শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৫৪ পি.এম
বেশ কিছুদিন ধরে চলমান উত্তেজনার মধ্যে, ইরানের নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির মন্তব্যের উপর কড়া সমালোচনা করেছেন আব্বাস আরাগচি। তিনি প্রশ্ন তুলেছেন, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য তেহরানের কতক্ষণ অপেক্ষা করা উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরবি ভাষায় এক্সে একটি পোস্টে এই মন্তব্য করেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি দাবি করেছেন, ওয়াশিংটনের হামলার দুই ঘণ্টার মধ্যেই ইরান জর্ডান ও অন্যান্য অঞ্চলে হামলা চালিয়েছিল। সাফাদির মতে, তাই ইরানের এই হামলাকে কোনোভাবেই পাল্টা ব্যবস্থা হিসেবে গণ্য করা যায় না।
আরাগচি এই যুক্তিকে প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রাথমিক হামলার সময় আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন। তিনি প্রশ্ন করেন, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, এমন কোনো আগ্রাসীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার আগে ইরানকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? তিনি আরও বলেন, আগ্রাসী আরব রাষ্ট্র কিংবা ইরান, কারও সার্বভৌমত্বের তোয়াক্কা করা হয় না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, সাফাদি কি সত্যিই জানেন না যে, যুক্তরাষ্ট্রের সেই প্রাথমিক হামলাগুলোর সময় আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করা হয়েছিল, যার ফলে নিরীহ ইরানিরা প্রাণ হারিয়েছিলেন?
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতির অভিযোগে বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি একই অপরাধে সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ মোট ৬৫ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে সংস্থাটি।
সিএবি প্রাক-মৌসুমে খেলোয়াড়দের নথিপত্র যাচাই করার সময় বয়সের তথ্যে গরমিল খুঁজে পায়। এরপর রোহিত যাদবকে অনূর্ধ্ব-১৯ দল থেকে প্রত্যাহার করা হয়। চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের পাঁচটি ওয়ানডে ও দুটি দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলার কথা ছিল তাঁর।
সূত্রের বরাতে জানা গেছে, বাংলার বয়সভিত্তিক ক্রিকেটে খেলা রোহিতের প্রকৃত বয়সের সঙ্গে সরকারি নথিতে উল্লেখ করা বয়সের ব্যবধান প্রায় ২৭ মাস। বিসিসিআইয়ের অধিভুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকে তাঁর নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে।
রোহিতের মতো আরও ৬৪ ক্রিকেটারের বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগে ব্যবস্থা নিয়েছে সিএবি। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রবি কুমার। বাঁহাতি এই পেসার ২০২২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ফাইনালে ৯ ওভার বোলিং করে ৩৪ রানে চার উইকেট নিয়েছিলেন রবি। ইংল্যান্ডের প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনকেই আউট করে প্রতিপক্ষের ব্যাটিংয়ে চাপ তৈরি করেছিলেন তিনি। একই বছর বাংলার সিনিয়র দলে অভিষেক হলেও ২০২৩ সালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাঁকে।
সিএবির সিদ্ধান্ত অনুযায়ী, বয়সভিত্তিক ক্রিকেটে রবির অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তার সব রেকর্ড ও পরিসংখ্যান বাতিল হিসেবে গণ্য হবে। অনুসন্ধানে তার নথিভুক্ত বয়স ও প্রকৃত বয়সের ব্যবধান ৪০ মাসের বেশি পাওয়া গেছে বলে জানা গেছে।
ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতি ঠেকাতে আগেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২০ সালে বিসিসিআই একটি অ্যামনেস্টি স্কিম চালু করেছিল। ওই ব্যবস্থায় নিবন্ধিত কোনো ক্রিকেটার স্বেচ্ছায় নিজের বয়সসংক্রান্ত সঠিক তথ্য জানালে শাস্তি থেকে ছাড় পাওয়ার সুযোগ ছিল। তবে জালিয়াতি ধরা পড়লে কঠোর নিষেধাজ্ঞার বিধান রাখা হয়। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বয়স যাচাই আরও কঠোর করতে জন্মসনদের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষাগত নথিও জমা দেওয়ার নিয়ম চালু করেছে বিসিসিআই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতবিার রাত ১০টার দিকে শেওড়াতলা মাঠ এবং আকন্দপাড়া মাঠে অভিযান চালিয়ে এই মালামাল উদ্ধার করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১৯ হাজার ২০০ টাকা।
একই দিন রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আকন্দপাড়া মাঠ নামক স্থানে বিজিবির অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, এক হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার হয়। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ১৯ হাজার ৫২৫ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ গণরায় বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত হবে, সরকারের বিরুদ্ধে নয়।
তিনি শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গোলাম পরওয়ার উল্লেখ করেন, লংমার্চে অংশগ্রহণকারী গাড়ির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেড় হাজার গাড়ি লংমার্চে অংশগ্রহণ করবে। এই কর্মসূচিটি সরকারের পতনের উদ্দেশ্যে নয়, বরং গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ দূর করার লক্ষ্যে ১১ দলীয় জোট নিয়মতান্ত্রিক ও গঠনমূলকভাবে লংমার্চ পালন করবে।
তিনি আরও জানান, লংমার্চের উদ্বোধনী সমাবেশ সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হবে।
এরপর পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে একটি জনসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চে প্রশাসনের সহযোগিতা কামনা করে জামায়াতের এই নেতা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বিরোধী দল জনগণের দুর্ভোগ লাঘবে সংসদে ও বাইরে নিয়মতান্ত্রিক, গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
সরকারের প্রতি আমাদের অনুরোধ, বিরোধী দলের সর্ববৃহৎ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে সকল প্রশাসনিক সহযোগিতা প্রদান করে সরকার জনগণের আস্থায় থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৭ সালের দাখিল (প্রাইভেট) পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে রবিবার (৩০ আগস্ট) এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে পরীক্ষার্থীর বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে, যারা দাখিল প্রাইভেট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক। শুধুমাত্র ২০২৭ সালের দাখিল পরীক্ষার কেন্দ্র রয়েছে এমন মাদ্রাসা থেকে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা যাবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীরা সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশ নিতে পারবে। এই ক্ষেত্রে অতিরিক্ত বিষয় নেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি।
এছাড়া, প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে, যা নবায়ন করা যাবে না।
বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন ফি ও তথ্য এন্ট্রির বিষয়ে জানানো হয়েছে, অনলাইনে ২৪১ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার কার্যক্রম ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ফি সফলভাবে জমা দেওয়ার পর পরীক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে।
পরবর্তীতে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ই-এসআইএফ এন্ট্রি সম্পন্ন করতে হবে।
বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিকভাবে সব তথ্য এন্ট্রি করতে হবে। এরপর প্রিন্ট কপি নিয়ে যাচাই-বাছাই করতে হবে। কোনো ভুল থাকলে তালিকার সম্পাদনা অপশন ব্যবহার করে তা সংশোধন করা যাবে।
রেজিস্ট্রেশনের জন্য যেকোনো ব্রাউজার থেকে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ই-এসআইএফ অপশনে যেতে হবে।
এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ও এন্ট্রি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পেমেন্ট অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করার পর সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। তবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
বোর্ডের নির্দেশনায় আরো উল্লেখ করা হয়েছে, ডাকযোগে বা সরাসরি কোনো আবেদনপত্র কিংবা ফরম পূরণসংক্রান্ত কাগজপত্র গ্রহণ করা হবে না। সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পন্ন করতে হবে।
এদিকে, রেজিস্ট্রেশন ফি দিতে বা তথ্য এন্ট্রি করতে কোনো কারিগরি সমস্যা হলে অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক নির্ধারিত সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ ও ০১৮২৪-৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ