০৮:১৮ পি.এম
সাতক্ষীরার আশাশুনিতে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. মোস্তাকিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চম্পাফুল-পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মো. মোমিন আলী সরদারের পুত্র। আহত অপর যুবকের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, নিহত মোস্তাকিম এবং তার সঙ্গী মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে ওই এলাকায় ভিডিও ধারণের জন্য এসেছিলেন। ঘটনার সময় তারা চম্পাফুল-পারুলিয়া সড়ক দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং মোস্তাকিম এক হাতে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছিলেন। এক পর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে মোস্তাকিম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন