ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মায়ের হত্যা মামলার সাক্ষী কিশোরী সায়নী শিকারির মৃত্যু, বাবার বিরুদ্ধে অভিযোগ


মায়ের হত্যা মামলার সাক্ষী কিশোরী সায়নী শিকারির মৃত্যু, বাবার বিরুদ্ধে অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের সোনারপুরে মায়ের হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী নবম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মাতামহের বাড়ি থেকে সায়নী শিকারি নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা সমীর শিকারি মাকে হত্যার মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত। সম্প্রতি, প্রায় তিন বছর কারাবন্দি থাকার পর তিনি জামিনে মুক্তি পান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে সায়নীর মা মালা শিকারি খুন হন। এ ঘটনায় পুলিশ তার স্বামী সমীরকে গ্রেপ্তার করে। মায়ের মৃত্যুর পর থেকে সায়নী মাতামহ-মাতামহীর কাছে বসবাস করছিল। মাকে হত্যার ঘটনায় বাবার বিরুদ্ধে মামলায় সে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ছিল। তার জবানবন্দি বাবাকে গ্রেপ্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর সমীর মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন। এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে স্বজনেরা পুলিশকে বিষয়টি জানান। তাদের দাবি, পুলিশ সায়নীর সিম কার্ড ও মোবাইল নম্বর পরিবর্তনের পরামর্শ দিয়েছিল। পরিবার সেই অনুযায়ী ব্যবস্থা নিলেও সমীর নতুন নম্বরটি জেনে যান বলে অভিযোগ স্বজনদের।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সায়নীর মাতৃকূলের স্বজনদের অভিযোগ, তার বাবা তাকে ভয়ভীতি দেখাতেন এবং মায়ের হত্যা মামলায় দেওয়া সাক্ষ্য পরিবর্তন করার জন্য চাপ দিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে বাবার বিরুদ্ধে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঙ্গে আগের হত্যা মামলার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো জানা যায়নি।

শনিবার বিকেলে বাড়িতে একা ছিল সায়নী। সন্ধ্যায় পরিবারের সদস্যরা ফিরে এসে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে সায়নীর মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। মৃত্যুর আগে কারও সঙ্গে তার যোগাযোগ হয়েছিল কি না, তা জানতে ফোনের কল রেকর্ড ও বার্তা পরীক্ষা করা হচ্ছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ফোনটি লক করা থাকায় এর তথ্য উদ্ধারে ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সায়নীর মৃত্যুর কারণ এবং এর পেছনে কোনো ব্যক্তির ভূমিকা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ

আরও পড়ুন: নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস নির্বাচিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেড়ায় বিএনপি নেতা মঈন উদ্দীন খাজা বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


বেড়ায় বিএনপি নেতা মঈন উদ্দীন খাজা বহিষ্কার

পাবনার বেড়ায় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে বহিষ্কার করা হয়েছে। পাবনা জেলা বিএনপি তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। রবিবার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির প্যাডে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঈন উদ্দীন খাজাকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের অনুমোদন সাপেক্ষে জেলা বিএনপির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মো. আলাউদ্দিন সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

মঈন উদ্দীন খাজার অনুসারীরা দাবি করেছেন, গত ১৮ থেকে ২১ নভেম্বর বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তিনি নেতাকর্মীদের নিয়ে মাঠে ব্যাপক সক্রিয় ছিলেন। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নে বাধা দিতে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। তারা উল্লেখ করেছেন, তিনি বিএনপির একজন ত্যাগী নেতা এবং দলে তার অনেক অবদান রয়েছে।

এক ব্যক্তি, আসলাম মল্লিক, তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘খাজা ভাইকে বহিষ্কার করে জেলা বিএনপি প্রমাণ করল, তারা সাংগঠনিক কাজ ভালোভাবে পরিচালনা করতে পারে না। তারা পারে ত্যাগী নেতাদের দূরে সরিয়ে দিতে।’

আরেকজন, ইব্রাহিম, মন্তব্য করেছেন, ‘৫ আগস্টের পূর্বের ত্যাগী নেতারা আজ ৫ আগস্টের পরের হাল নেতাদের কাছে বহিষ্কার হচ্ছেন, এটা খুবই দুঃখজনক।’

বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা বলেছেন, ‘গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন যেন করতে না পারে, সেই লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছিলাম। প্রতিটি জায়গায় তাদের প্রতিহত করেছি। তারপরও আমাকে বহিষ্কার করা হয়েছে। আশাবাদী শিগগিরই দলের ভুল ভাঙবে, বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে।’

তিনি আরও বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল করি। জীবনের একবিন্দু রক্ত থাকা পর্যন্ত বিএনপি করব। আমি কারো পৈতৃক দল করি না, কোনো এমপির দলও করি না। আমি তারেক রহমানের দল করি, মরহুম বেগম খালেদা জিয়ার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আজীবন বিএনপি করে যাব, ইনশাআল্লাহ।’

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওখানে তো লেখাই রয়েছে কী কারণে বহিষ্কার করা হয়েছে। নতুন করে বলার কিছু নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি ব্যতিক্রমী সাজে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। যেখানে অধিকাংশ প্রতিযোগীকে বিকিনি বা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা গেছে, সেখানে মাহি সম্পূর্ণ ভিন্ন এক লুক বেছে নিয়েছেন। পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে বিশ্বমঞ্চে আলাদা করে নজর কেড়েছেন তিনি।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বটি অন্যতম আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং আয়োজন। এই পর্বে সাধারণত প্রতিযোগীরা নিজেদের শারীরিক সৌন্দর্য, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব তুলে ধরেন। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে মাহি ফুলহাতা নীল পোশাক পরিধান করেছেন। এর সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। মাহির উপস্থাপনায় ফুটে উঠেছে স্বতন্ত্র রুচি ও আভিজাত্য।

স্থানীয় সময় রোববার রাতে মাহি নিজের সামাজিকমাধ্যমে এই পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। তিনি জানান, আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন।

মাহির এই ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই তার পোশাক নির্বাচন ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও যে বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’ বলে।

এছাড়া, ন্যাশনাল কস্টিউম পর্বেও মাহি নিজস্ব ভাবনায় বাংলাদেশকে তুলে ধরেছিলেন। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে হাজির হন তিনি। পোশাকের মাধ্যমে মাতৃত্বের মমতা ও ভালোবাসার বার্তা তুলে ধরেন।

এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। এবারের আসরের গ্র্যান্ড ফিনালে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং নতুন মিস ইউনিভার্সের মাথায় উঠবে কাঙ্ক্ষিত মুকুট। বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা, বিশ্বমঞ্চে মাহির এই আত্মবিশ্বাসী ও ব্যতিক্রমী যাত্রা দেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রক্তের টান বড় টান’ প্রবাদ ভুল প্রমাণ হলো গোয়াইনঘাটে, যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


‘রক্তের টান বড় টান’ প্রবাদ ভুল প্রমাণ হলো গোয়াইনঘাটে, যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে।

এ ঘটনা সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অপরদিকে, অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমকে প্রতিপক্ষের লোকজন কোপ দিয়ে আহত করেন বলে জানা গেছে। এর পরিণতিতে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, মধ্য জাফলং ইউনিয়নে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন হয়েছেন। ঘটনার পর উপ-পরিদর্শক (এসআই) গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ সন্ত্রাসী আসলাম কোন দেশে যাচ্ছিলেন সুইডেন?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


শীর্ষ সন্ত্রাসী আসলাম কোন দেশে যাচ্ছিলেন সুইডেন?

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম, যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত, তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি আটক হন।

চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় একটি মামলা থাকায় তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তার আসল গন্তব্য ছিল মালয়েশিয়া।

ডিএমপির মুখপাত্র আকতার হোসেন জানান, এস এম আসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০০৫ সালে গ্রেফতারের পর, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%