ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

বেনজীরকে দেশে ফেরত আনা প্রসঙ্গে সর্বশেষ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


বেনজীরকে দেশে ফেরত আনা প্রসঙ্গে সর্বশেষ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। তবে দুবাই পুলিশ এখনও বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য প্রদান করেন।

এদিকে, হাদি হত্যা মামলায় অভিযুক্ত আসামি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাদি হত্যাকাণ্ডে জড়িত আসামিকে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জোর তৎপরতা চালানো হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: যুবসমাজই জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি

সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ থেকে বেনজীরকে ফেরত চেয়ে সব ধরনের আইনি এবং তদন্তসংশ্লিষ্ট নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে নথি পাওয়ার পর দুবাই পুলিশ এখন পর্যন্ত বাংলাদেশকে পরবর্তী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা জানায়নি।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং বিদেশে পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক তৎপরতা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সম্প্রতি ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের (অনুপ্রবেশ) চেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অত্যন্ত কঠোর ও সজাগ অবস্থানের কারণে ভারত সীমান্তে এখনো বড় ধরনের কোনো পুশ ইন বা অনুপ্রবেশের ঘটনা ঘটানো সম্ভব হয়নি।’

তিনি স্পষ্টভাবে বলেন, ‘ভারত যেভাবে পুশ ইনের চেষ্টা করছে, এটা কোনো যথাযথ বা আইনি প্রক্রিয়া নয়।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভারতে যদি কোন অবৈধ বাংলাদেশি নাগরিক অবস্থান করে থাকে, তবে সেই তালিকা যেন ভারত সরকার যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশকে জানায়।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার

তিনি বলেন, ‘কূটনৈতিক চ্যানেলে ভারত যদি কোনো বাংলাদেশির তালিকা দেয়, তবে বাংলাদেশ সরকার তাদের জাতীয়তা পুরোপুরি যাচাই-বাছাই করে দেখবে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ ব্রাজিলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


মেসির গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ ব্রাজিলের

বিশ্বকাপে ব্রাজিলের জয় নিয়ে যে আলোচনা হচ্ছে, তার সঙ্গে ভিনিসিউস জুনিয়রের বাতিল হওয়া গোল নিয়েও আলোচনা কম নেই। এই ঘটনা নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেক্সিকান রেফারি সিজার রামোসের সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফিফার কাছে অভিযোগপত্রে তারা শুধুমাত্র ভিনিসিউসের ঘটনার প্রসঙ্গে আলোচনা করেনি, বরং অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির গোলের জন্য বিল্ডআপের একটি বিতর্কিত মুহূর্তও তুলে ধরেছে।

ম্যাচের ২২ মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গোল করেন ভিনিসিউস। তবে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় রিপ্লে দেখে রেফারি রামোস গোলটি বাতিল করে দেন। তার দাবি ছিল, বল দখলের আগে ভিনিসিউস পেছন থেকে হেনরিকে ফাউল করেছিলেন।

কিন্তু সিবিএফের মতে, এই সিদ্ধান্তটি ছিল অগ্রহণযোগ্য এবং টুর্নামেন্টের ধারাবাহিকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাদের বক্তব্য হল, স্কটল্যান্ডের খেলোয়াড়দের প্রতিক্রিয়াতেও বোঝা যায়, তারা ফাউলের বাঁশি কিংবা গোল বাতিলের প্রত্যাশা করেননি।

অভিযোগকে শক্তিশালী করতে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের একটি ঘটনাও উল্লেখ করেছে। অস্ট্রিয়ার বিরুদ্ধে মেসির গোলের আগে আলেক্সিস ম্যাক আলিস্টারের ট্যাকলে সাভের শ্লাগার মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু রেফারি খেলা চালিয়ে যেতে দেন। পরে সেই আক্রমণ থেকেই গোল করেন মেসি, যা নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

ব্রাজিলের বক্তব্য, দুই ম্যাচের প্রেক্ষাপটে একই ধরনের পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই তারা ফিফার কাছে ব্যাখ্যা এবং রেফারিংয়ের ধারাবাহিকতা নিশ্চিত করার দাবি করেছে।

এদিকে স্কটল্যান্ডকে ৩–০ গোলে হারিয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে এশিয়ার শক্তিশালী দল জাপান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা হতে চলেছেন সামান্থা, সুখবর জানালেন অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


মা হতে চলেছেন সামান্থা, সুখবর জানালেন অভিনেত্রী

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সুখবর জানালেন। তিনি মা হতে চলেছেন।

কিছু মাস ধরে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছিল। তবে এত দিন এ বিষয়ে নীরব ছিলেন সামান্থা। এখন নিজেই সেই খবর নিশ্চিত করেছেন।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদযাপন অনুষ্ঠানে তিনি জীবনের নতুন অধ্যায়ের কথা জানান। এ সময় তিনি উল্লেখ করেন, হাতে থাকা কাজ শেষ করেই কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নেবেন।

অভিনেত্রী বলেন, ‘মা ইন্তি বাঙ্গারাম ছবির পর আমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। আমার বর্তমান অবস্থার কারণেই এই সিদ্ধান্ত। আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি। এটি বিদায় নয়। বিরতির পর নতুন কাজ নিয়ে আবারও দর্শকদের কাছে ফিরব।’

সামান্থার এই ঘোষণার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। ভক্ত, সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাতে শুরু করেন এবং নতুন জীবনের জন্য শুভকামনা জানান।

গত কয়েক মাস ধরে অগ্নিসংযোগ জল্পনায় তাকে ঘিরে গর্ভধারণের গুঞ্জন উঠে। বিভিন্ন অনুষ্ঠান ও জনসমক্ষে তার উপস্থিতির ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই দাবি করেছেন, তার বেবি বাম্প দৃশ্যমান।

যদিও সে সময় এ বিষয়ে সে কথা বলেননি সামান্থা। পরে পরিচালক বিভি নন্দিনী রেড্ডিও ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই অভিনেত্রীর জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এরপর থেকেই জল্পনা আরো জোরালো হয়।

অবশেষে নিজের মুখে সুখবর জানিয়ে সব গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা। এটি তাঁর ও স্বামী রাজ নিদিমোরুর প্রথম সন্তান হতে যাচ্ছে।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও সামান্থা ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও মনোযোগ দিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মা ইন্তি বাঙ্গারাম’ দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার মধ্যেই মা হওয়ার এই খবর অনুরাগীদের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে নির্মাতা রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা। এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। রাজ নিদিমোরুরও এটি দ্বিতীয় বিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে ওমরাহ পালনের জন্য ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


সৌদি আরবে ওমরাহ পালনের জন্য ভাবনা

পবিত্র ওমরাহ পালনার্থে পরিবারসহ সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র এই সফরের মুহূর্ত তুলে ধরে তার অনুভূতি প্রকাশ করেছেন।

শুক্রবার (২৬ জুন) ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন ভাবনা। প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি রঙের হিজাব ও বোরকা পরে ভাবনা পবিত্র কাবা শরীফের সামনে সপরিবারে দাঁড়িয়ে আছেন। এই সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন বাবা, মা ও বোন।

ছবির ক্যাপশনে প্রথমবার পবিত্র স্থান কাবা শরীফ দেখার অনুভূতির কথা উল্লেখ করে আবেগী বার্তা তিনি দিয়েছেন। ভাবনা লেখেন, "প্রথমবার যখন কাবা ঘরের ওপর আমার দৃষ্টি পড়লো, আমি স্তব্ধ হয়ে গেলাম।"

তিনি আরও লিখেছেন, "আমার ভেতরের আবেগ, সেই পরম শান্তি আর মনের গভীর থেকে আসা কৃতজ্ঞতা কোনো কথা দিয়ে বোঝানো সম্ভব না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ-ই মালিক।"

এমন একটি পোস্টে মন্তব্যের ঘরে প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যায় ভাসাচ্ছেন তার ভক্তরা। প্রিয় অভিনেত্রীর এই পবিত্র যাত্রা দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেক অনুরাগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি

অবশেষে হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি একমাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার একটি ‘যৌক্তিক পদ্ধতি’ নির্ধারণ করবে।
শুক্রবার (২৬ জুন ২০২৬ইং) সকালে সিলেটের সার্কিট হাউজে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শাহজালাল মাজারের দানবাক্সে তালা প্রদান নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে শুক্রবারের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হযরত শাহজালাল (রহ.) দরগাহর উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়।
বৈঠক শেষে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠনের কথা জানান বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন- সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেটের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, মাজারের মতোয়াল্লি পরিবারের দু’জন সদস্য, মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি এই কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।
এসময় বাণিজ্য মন্ত্রী জানান, দরগাহর উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমে যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আর্থিক হিসাবে স্বচ্ছতা আনতে ঐক্যমত্যে পৌঁছেছেন সকলে মাজার কর্তৃপক্ষও এ ব্যাপারে একমত। সবার মতামতের ভিত্তিতে সবপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।
প্রসঙ্গত, গত ১২ জুন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে যান সাবেক ডিসি সারওয়ার আলম। এ সময় তিনি মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার  ঘোষণা দেন। এরই অংশ হিসেবে গত ১৮ জুন বিকেলে মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দানের অর্থ রাখার জন্য থাকা ঐতিহাসিক তিনটি দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়। এ ঘটনার পর  জেলা প্রশাসকের পক্ষে-বিপক্ষে বিস্তর আলোচনা-সমালোচনা তৈরি হয়। দান বাক্স বসানোর ডিসির প্রত্যাহার হওয়ার প্রজ্ঞাপন জারির পরদিন সোমবার সারওয়ার আলম মাজারে যান। বেলা দুইটার দিকে তাঁর নির্দেশনায় দানবাক্স ও সিলগালা করা  ডেগগুলো খোলা হয়। টাকা গণনা শেষে সন্ধ্যায় জানানো হয়, আটটি ডেগ ও দানবাক্সে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা নগদ পাওয়া গেছে। এ ছাড়া ৭ আনা স্বর্ণালংকার ও ১০ সৌদি রিয়াল মিলেছে। এসব টাকা হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের নামে ব্যাংক হিসাবে রাখা হয়। এরপর থেকে মাজারের আয়ের স্বচ্ছতার বিষয়টি আলোচনায় আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%