বার্নহাম মূলত দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর প্রতি বেশি মনোযোগ দিয়েছেন। তবে তিনি ধীরগতির ব্রিটিশ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি ইংলিশ চ্যানেল পেরিয়ে ব্রিটেনে আসা অভিবাসীদের ঠেকাতে ফ্রান্সের সহযোগিতা পাওয়ার চেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
২০২৪ সালের নির্বাচনে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও নানা ভুল সিদ্ধান্ত, কেলেঙ্কারি ও নীতিতে বারবার পরিবর্তনের কারণে স্টারমারকে শেষ পর্যন্ত নিজের দল মধ্য-বামপন্থি লেবার পার্টির কাছেই প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়।
প্রধানমন্ত্রী হওয়ার পর বার্নহাম অভ্যন্তরীণ নীতিতে বেশি গুরুত্ব দিয়েছেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তুলে ধরার ব্যাপারে তিনি আগ্রহী বলে মনে হচ্ছে। বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ইউক্রেনের প্রতি লন্ডনের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ।
স্টারমার এ ক্ষেত্রে কিছুটা সফলতা অর্জন করেছিলেন। তিনি মাখোঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং মিত্র দেশগুলোর প্রশংসা পেয়েছেন।
‘সমান গুরুত্বপূর্ণ’
কিংস কলেজ লন্ডনের ইউরোপীয় রাজনীতি ও পররাষ্ট্রবিষয়ক অধ্যাপক আনন্দ মেনন সতর্ক করে দিয়েছেন যে, এই সফর ‘বিষয়বস্তুর চেয়ে বেশি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ’ হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ইউক্রেন ইস্যুর মতো ইইউর বাইরের বিষয়ে ব্রিটেন ও ফ্রান্সকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হলেও অর্থনৈতিক বিষয়গুলোতে তাদের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
তিনি এএফপিকে বলেন, ‘বাস্তব বিষয়গুলোর ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর যেসব বিষয়ের প্রভাব রয়েছে, সেখানে পরিস্থিতি এখনো খুবই জটিল।’
বার্নহামের আগে দায়িত্ব পালন করা ব্রিটেনের পাঁচ প্রধানমন্ত্রীর মধ্যে স্টারমারের সঙ্গেই মাখোঁ সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন।
ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর তথাকথিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে প্রেসিডেন্ট মাখোঁ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও কার্যকর সম্পর্ক গড়ে তুলেছিলেন।’
বার্নহামের সঙ্গেও সমন্বয় ‘সমান গুরুত্বপূর্ণ এবং নিয়মিত’ হবে বলে আশা করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।
নেদারল্যান্ডস সফর শেষে ব্রিটেনে আসছেন মাখোঁ। তার বর্তমান মেয়াদের শেষ ছয় মাসের দিকে এগিয়ে যাওয়ার সময় এই সফর তার জন্যও গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল না হয়ে ইউরোপের নিজস্ব কৌশলগত সক্ষমতা ও স্বাধীনতার পক্ষে মাখোঁ দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন। ব্রেক্সিটের পরও এই পরিকল্পনায় ব্রিটেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নুনা হুসনাবাদ গ্রামের বাসিন্দা, হাসামপুর জামে মসজিদের ইমাম এবং লংলা রাশিদিয়া শমশেরিয়া হাফিজিয়া মাদরাসা ও জকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাসের শিক্ষক হাফিজ ক্বারী আব্দুল মতিন ইন্তেকাল করেছেন।
তিনি বুধবার ২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে হাসামপুর জামে মসজিদে দায়িত্ব পালনরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের খবর শুনে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম হাফিজ ক্বারী আব্দুল মতিন দীর্ঘকাল ধরে হাসামপুর জামে মসজিদের ইমাম হিসেবে এবং লংলা রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদরাসা ও জকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাসে শিক্ষক হিসেবে দ্বীনি শিক্ষা ও খেদমতে নিয়োজিত ছিলেন।
মরহুমের প্রথম জানাজা বিকাল ৪ ঘটিকায় লংলা রাশিদিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ আজ বিকেল ৫টা ৩০ মিনিটে কর্মধা ইউনিয়ন বাজার শাহী ইদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ