ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী


রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাখার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এ কথা তিনি আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩২-এর সরকারি দলের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের একটি সম্পূরক প্রশ্নের জবাবে বলেন।

মন্ত্রী জানান, আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ গত বছরের তুলনায় উন্নত হবে বলে সরকারের প্রত্যাশা। এর ফলে বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি

তিনি উল্লেখ করেন, ‘এ বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ গত বছরের তুলনায় ভালো থাকবে। বর্তমানে আমরা যে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তাতে পণ্যের দাম সহনীয় থাকবে, এমনকি গত বছরের তুলনায় আরও ভালো অবস্থায় থাকতে পারে। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন না হলে এই পরিস্থিতি বজায় থাকবে বলে আমরা আশা করছি।’

মন্ত্রী আরও বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

বাজার মনিটরিং, আগাম পণ্যের মূল্য নির্ধারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী দেশের বাজার ব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, বাজার ব্যবস্থায় বিভিন্ন ধরনের অসামঞ্জস্য থাকায় সব জায়গায় পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে থাকে না। বিশেষ করে উৎপাদন এলাকা এবং খুচরা বাজারের মধ্যে ভৌগোলিক দূরত্ব ও ভারসাম্যহীনতা এর অন্যতম কারণ।

আরও পড়ুন: জনগণ ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে: বিক্ষোভে বক্তাদের অঙ্গীকার

তিনি বলেন, দেশের সরবরাহ ব্যবস্থায়ও দুর্বলতা বিদ্যমান। গত ৫৫ বছরে সারা বছর কৃষিপণ্যের পর্যাপ্ত সরবরাহ এবং তুলনামূলক স্থিতিশীল মূল্য নিশ্চিত করার মতো সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি।

মন্ত্রী জানান, মৌসুমি সবজি উৎপাদনের সময় বাজারে সহজলভ্য থাকলেও বছরের অন্যান্য সময়ে এসব পণ্যের সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়।

তিনি বলেন, ‘মৌসুমি পণ্যের দাম সারা বছর একই পর্যায়ে রাখতে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হলে আমাদের সরবরাহব্যবস্থাকে সেভাবেই নতুন করে সাজাতে হবে।’

মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। সারা বছর ফলমূল ও শাকসবজিসহ কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে তিন থানার ওসি বদলি, আইনশৃঙ্খলা রক্ষার উদ্যোগ

কৃষিমন্ত্রীকে একজন দক্ষ ও পরিশ্রমী সহকর্মী হিসেবে উল্লেখ করে মুক্তাদির বলেন, দুই মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে একটি বিস্তৃত সরবরাহব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করা হবে।

তিনি বলেন, ‘আমরা অন্তত বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছি। এখন এ বিষয়ে কাজ শুরু করব। একটি সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ে তুলতে বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে।’

আন্তর্জাতিক অভিজ্ঞতার উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বের কয়েকটি দেশ বাজারের এ ধরনের অসামঞ্জস্য দূর করতে সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ে তুলেছে। বাংলাদেশও একই ধরনের উদ্যোগ গ্রহণ করবে।

সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করা সম্ভব হলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষায় ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করলেন রুনা খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু হানিফ: প্রশাসনে আ.লীগের গুপ্তদের রেখে দেশ ভালোভাবে চালানো সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


আবু হানিফ: প্রশাসনে আ.লীগের গুপ্তদের রেখে দেশ ভালোভাবে চালানো সম্ভব নয়

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, প্রশাসনে আওয়ামী লীগের গুপ্তদের রেখে সরকার দেশের সুষ্ঠু পরিচালনা করতে পারবে না। তিনি এই মন্তব্যটি রোববার (১৫ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।

আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের সাথে যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উস্কানি দেওয়ার।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগের সাথে যোগাযোগ ও তথ্য পাচারের। শুধু তিনি নন, প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসররা বিভিন্নভাবে পলাতক লীগকে সহযোগিতা করছে।

সচিবালয় থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আওয়ামী লীগের গুপ্তরা রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগের কাছে পাচার করছে। প্রশাসনের সাথে যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ মিছিল করছে। আবু হানিফ বলেন, প্রশাসনে আওয়ামী লীগের গুপ্তদের রেখে সরকার ভালোভাবে দেশ চালাতে পারবে না। এই পরিস্থিতিতে সরকারের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রশাসনে থাকা আওয়ামী লীগের গুপ্তদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। তা না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা (দক্ষিণ), ১৫ নভেম্বর ২০২৬ : জেলায় আজ বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি ও কাচ্চি তৈরির প্রক্রিয়ায় নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের দায়ে হাজী বিরিয়ানি হাউজ নামক একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রামঘাটলা এলাকায় পরিচালিত অভিযানের সময় এ জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানের নেতৃত্ব দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানের সময় হাজী বিরিয়ানি হাউজে বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি ও কাচ্চি তৈরির ক্ষেত্রে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি চিহ্নিত করা হয়। এই কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্ন বাস্তবায়নের পীঠস্থান বললেন সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্ন বাস্তবায়নের পীঠস্থান বললেন সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বপ্ন বাস্তবায়নের পীঠস্থান। এই প্রতিষ্ঠান শুধুমাত্র উচ্চশিক্ষার কেন্দ্র নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গণতান্ত্রিক আন্দোলন এবং সাংস্কৃতিক বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। শিক্ষার্থীদের দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধার এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি কালচারাল সোসাইটি (DUCCS) কর্তৃক আয়োজিত ‘কালচারাল উইক-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার জীবনের অনেক সংগ্রামী ও গৌরবময় স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের দিনগুলোর কথা স্মরণ করেন।

তিনি শিক্ষার্থীদের তেজোদীপ্ত সূর্যের সঙ্গে তুলনা করে বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ এবং তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিতে হবে।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, একসময় ভাগ্য অন্বেষণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাংলায় এসেছেন। এ ভূখণ্ডের সমৃদ্ধি, ঐতিহ্য ও সম্ভাবনার সেই গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যা কিছু সুন্দর, সত্য ও কল্যাণকর, সব সময় তার সঙ্গে থাকতে হবে।

মন্ত্রী বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতির প্রসঙ্গ উল্লেখ করে জানান, বিশ্বের ৫১টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বপরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সম্পর্ক জোরদার করা জরুরি।

দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা তুলে ধরে মন্ত্রী পাহাড় ও সমতলের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার অসাধারণ মেলবন্ধনের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যই আমাদের শক্তি ও স্বতন্ত্র পরিচয়ের ভিত্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর মো. ইসরাফিল পি কে এবং চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা আশফাক নিপুণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ। এ সাংস্কৃতিক সপ্তাহে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং প্রচলিত ধারার বাইরে শিল্প, সংস্কৃতি ও সমাজভাবনার মেলবন্ধন ঘটানোর নানা আয়োজন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৬ দশমিক ৫৩ শতাংশে নেমে এসেছে। এটি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের নথিভুক্ত ইতিহাসে সর্বনিম্ন হার হিসেবে চিহ্নিত হয়েছে। এত কম অগ্রগতি আগে কখনো দেখা যায়নি। তিন লাখ কোটি টাকার বেশি বরাদ্দের বিপরীতে, জুলাই-অক্টোবর সময়ে ব্যয় হয়েছে মাত্র ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) রোববার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এডিপি বাস্তবায়নের হার পূর্ববর্তী দুই অর্থবছরের একই সময়ের তুলনায় কম। ২০২৫-২৬ ও ২০২৪-২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৩ এবং ৭ দশমিক ৯০ শতাংশ।

সাধারণত স্বাভাবিক সময়ে এডিপি বাস্তবায়নের হার ১০ শতাংশের বেশি হয়ে থাকে। উদাহরণস্বরূপ, ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ এবং এর আগের অর্থবছরে ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ।

আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই-অক্টোবর সময়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ২০ হাজার ১৫৯.৬৪ কোটি টাকা।

সাধারণত প্রথম চার মাসে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হতে দেখা যায়। যেমন ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরে টাকার অঙ্কে ব্যয় হয়েছিল যথাক্রমে ২০ হাজার ৬০৯.৫৫ কোটি টাকা এবং ২১ হাজার ৮৯৫.৫৬ কোটি টাকা।

চলতি অর্থবছরে সরকার সংস্থার নিজস্ব অর্থায়নসহ এডিপিতে ৩ লাখ ৮ হাজার ৯২৪.৮৬ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%