সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৪৩ পি.এম
অস্ট্রেলিয়ার সিডনিতে ঘটে যাওয়া জোড়া খুনের ঘটনার আগে, ঘাতক পুলিশ কর্মকর্তা ‘উবার ইটস’ ডেলিভারি বয় হিসেবে ছদ্মবেশ ধারণ করেছিলেন। নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টে শুরু হওয়া বিচারে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রসিকিউটররা এই তথ্য জনসমক্ষে নিয়ে আসেন। খবরটি বিবিসি থেকে প্রাপ্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবং মার্কিন সামরিক অভিযানের নতুন আশঙ্কার প্রেক্ষাপটে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইরানের রাজধানী তেহরানে সফর করছেন। চরম আঞ্চলিক উত্তেজনার আবহে, তিনি তেহরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করার উদ্দেশ্যে সেখানে পৌঁছান।
ইরানের সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বৈঠকের উদ্দেশ্য হলো দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং চলমান যৌথ পদক্ষেপগুলোর সমন্বয় সাধন।
পাকিস্তান শুরু থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন কমানোর জন্য মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে আসছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে, নকভি এর আগে একাধিকবার তেহরান সফর করেছেন।
গত জুন মাসে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই সমঝোতার ভিত্তিতে একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে দুই পক্ষ আলোচনায় বসলেও পরবর্তীতে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। বিশেষ করে, নিরাপত্তা নিশ্চয়তা প্রদান এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালী'তে অবাধ নৌ চলাচলের অধিকার নিয়ে দু'দেশের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হওয়ায় আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে যায়।
বর্তমান পরিস্থিতিতে, যেকোনো সময় নতুন করে মার্কিন হামলা বা সামরিক সঙ্ঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুরো অঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে। এই সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক তেহরান সফর কূটনৈতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে নিহত বৃদ্ধ ইসাহাক সরদার (৭৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দি এলাকায় নিহতের বাড়ির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মামলার এজাহার ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর জনারদন্দি গ্রামের ইসাহাক সরদারের সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ২২ আগস্ট রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ঝালু মোল্লা, তুহিন মোল্লা, পারভেজ মোল্লাসহ কয়েকজন তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। একপর্যায়ে তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ মামলার প্রধান আসামি তুহিন মোল্লাকে গ্রেপ্তার করে। তবে মামলার অন্য আসামিরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে নিহতের বড় মেয়ে ফাহিমা বেগম, ছোট মেয়ে নাহিদা আক্তার, ভাতিজা আলাউদ্দিন সরদার, মামাতো বোন জেসমিন রহমান, ভাতিজা আনোয়ার হোসেন ও রাসেল সরদারসহ স্বজনরা বক্তব্য দেন। তারা হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, মামলার প্রধান আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বকশীগঞ্জ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে এসব সার জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি অটোরিকশায় করে ১৫ বস্তা ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল। এ সময় অটোরিকশাটি থামিয়ে সারগুলোর বিষয়ে জানতে চাইলে চালক মো. মিল্লাত হোসেন জানান, তিনি যাত্রী নিয়ে পাশের শ্রীবরদী উপজেলায় গিয়েছিলেন। পরে তাহের নামে এক সার ব্যবসায়ী তাকে এসব সার বকশীগঞ্জের গোপালপুর বাজারে পৌঁছে দিতে বলেন। এর বিনিময়ে তাকে ৭০০ টাকা ভাড়া দেওয়ার কথা ছিল।
অভিযানের পর জব্দ করা সারগুলো বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জব্দ করা ১৫ বস্তা ইউরিয়া সার কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, “সারগুলো যেহেতু অবৈধভাবে বকশীগঞ্জে প্রবেশ করেছে, তাই এগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে মিরসরাই উপজেলার ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে জাহাঙ্গীর আলম (দৈনিক বাংলাদেশ মিডিয়া) এবং সাধারণ সম্পাদক পদে সাকিব চৌধুরী (দৈনিক সরজমিন বার্তা) মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন— সহ-সভাপতি আবু শাহাদাত নয়ন (মুভি বাংলা টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (মাই টিভি), সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া (সংবাদ দিগন্ত), সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন (আমার বার্তা), প্রচার সম্পাদক জহির খান (এসটি বাংলা টিভি), অর্থ সম্পাদক তানভীর হোসেন (সাপ্তাহিক নিরর্বিক), দপ্তর সম্পাদক সুজিত বণিক (প্রাইম টিভি), ক্রীড়া সম্পাদক নুরুল আমিন (দৈনিক গণকণ্ঠ) এবং সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মেহেদী হাসান (এসটি বাংলা টিভি)।
সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের স্বার্থরক্ষা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ