০৫:০৫ পি.এম
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ বিপ্লবী চে গুয়েভারার স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (১০ অক্টোবর) বিভাগের সামনে ‘মাতৃভূমি, অথবা মৃত্যু’ শিরোনামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চে গুয়েভারার জীবন, রাজনৈতিক দর্শন এবং সমকালীন বিশ্বে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন বিভাগের শিক্ষকেরা। এরপর গান, নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে চে গুয়েভারার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা।
আলোচনার শুরুতে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খান তৌসিফ ওসমান চে গুয়েভারার সময়ের ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন। তিনি কিউবার বিপ্লব, লাতিন আমেরিকার তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন দেশে চে গুয়েভারার চিন্তার প্রভাব নিয়ে আলোচনা করেন। সামাজিক বৈষম্য, অর্থনৈতিক স্বাধীনতা এবং ন্যায়বিচারের প্রশ্নে চে গুয়েভারার ভাবনা বর্তমান বিশ্বে কতটা প্রাসঙ্গিক, তা-ও তিনি তুলে ধরেন।
আরও পড়ুন: গ্রেড ফোরে হিফজ সম্পন্ন করলো রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৫ শিক্ষার্থী
এরপর বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এহতেশাম উল হক। তিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে চে গুয়েভারার রাজনৈতিক দর্শনের গুরুত্ব তুলে ধরেন। ‘মাতৃভূমি, অথবা মৃত্যু’ কথাটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি জাতীয় স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং দেশের মর্যাদা রক্ষার বিষয়ে আলোচনা করেন। স্বাধীনতা অর্জনের পাশাপাশি তা রক্ষার ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্বও তার বক্তব্যে উঠে আসে।
আলোচনা শেষে তিথির ‘চে গুয়েভারা’ কবিতা আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি কান্তার-মরু’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নাজা বিনতে খালিদ নোভা। কবি ফয়েজ আহমদ ফয়েজের ‘হাম দেখেঙ্গে’ পরিবেশন করেন তানজিলা ফেরদৌস মাহি।
নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নাহার ও সাদিয়া। ইতালির ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুক্ত গান ‘বেলা চাও’-এর সঙ্গে নৃত্য পরিবেশন করেন উম্মা রুমান লুবা।
এছাড়া খালিদ হাসান ও তার দল পরিবেশন করেন ‘মুক্তির মন্দির সোপানতলে’। আমির আজিজের ‘সব কিছু মনে রাখা হবে’ কবিতাটি আবৃত্তি করেন জাকিয়া।
আরও পড়ুন: বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন