ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা


নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চালের ওজন কম দেওয়ার সত্যতা প্রমাণিত হওয়ার পর তথ্য সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী সাংবাদিক মোস্তফা অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় দুই সাংবাদিক চালের ওজন কম দেওয়ার অভিযোগ পেয়ে যাচাই করতে এক গ্রাহকের চাল ওজন করেন। তখন ৩০ কেজি চাল বিতরণের বিপরীতে মাত্র ২৩ কেজি চাল পাওয়া যায়, যা উপস্থিত সকলের সামনে স্পষ্ট হয়ে ওঠে।

উপকারভোগীদের ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও প্রতি বস্তায় ২৩ কেজি চাল দেওয়া হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে দুই সাংবাদিক মৌখিকভাবে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ডিলার টিটো সাংবাদিক মোস্তফাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করেন বলে নিশ্চিত করেছেন সংবাদকর্মী মোস্তফা।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর তিন বহিরাগত আটক

অভিযুক্ত ডিলারের নাম লিয়াকত আলী সর্দার (টিটো)। তিনি চরযশোরদী ইউনিয়নের আশফরদী এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেলেও অভিযুক্ত ডিলার ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেন যে, এসব অভিযোগ সম্পূর্ণ সাজানো ও বানোয়াট।

সংবাদকর্মী মোস্তফা ইনকিলাবকে বলেন, "গরিব মানুষকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে, এর প্রতিবাদ করাটাই আমার অপরাধ।"

এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, ডিলার টিটো চাল মাপে কম দেওয়ার বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের বিরুদ্ধে উল্টো চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছেন। এর আগে গত সোমবার (১০ নভেম্বর) স্থানীয় দুই সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ডিলার টিটো তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

ঘটনার বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, "চাল ওজনে কম দেওয়া এবং সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন: বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ১৭৭ বাংলাদেশি সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ

স্থানীয়রা খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। সেইসঙ্গে প্রকৃত উপকারভোগীরা যাতে ভবিষ্যতে তাঁদের পূর্ণ ও সঠিক পরিমাণে চাল পান, সে বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, স্থানীয় ৩৫-৪০ জন মানুষের সামনে প্রকাশ্যে একজন উপকারভোগীর ৩০ কেজির চালের বস্তা ডিজিটাল পাল্লায় মেপে মাত্র ২৩ কেজি চাল পাওয়ার প্রমাণ মিলেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল-সাইয়েদের হেগসেথকে পদত্যাগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


আল-সাইয়েদের হেগসেথকে পদত্যাগের আহ্বান

নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব পালনকারী পিট হেগসেথের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি একই সঙ্গে হেগসেথকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আল-সাইয়েদ হেগসেথকে উদ্দেশ্য করে বলেন, “আপনি এখনো এই দায়িত্বে আছেন কেন? আপনি এই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হচ্ছেন। নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। এই যুদ্ধ পরিচালনায় আপনি অব্যবস্থাপনার পরিচয় দিয়েছেন।”

তিনি আরও বলেন, “কাজেই পদত্যাগ করুন। সবার জন্য বিষয়টি সহজ করে দিন। শেষ পর্যন্ত আপনাকে যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, তা তো স্পষ্টই বোঝা যাচ্ছে।”

অভিশংসনের প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ না নেওয়া ১১ জন ডেমোক্র্যাট সদস্যের বিষয়ে আল-সাইয়েদ মন্তব্য করেন, তাদের উচিত ছিল অধিবেশনে উপস্থিত থেকে নিজেদের দায়িত্ব পালন করা।

অন্যদিকে, হেগসেথ অভিশংসন প্রক্রিয়াকে “প্রহসন ও লোকদেখানো কর্মকাণ্ড” বলে অভিহিত করেছেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ হেগসেথকে অভিশংসনের প্রস্তাব সরাসরি ভোটে না তুলে রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দেয়। এর ফলে হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আপাতত আটকে দেয় রিপাবলিকান আইনপ্রণেতারা। এই ঘটনায় পেন্টাগন নিজেদের “পূর্ণ বিজয়” বলে ঘোষণা করেছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, “ভিত্তিহীন অভিশংসন প্রস্তাবগুলো প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, যুদ্ধ মন্ত্রণালয় এবং মার্কিন সেনাদের জন্য পূর্ণ বিজয়।”

তিনি আরও বলেন, বিচার বিভাগীয় কমিটিতে এই প্রহসনমূলক অভিশংসন প্রচেষ্টার অবসান ঘটানোর অপেক্ষায় রয়েছে পেন্টাগন। সেখানে তথ্য-প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত আসবে এবং এই অপ্রয়োজনীয় বিতর্কের অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, দলীয় অবস্থানের ভিত্তিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ২১১-২০৪ ভোটে পাস হয়। এর ফলে বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির নেওয়া হেগসেথকে অভিশংসনের উদ্যোগের ভবিষ্যৎ এখন বিচার বিভাগীয় কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে প্রতারণার অভিযোগে সুনীল দাস নামে এক যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


দিরাইয়ে প্রতারণার অভিযোগে সুনীল দাস নামে এক যুবক গ্রেফতার

সুনামগঞ্জের দিরাইয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা নেওয়ার অভিযোগে সুনীল দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
অভিযোগ রয়েছে, অসুস্থ মা হাসপাতালে চিকিৎসাধীন এবং স্ত্রীর অপারেশন করাতে হবে—এমন নানা পারিবারিক সমস্যার কথা বলে মানুষের সহানুভূতি অর্জন করতেন তিনি। এভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় মদসহ গ্রেপ্তার ১৭

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় মদসহ গ্রেপ্তার ১৭

মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধে পুলিশের পৃথক অভিযান; গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ জন**

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল কেরু অ্যান্ড কোম্পানির দেশীয় মদসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গত ১০ নভেম্বর মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযানে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও কেরু অ্যান্ড কোম্পানির দুই বোতল দেশীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত মামলায় ছয়জন, বরিশাল মহানগর অধ্যাদেশে একজন এবং অন্যান্য আইনে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএমপির প্রকাশিত তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন অপরাধে পরিচালিত এসব অভিযানে সর্বমোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মহানগরীতে মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারসহ অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএমপি। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিয়ার খলা সেনা ক্যাম্পে আশ্রয়হীনদের দ্বারে বিশ্বম্ভরপুর ইউএনও: বিশুদ্ধ পানি, সড়ক ও কবরস্থানের জায়গা নির্ধারণে আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

‎শাহানুর আলম ​সুনামগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


শক্তিয়ার খলা সেনা ক্যাম্পে আশ্রয়হীনদের দ্বারে বিশ্বম্ভরপুর ইউএনও: বিশুদ্ধ পানি, সড়ক ও কবরস্থানের জায়গা নির্ধারণে আশ্বাস

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা সেনা ক্যাম্পে আশ্রয় নেওয়া আশ্রয়হীন জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা ও সার্বিক জীবনযাত্রার মান সরেজমিনে পরিদর্শন করেছেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সখিনা আক্তার।
‎পরিদর্শনকালে তিনি ক্যাম্পের বাসিন্দা ও স্থানীয়দের সাথে মুখোমুখি হয়ে তাদের দুঃখ- দুর্দশা ও বিভিন্ন সমস্যার কথা গুরুত্বসহকারে শোনেন। এসময় ইউএনও সখিনা আক্তার আশ্রয়ন প্রকল্পে কতগুলো ঘর খালি রয়েছে তা নির্ণয় করার নির্দেশ দেন। পাশাপাশি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র অভাব, চলাচলের জরাজীর্ণ রাস্তার সমস্যা সমাধান এবং মৃতদের দাফনের জন্য দ্রুত কবরস্থানের জায়গা নির্ধারণ করার ইতিবাচক আশ্বাস প্রদান করেন।
‎পরিদর্শনের সময় ক্যাম্প এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইউএনও। আশ্রয়ন প্রকল্পের কেউ বা ক্যাম্পের সাথে সংশ্লিষ্ট অন্য কেউ মাদকের সাথে জড়িত আছে কিনা—সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) ঘোষণা দেন। এছাড়াও এলাকায় একটি মসজিদ নির্মিত থাকলেও সেখানে কার্যক্রম কেন বন্ধ রয়েছে, তা নিয়ে বাসিন্দাদের কাছে কারণ জানতে চান এবং অতি দ্রুত মসজিদটি সক্রিয় করার উদ্যোগ নেওয়ার কথা জানান।
‎পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড, স্থানীয় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার), সার্ভেয়ার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।
‎স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং উল্লেখিত সমস্যাগুলো দ্রুত সমাধানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তার জোর দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%