ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে নতুন শর্ত ও ন্যূনতম বয়স জানাল ইউএসসিআইএস


মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে নতুন শর্ত ও ন্যূনতম বয়স জানাল ইউএসসিআইএস

যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করার মাধ্যমে নাগরিকত্ব লাভ করা সম্ভব নয়। নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে বয়স, গ্রিন কার্ড, দাম্পত্য সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে বসবাসের শর্ত। আবেদনকারীর জন্য ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)।

ইউএসসিআইএসের নির্দেশনা অনুযায়ী, মার্কিন নাগরিকের বিদেশি স্বামী বা স্ত্রী অভিবাসন ও জাতীয়তা আইনের ৩১৯(ক) ধারার আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তবে, আবেদনকারীকে অন্তত তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে। সাধারণত, গ্রিন কার্ড পাওয়ার পর থেকে এই সময় গণনা করা হয়। শুধুমাত্র বিয়ের মাধ্যমে এই সুযোগ লাভ করা সম্ভব নয়।

আবেদনকারীর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদন জমা দেওয়ার পূর্ববর্তী তিন বছর ধরে তাকে মার্কিন নাগরিক স্বামী বা স্ত্রীর সঙ্গে প্রকৃত দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে হবে। এই সময়ের মধ্যে তার সঙ্গীকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। আবেদন জমা দেওয়ার পর থেকে নাগরিকত্বের শপথ নেওয়া পর্যন্ত বৈধ বিবাহ বজায় রাখাও আবশ্যক।

আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান গ্রহণ করে রাজ্যকে বৃহত্তর বাংলাদেশে পরিণত করতে চেয়েছিল তৃণমূল

যুক্তরাষ্ট্রে বসবাসের শর্ত

নাগরিকত্বের জন্য আবেদন করার আগে অন্তত তিন মাস সংশ্লিষ্ট অঙ্গরাজ্য বা ইউএসসিআইএসের নির্ধারিত এলাকায় বসবাস করতে হবে। এছাড়া, আবেদন জমা দেওয়ার আগের তিন বছরে অন্তত ১৮ মাস যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে উপস্থিত থাকার শর্ত রয়েছে।

বিদেশে দীর্ঘ সময় অবস্থান করলে স্থায়ী বসবাসের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আবেদন করার আগে যুক্তরাষ্ট্রের বাইরে কাটানো সময়সহ নিজের বসবাসের রেকর্ড যাচাই করা জরুরি।

ভালো নৈতিক চরিত্রও জরুরি

আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা টোকিওতে মারা গেছেন

নাগরিকত্ব লাভের জন্য আবেদনকারীকে আবেদন জমা দেওয়ার পূর্ববর্তী অন্তত তিন বছরের ভালো নৈতিক চরিত্রের প্রমাণ দিতে হবে। শপথ নেওয়ার সময় পর্যন্ত এই যোগ্যতা বজায় রাখা আবশ্যক। যুক্তরাষ্ট্রের সংবিধানের মূলনীতির প্রতি আনুগত্য এবং দেশের আইন মেনে চলার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।

আবেদনকারীর ব্যক্তিগত ও অভিবাসন-সংক্রান্ত রেকর্ড যাচাই করে কর্তৃপক্ষ এসব শর্ত পূরণ হয়েছে কি না তা নির্ধারণ করতে পারে।

ইংরেজি ও নাগরিকত্ব পরীক্ষাও দিতে হবে

আবেদনকারীদের সাধারণত ইংরেজি ভাষা এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সরকারব্যবস্থা বিষয়ে নাগরিকত্ব পরীক্ষায় অংশ নিতে হয়। তবে নির্দিষ্ট বয়স, দীর্ঘস্থায়ী বসবাস অথবা প্রতিবন্ধকতার মতো কিছু পরিস্থিতিতে আইন অনুযায়ী ছাড় পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণে চীন, বাংলাদেশ-ভারত তীব্র বন্যার ঝুঁকিতে

আবেদন জমা দেওয়ার পর ইউএসসিআইএস প্রয়োজনীয় নথি যাচাই, সাক্ষাৎকারসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। আবেদন অনুমোদিত হলেও নাগরিকত্বের শপথ নেওয়ার আগে কেউ আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিক হন না।

পাঁচ বছরের নিয়মও রয়েছে

সাধারণ নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে পাঁচ বছর বসবাস করতে হয়। তবে, মার্কিন নাগরিকের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত শর্ত পূরণ করলে তিন বছরের মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে। এ ছাড়া, মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের নির্দিষ্ট কিছু স্বামী বা স্ত্রীর জন্য আলাদা বিধান রয়েছে।

অতএব, বিয়ের ভিত্তিতে নাগরিকত্বের জন্য আবেদন করার আগে নিজের অভিবাসন-অবস্থা অনুযায়ী ইউএসসিআইএসের নির্দেশনা যাচাই করা প্রয়োজন।

আরও পড়ুন: পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

সূত্র: যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা, দেশটির অভিবাসন ও জাতীয়তা আইন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনোর আগে ক্যালিফোর্নিয়ায় বিপদ, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৫ এম


এল নিনোর আগে ক্যালিফোর্নিয়ায় বিপদ, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এল নিনোর আগমনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে একটি নিরীক্ষায় দেখা গেছে, রাজ্যটির ৫৭টি বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে, যদি সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৪০টি বাঁধ ভেঙে পড়ে, তাহলে প্রায় ১৫ লাখ মানুষের জীবন বিপন্ন হতে পারে। পাশাপাশি, ২৬ হাজার ৫০০ কোটি ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত নিরীক্ষা প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের মে মাস পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৫৭টি বাঁধ দুর্বল বা অসন্তোষজনক অবস্থায় রয়েছে। আগের হিসাবের তুলনায় এই সংখ্যা বেড়েছে। পুরোনো বাঁধগুলোর অবস্থা নতুন করে মূল্যায়ন করা হচ্ছে, ফলে ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যজুড়ে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো ছড়িয়ে থাকলেও ঘনবসতিপূর্ণ উপকূলীয় শহরগুলোর আশপাশে এগুলোর সংখ্যা বেশি। বিশেষ করে সান ফ্রান্সিসকো উপসাগরীয় অঞ্চল, সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলেস এলাকায় বাঁধ ভেঙে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

বাঁধের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন থাকলেও কার্যকর ব্যবস্থা নেই। ২০১৭ সালে অরোভিল বাঁধের পানি নিষ্কাশন পথের কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছিল। ওই ঘটনার পর, আইনপ্রণেতারা বাঁধের নিরাপত্তা আইন লঙ্ঘনকারী মালিকদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাজ্য কর্তৃপক্ষকে প্রদান করেন।

তবে, নিরীক্ষায় দেখা গেছে, নিরাপত্তার শর্ত ভঙ্গের অভিযোগে ৪৪টি বাঁধের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও, রাজ্যের পানি সম্পদ বিভাগ এখন পর্যন্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। নিরীক্ষকদের মতে, নিরাপত্তার ঘাটতি দূর করতে ব্যর্থ বাঁধমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জননিরাপত্তার ঝুঁকি রয়ে গেছে।

পানি সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২২ সালে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিধিমালা চূড়ান্ত করা হয়। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকার কারণে আলাদা প্রয়োগকারী শাখা যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। এছাড়া, শুনানিতে নিজেদের সিদ্ধান্তের পক্ষে লড়াই করার ব্যয় বহন করতে পারবেন কি না, তা নিয়েও কর্মকর্তাদের উদ্বেগ রয়েছে।

৩০ বছরেও মেরামত হয়নি বিশাল গর্ত

নিরীক্ষায় এমন একটি বাঁধের কথা উল্লেখ করা হয়েছে, যার পানি নিষ্কাশন পথে ৪৭ ফুট চওড়া একটি গর্ত রয়েছে। তিন দশকেরও বেশি সময় ধরে সেটি মেরামত করা হয়নি। নিরীক্ষকের হিসাব অনুযায়ী, ওই বাঁধের ত্রুটির কারণে বন্যা হলে প্রায় ৩০০ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং ৮ কোটি ৮০ লাখ ডলারের বেশি আর্থিক ক্ষতি হতে পারে।

তবে নিরাপত্তার স্বার্থে নিরীক্ষা প্রতিবেদনে বাঁধটির নাম প্রকাশ করা হয়নি। রাজ্যের পানি সম্পদ বিভাগের কর্মকর্তারা বলেছেন, নির্দিষ্ট তথ্য প্রকাশ করলে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হতে পারে। তবে বার্ষিক প্রতিবেদনে প্রতিটি বাঁধের ঝুঁকির মাত্রা ও অবস্থা প্রকাশ করা হয়।

মেরামতে প্রয়োজন ২৮০০ কোটি ডলার

ক্যালিফোর্নিয়ার এক হাজার ২২০টির বেশি বাঁধের নিরাপত্তা তদারক করে রাজ্যের পানি সম্পদ বিভাগ। তবে এসব বাঁধের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান, পানি সংস্থা এবং বেসরকারি মালিকদের ওপর। নাজুক অবস্থায় থাকা কিছু বাঁধের মালিক সরকারি সংস্থাও।

অনেক বাঁধ কয়েক দশক আগে নির্মিত হয়েছে, যখন নিরাপত্তার মানদণ্ড তুলনামূলক দুর্বল ছিল। বাঁধের মালিকদের নিরাপত্তা মেরামতের জন্য আগাম অর্থ জমা রাখার বাধ্যবাধকতাও ছিল না। ফলে কংক্রিট ক্ষয়ে যাওয়া, পলি জমা এবং বন্যার পানিতে পানি নিষ্কাশন পথ ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সমস্যা দেখা দিলেও অনেক মালিকের মেরামতের সামর্থ্য নেই।

নিরীক্ষায় বলা হয়েছে, নাজুক অবস্থায় থাকা বাঁধগুলো মেরামত করতে প্রায় ২৮০০ কোটি ডলার প্রয়োজন হতে পারে। অথচ ২০২৪ সালে একটি গণভোটের মাধ্যমে মেরামত কর্মসূচির জন্য ৪৬ কোটি ৪০ লাখ ডলার বরাদ্দ আসে। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ক্যালিফোর্নিয়াকে ৬ লাখ ২৯ হাজার ১৯৮ ডলার অনুদান দিয়েছে। প্রয়োজনের তুলনায় এ অর্থ খুবই সামান্য।

জরুরি পরিকল্পনাও অসম্পূর্ণ

নিরীক্ষক আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, উচ্চ ও অত্যন্ত উচ্চ ঝুঁকির বাঁধগুলোর মালিকদের জন্য রক্ষণাবেক্ষণ ও মেরামতের পরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে রাজ্য কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনে ঝুঁকিপূর্ণ বাঁধ বন্ধ করে দেওয়ার আইনি ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এদিকে, বন্যা মোকাবিলার জরুরি পরিকল্পনাও অসম্পূর্ণ রয়েছে। বাঁধ ভেঙে গেলে মানুষ ও সম্পদ রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হবে, তা উল্লেখ করে ২৪৫টি বাঁধের জরুরি পরিকল্পনা এখনো অনুমোদন করেনি রাজ্যের জরুরি সেবা দপ্তর। বাঁধমালিকেরা প্রয়োজনীয় সংশোধন শেষ না করায় এসব পরিকল্পনা আটকে আছে। এ ক্ষেত্রে আইনেও নির্দিষ্ট সময়সীমা নেই।

রাজ্যের পানি সম্পদ বিভাগের বন্যা ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিভাগের উপপরিচালক লরা হলেন্ডার বলেছেন, নিরীক্ষকের সঙ্গে তাদের বিভাগ ঘনিষ্ঠভাবে কাজ করেছে। তবে প্রতিবেদনের কিছু পর্যবেক্ষণ ও সুপারিশের সঙ্গে তারা একমত নন। তারপরও সুপারিশগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং এল নিনোর প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, জননিরাপত্তা রক্ষা তাদের বিভাগের সর্বোচ্চ অগ্রাধিকার। বন্যার ঝুঁকি কমাতে বাঁধের নিরাপত্তা ও বন্যা প্রতিরোধী বাঁধের রক্ষণাবেক্ষণ গুরুত্বপূর্ণ।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৩ সালে ই-স-রা-ই-লে-র হাতে আটক ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৫ এম


২০২৩ সালে ই-স-রা-ই-লে-র হাতে আটক ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির (পিপিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনী দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে। বর্তমানে তাদের মধ্যে ৩৫০ জনকে ‘কঠোর পরিস্থিতিতে’ আটক রাখা হয়েছে।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে সংগঠনটি জানায়, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে ভয়ভীতি প্রদর্শন ও আটকের ঘটনা ঘটছে। এর ফলে শিশুদের ওপর নির্যাতন, অনাহারে রাখা এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার মতো ঘটনা সংঘটিত হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ কোনো অভিযোগ গঠন বা মুক্তির নির্দিষ্ট তারিখ ছাড়াই শিশুদের আটক করে রেখেছে। সংগঠনটির মতে, এ ধরনের নীতি একটি গুরুতর লঙ্ঘন এবং অপরাধ। এর ফলে শিশুরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে এবং তাদের পরিবার ও শিক্ষাজীবনের স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে।

সংগঠনটি ইচ্ছামতো আটক শিশুদের মুক্তি নিশ্চিত করার জন্য, নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত কার্যকরভাবে সম্পন্ন করার এবং নির্যাতন, অনাহারে রাখা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো কর্মকাণ্ড বন্ধ করার জন্য ‘কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪২ এম


নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যে কাজ এগিয়ে চলছে। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।

এছাড়া, দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পটির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থাপিত তথ্যে এসব অগ্রগতির কথা জানানো হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদী।

প্রকল্পের নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক তুলে ধরে বৈঠকে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৃতীয় প্রজন্মের আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে প্রকল্পের প্রতিটি ধাপ বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও প্রকল্পটি সঠিক পথে রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজও চলমান রয়েছে বলে জানানো হয়।

বৈঠকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনচর্চা বাড়াতে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করা হয়। পাশাপাশি দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে বিদেশে রপ্তানি বাড়ানো এবং বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির সদস্যরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি পর্ব ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪২ এম


মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

তিনি বুধবার রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মির্জা আব্বাস দেশে ফিরেছেন চিকিৎসা শেষে এবং বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

মির্জা আব্বাস প্রায় পাঁচ মাস ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। গত ২ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেছিলেন। পরে ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া গমন করেন। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার চিকিৎসা চলছিল।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে দেড় মাস চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%