১২:৩৬ পি.এম
আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত ও জনপ্রিয় ভারত এবং পাকিস্তানের দুই তরুণ ইসলামিক স্কলার চলতি আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসছেন। তাদের অংশগ্রহণে ঢাকা এবং চট্টগ্রামে দুটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে সিয়ান পাবলিকেশন লিমিটেড।
সিয়ান পাবলিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু তাসমিয়া আহমদ রফিক রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে আবু তাসমিয়া জানান, বাংলাদেশ সফরে আসছেন ভারতের ওয়াহইয়াইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শামায়েল নাদভী এবং পাকিস্তান ইউথ ক্লাবের পরিচালক তোয়াহা বিন জলিল। সমকালীন ইসলামী চিন্তাধারা, তরুণদের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ এবং শরিয়াহভিত্তিক বিভিন্ন বিষয়গুলো সহজ ও প্রাঞ্জলভাবে উপস্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন এই দুই তরুণ বক্তা।
আরও পড়ুন: মসজিদুল হারামে এক ইমামের পেছনে জামাতের ১০০ বছর পূর্ণ
আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই আন্তর্জাতিক বক্তার অংশগ্রহণে প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে ২১ আগস্ট চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি)।
এর পরদিন, ২২ আগস্ট ঢাকার পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় আন্তর্জাতিক সেমিনার।
দুটি সেমিনারেই সমকালীন মুসলিম সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ইসলাম সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভুল ধারণার জবাব, আধুনিক সমাজে ইসলামের প্রাসঙ্গিকতা, তরুণ প্রজন্মের বিশ্বাস ও মূল্যবোধ এবং তাদের জীবনদর্শন—এসব বিষয় আলোচনা করা হবে যা গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।
সেমিনার দুটিতে ভারত ও পাকিস্তানের এই দুই বক্তার পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট আলেম, ইসলামিক স্কলার ও গবেষকরাও বক্তব্য দেবেন।
আরও পড়ুন: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশ
আয়োজকরা আশা করছেন, আন্তর্জাতিক ও দেশীয় বক্তাদের সমন্বয়ে আয়োজিত এই সেমিনারগুলো তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী জ্ঞান, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সমকালীন বিভিন্ন প্রশ্ন নিয়ে গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি করবে। বিশেষ করে আধুনিক সময়ে ইসলামকে ঘিরে তরুণদের মনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্ন, সংশয় ও বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ নিয়ে সরাসরি আলোচনা করার একটি সুযোগ আসবে, যা তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করছেন আয়োজকরা। সেমিনারে অংশ নিতে আগ্রহীরা অনলাইনে আসন বুক করতে পারবেন। এজন্য সিয়ান পাবলিকেশনের ইভেন্ট ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
