০৪:৩০ পি.এম
নিরাপদ সড়ক আন্দোলন জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্তমান তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে। সংগঠনটি ২২ অক্টোবরের পরিবর্তে ১১ জুলাই অথবা ২৯ জুলাই তারিখ নির্ধারণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আবেদন করেছে।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিরাপদ সড়ক আন্দোলন ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক নাগরিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সড়ক নিরাপত্তা নিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা, অ্যাডভোকেসি, ভিকটিম সাপোর্ট এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটি মনে করে, জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ এমনভাবে নির্ধারণ করা উচিত, যা রোড ক্র্যাশে নিহতদের স্মরণ, শিক্ষার্থী ও তরুণদের নিরাপত্তার অঙ্গীকার এবং নিরাপদ সড়কের দাবিতে ঐতিহাসিক নাগরিক-শিক্ষার্থী অংশগ্রহণ—এই তিনটি বিষয়কে প্রতিফলিত করে।
আরও পড়ুন: লালন সাঁইয়ের দর্শনে মানবতা ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান : খাদ্যমন্ত্রী
২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি গাড়ি রোড ক্র্যাশের শিকার হয়ে ৪৫ জন নিহত হন, যাদের মধ্যে ৪৩ জন শিক্ষার্থী ছিলেন। সুতরাং, এই দিনটি শিক্ষার্থী, তরুণ ও নাগরিকদের নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বিবেচিত হতে পারে।
অন্যদিকে, ২০১৮ সালের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়, তা দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে এটি একটি গুরুত্বপূর্ণ নাগরিক আন্দোলনে রূপ নেয় এবং বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা ও জবাবদিহিতার দাবি আরও জোরালো করে।
নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত মন্তব্য করেন, “জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল উদ্দেশ্য হওয়া উচিত সড়কে মানুষের জীবন ও নিরাপত্তার বিষয়টিকে সামনে রাখা। তাই দিবসটির তারিখ নির্ধারণের ক্ষেত্রে আমাদের দেশের সড়ক নিরাপত্তার ইতিহাস, রোড ক্র্যাশে নিহতদের স্মৃতি এবং নিরাপদ সড়কের দাবিতে গণমানুষের ঐতিহাসিক আন্দোলনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
সংগঠনটি মনে করে, ১১ জুলাই অথবা ২৯ জুলাইয়ের যেকোনো একটি তারিখ জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে নির্ধারণ করা হলে দিবসটি আরো অর্থবহ ও জনসম্পৃক্ত হয়ে উঠবে। একই সঙ্গে, সংগঠনটি এ বিষয়ে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষার্থী প্রতিনিধি, রোড ক্র্যাশে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি, নাগরিক সমাজ এবং সড়ক নিরাপত্তা নিয়ে কর্মরত সংগঠনগুলোর মতামত গ্রহণের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর
নিরাপদ সড়ক আন্দোলন আশা করে, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ পুনর্নির্ধারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন