০৪:৪০ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে।
অভিযুক্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের তিন সদস্য ও এক সোর্স আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সোর্স মাসুম মিয়াকে হাসপাতালে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজে।
শনিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন এবং কনস্টেবল মাইনুল। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ও পিকআপভ্যান ছিনতাইয়ের মামলার আসামি সাগরকে গ্রেফতারের উদ্দেশ্যে এসআই সুরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে সাগর এবং তার ভাই সজল ধারালো দা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে থাকা সোর্সও হামলার শিকার হন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া ছিনতাই-সংক্রান্ত একাধিক অভিযোগের বিষয়েও জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন