ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

‘ভালোবাসি, গভীর শ্রদ্ধা করি’: স্বামীকে নিয়ে আবেগঘন চিঠি অপরাজিতার


‘ভালোবাসি, গভীর শ্রদ্ধা করি’: স্বামীকে নিয়ে আবেগঘন চিঠি অপরাজিতার

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনে স্বামীর প্রতি অপরাজিতা আঢ্যের ভালোবাসা ও শ্রদ্ধা একটুও কমেনি। ওপার বাংলার এই অভিনেত্রী স্বামী অতনুর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেছেন। চিঠিতে তিনি জীবনসঙ্গীর প্রতি নিজের ভালোবাসা, মুগ্ধতা ও গভীর শ্রদ্ধার কথা তুলে ধরেছেন।

অপরাজিতা স্বামীর ব্যক্তিত্বের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, অতনুর অন্যতম বড় গুণ হলো নিজের আদর্শ ও বিশ্বাসে অবিচল থাকা। অন্যের জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার না করা, প্রত্যেকের স্বাধীনতা ও ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো এবং অন্যায়ের সঙ্গে আপস না করার মানসিকতা তাঁকে মুগ্ধ করে।

অতনুর মানবিক দিকটিও বিশেষভাবে উল্লেখ করেছেন অপরাজিতা। তাঁর মতে, স্বামী কোনো প্রচার কিংবা স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই মানুষের পাশে দাঁড়ান। অনেক মানুষকে তিনি নিজের হাতে গড়ে তুলেছেন, আবার নীরবে সহায়তা করেছেন অন্যদের এগিয়ে যেতে। এসব কাজের হিসাব রাখার প্রয়োজন তিনি কখনো অনুভব করেননি।

আরও পড়ুন: বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ নির্বাচিত হয়েছে ভিজিআইকে উৎসবে

স্বামীর প্রতি অনুভূতি প্রকাশ করতে গিয়ে অপরাজিতা স্পষ্ট করেছেন যে, তাঁদের সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার নয়, বরং পারস্পরিক শ্রদ্ধারও। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে কাটানোর পরেও অতনুর প্রতি তাঁর মুগ্ধতা অটুট রয়েছে। অভিনেত্রীর কথায়, ‘ঊনত্রিশ বছর পরেও তোমাকে শুধু ভালোবাসি না, তোমাকে গভীরভাবে শ্রদ্ধা করি।’

অতনুর জন্মদিনে অপরাজিতার এই আবেগঘন বার্তা তাঁদের দীর্ঘ দাম্পত্য জীবনের একটি সুন্দর দিক তুলে ধরেছে। ভালোবাসার পাশাপাশি একজন জীবনসঙ্গীর আদর্শ, মানবিকতা ও ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা যে সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে, সেই অনুভূতিই তাঁর লেখায় প্রতিফলিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (১৯) নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। এর আগে, গত সোমবার ৫ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রবিউল হোসেন একই ইউনিয়নের ধন্যপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, তার মেয়ে একসময় মাদ্রাসায় পড়াশোনা করত। বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। একই বাড়ির রবিউল দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল।

তিনি অভিযোগ করেন, গত সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় তার মেয়ে। পরে বাথরুম থেকে ঘরে ফেরার সময় রবিউল তাকে রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই দিন বাজার থেকে বাড়ি ফেরার পর তার সন্দেহ হলে মেয়ের কাছে বিষয়টি জানতে চান। তখন কিশোরী তাকে ধর্ষণের কথা জানায়। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। এরপর অভিযুক্তের পরিবারের সদস্যরা ঘটনা অস্বীকার করেন এবং উল্টো আমাদের গালমন্দ করেন

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রবিউল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে থানায় এসেছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করছেন। মামলার প্রক্রিয়া চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চে গুয়েভারাকে শ্রদ্ধা জানিয়ে আলোচনা, গান ও কবিতার আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


চে গুয়েভারাকে শ্রদ্ধা জানিয়ে আলোচনা, গান ও কবিতার আয়োজন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ বিপ্লবী চে গুয়েভারার স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (১০ অক্টোবর) বিভাগের সামনে ‘মাতৃভূমি, অথবা মৃত্যু’ শিরোনামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চে গুয়েভারার জীবন, রাজনৈতিক দর্শন এবং সমকালীন বিশ্বে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন বিভাগের শিক্ষকেরা। এরপর গান, নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে চে গুয়েভারার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা।

আলোচনার শুরুতে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খান তৌসিফ ওসমান চে গুয়েভারার সময়ের ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন। তিনি কিউবার বিপ্লব, লাতিন আমেরিকার তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন দেশে চে গুয়েভারার চিন্তার প্রভাব নিয়ে আলোচনা করেন। সামাজিক বৈষম্য, অর্থনৈতিক স্বাধীনতা এবং ন্যায়বিচারের প্রশ্নে চে গুয়েভারার ভাবনা বর্তমান বিশ্বে কতটা প্রাসঙ্গিক, তা-ও তিনি তুলে ধরেন।

এরপর বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এহতেশাম উল হক। তিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে চে গুয়েভারার রাজনৈতিক দর্শনের গুরুত্ব তুলে ধরেন। ‘মাতৃভূমি, অথবা মৃত্যু’ কথাটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি জাতীয় স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং দেশের মর্যাদা রক্ষার বিষয়ে আলোচনা করেন। স্বাধীনতা অর্জনের পাশাপাশি তা রক্ষার ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্বও তার বক্তব্যে উঠে আসে।

আলোচনা শেষে তিথির ‘চে গুয়েভারা’ কবিতা আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি কান্তার-মরু’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নাজা বিনতে খালিদ নোভা। কবি ফয়েজ আহমদ ফয়েজের ‘হাম দেখেঙ্গে’ পরিবেশন করেন তানজিলা ফেরদৌস মাহি।

নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নাহার ও সাদিয়া। ইতালির ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুক্ত গান ‘বেলা চাও’-এর সঙ্গে নৃত্য পরিবেশন করেন উম্মা রুমান লুবা।

এছাড়া খালিদ হাসান ও তার দল পরিবেশন করেন ‘মুক্তির মন্দির সোপানতলে’। আমির আজিজের ‘সব কিছু মনে রাখা হবে’ কবিতাটি আবৃত্তি করেন জাকিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আয়াসসহ ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আয়াসসহ ৪ জন আটক

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখানোর সময় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশ এবং এক নারীসহ মোট চারজন আটক হন।

শনিবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

শাহবাগ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বেলা ১২টার কাছাকাছি সময়ে এ ঘটনা ঘটে।

থানা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

এদিন সেগুনবাগিচায় রাষ্ট্র সংলাপ ফোরামের একটি কর্মসূচির ঘোষণা ছিল। সেই কর্মসূচির সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখানোর চেষ্টা করায় তাদের আটক করা হয়।

গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

পরে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির বোলোটানার ছোট্ট গ্রামের নারীরা বাঁচে শতবর্ষ, নেপথ্যে রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ইতালির বোলোটানার ছোট্ট গ্রামের নারীরা বাঁচে শতবর্ষ, নেপথ্যে রহস্য

ইতালির সার্ডিনিয়া দ্বীপের পাহাড়ি ছোট্ট গ্রাম বোলোটানায় নারীদের দীর্ঘায়ু নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, যদি গ্রামটির কোনো নারী ৭০ বছর বয়সে পৌঁছাতে সক্ষম হন, তবে তার ১০০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা ইতালি ও যুক্তরাষ্ট্রের নারীদের তুলনায় কয়েকগুণ বেশি।

ফ্রোন্টিয়ারস ইন এইজইং সাময়িকীতে প্রকাশিত গবেষকদের হিসাব অনুযায়ী, বোলোটানায় ৭০ বছর বয়সে পৌঁছানো নারীদের মধ্যে প্রায় ১৩ দশমিক ৮ শতাংশের শতবর্ষ পূর্ণ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পুরো ইতালিতে এই হার প্রায় ৩ দশমিক ৫ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ৩ দশমিক ৬ শতাংশ।

গবেষকদের মতে, এই ব্যতিক্রমী দীর্ঘায়ুর পেছনে স্থানীয় খাদ্যাভ্যাস, দৈনন্দিন হাঁটাচলা, পারিবারিক বন্ধন, সামাজিক যোগাযোগ এবং সম্ভবত জেনেটিক বৈশিষ্ট্যের সম্মিলিত প্রভাব থাকতে পারে। তবে কোন কারণটি কতটা গুরুত্বপূর্ণ, তা এখনো নিশ্চিত নয়।

নতুন ‘ব্লু জোন’ হতে পারে বোলোটানা

বিশ্বের যেসব অঞ্চলে মানুষের গড় আয়ু অস্বাভাবিকভাবে বেশি এবং শতায়ু মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, সেসব অঞ্চলকে সাধারণভাবে ‘ব্লু জোন’ বলা হয়।

সার্ডিনিয়ার কিছু অঞ্চল দুই দশকেরও বেশি সময় আগে দীর্ঘায়ুর অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। তবে নতুন গবেষণায় বোলোটানার নারীদের মধ্যে বিশেষ ধরনের দীর্ঘায়ুর প্রবণতা সামনে এসেছে।

গবেষকেরা ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত গ্রামের প্রবীণ বাসিন্দাদের বেঁচে থাকার তথ্য বিশ্লেষণ করেন। পাশাপাশি পুরোনো সরকারি নথি ও গির্জার সংরক্ষিত নথি ব্যবহার করে বাসিন্দাদের জন্ম ও মৃত্যুর বয়স যাচাই করা হয়।

প্রায় ২ হাজার ৩০০ মানুষের এই গ্রামে ১৯০০ থেকে ১৯২৫ সালের মধ্যে জন্ম নেওয়া ৩ হাজার ৬০ জনের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা ১০০ বছর বা তার বেশি বয়সী ৩৮ জনের সন্ধান পেয়েছেন।

৭০-এর পর আরও প্রায় ২১ বছর

গবেষণায় দেখা গেছে, বোলোটানার নারীরা ৭০ বছর বয়সে পৌঁছানোর পর গড়ে আরও প্রায় ২১ বছর বেঁচে থাকার সম্ভাবনা রাখেন।

বিশ্বের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে তুলনা করে গবেষকেরা দেখেছেন, ৭০ বছর বয়সে পৌঁছানোর পর বেঁচে থাকার সম্ভাবনা এবং ১০০ বছর পূর্ণ করার সম্ভাবনার দিক থেকে বোলোটানার নারীরা হংকংয়ের নারীদের পরেই রয়েছে।

গবেষণার সহলেখক ও ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগোর স্কুল অব পাবলিক হেলথের এপিডেমিওলজির ইমেরিটাস অধ্যাপক এস জে অলশানস্কির মতে, বোলোটানার বিশেষত্ব হলো এর দীর্ঘদিনের ঐতিহাসিক নথি। এসব নথির মাধ্যমে জন্ম ও মৃত্যুর বয়স স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়েছে।

হাঁটাচলা ও খাবারের ভূমিকা

বিজ্ঞানীরা এখনো বোলোটানার দীর্ঘায়ুর নির্দিষ্ট কারণ চিহ্নিত করতে পারেননি। তবে গ্রামটির জীবনযাপন থেকে কয়েকটি বিষয় তাঁদের নজরে এসেছে।

বোলোটানার রাস্তা ও আশপাশের এলাকা বেশ খাড়া ও পাহাড়ি। ফলে বাসিন্দাদের দৈনন্দিন চলাফেরায় হাঁটার ভূমিকা বেশি। অনেক ক্ষেত্রে গাড়ির পরিবর্তে পায়ে হেঁটেই প্রয়োজনীয় কাজ সারতে হয়।

খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন গবেষকেরা। স্থানীয়ভাবে উৎপাদিত খাবারের পাশাপাশি জলপাই ও জলপাইয়ের তেল এখানকার খাদ্যসংস্কৃতির অংশ। জলপাইয়ের তেলে থাকা স্বাস্থ্যকর চর্বি হৃদ্যন্ত্রসহ সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তবে শুধু খাদ্যাভ্যাস দিয়েই বোলোটানার নারীদের দীর্ঘায়ু ব্যাখ্যা করা যাচ্ছে না।

পরিবার ও সামাজিক সম্পর্ক

বোলোটানার বাসিন্দাদের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধনও শক্তিশালী। অনেক মানুষ আত্মীয়স্বজনের কাছাকাছি বসবাস করেন। ফলে বয়স্ক ব্যক্তিদের সামাজিক বিচ্ছিন্নতায় ভোগার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

অলশানস্কির মতে, ঘনিষ্ঠ সামাজিক পরিবেশে মানুষ একে অপরের যত্ন নেয়। দৈনন্দিন জীবনে শারীরিক চলাফেরা এবং সামাজিক যোগাযোগ—দুটিই দীর্ঘ ও সুস্থ জীবনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

গবেষকদের ধারণা, খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, পরিবার ও সামাজিক সহায়তা এবং জেনেটিক বৈশিষ্ট্য- সবকিছুর সমন্বিত প্রভাব থাকতে পারে। তবে শুধু বোলোটানার জীবনযাপন নকল করলেই দীর্ঘায়ু নিশ্চিত নয়।

গবেষকেরা সতর্ক করে বলেছেন, বোলোটানার মানুষের জীবনযাত্রার সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক পাওয়া গেলেও এর মাধ্যমে কোনো একটি কারণকে সরাসরি দায়ী করা যায় না।

গবেষণায় আরও দেখা গেছে, বিভিন্ন সময়পর্বে দীর্ঘায়ুর এই প্রবণতার মাত্রায় কিছুটা পরিবর্তন হয়েছে। ফলে বোলোটানাকে আনুষ্ঠানিকভাবে একটি প্রতিষ্ঠিত ‘ব্লু জোন’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে আরও দীর্ঘ সময়ের তথ্য ও স্বাধীন গবেষণার প্রয়োজন রয়েছে।

তবে বিজ্ঞানীদের আশা, এই গ্রামের মানুষের জীবনযাপন নিয়ে আরও গবেষণা করলে সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানোর ক্ষেত্রে খাদ্য, শারীরিক কর্মকাণ্ড, সামাজিক সম্পর্ক ও পরিবেশের ভূমিকা সম্পর্কে নতুন ধারণা পাওয়া যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%