ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ার সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি, ভারতসহ ৫ দেশকে ঘিরে নতুন মার্কিন বিল


রাশিয়ার সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি, ভারতসহ ৫ দেশকে ঘিরে নতুন মার্কিন বিল

যুক্তরাষ্ট্রের সিনেটে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, রাশিয়ার তেল কিনতে থাকা ভারতসহ পাঁচটি দেশ অতিরিক্ত শুল্ক ও অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপের মুখোমুখি হতে পারে।

বিল অনুযায়ী, মার্কিন প্রশাসন রাশিয়ার তেলের বড় ক্রেতা দেশগুলোর ওপর শুল্ক আরোপ করতে পারবে। ব্লুমেনথাল যে পাঁচটি দেশের নাম উল্লেখ করেছেন, সেগুলো হলো, চীন, ভারত, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান।

মঙ্গলবার সিনেটর রিচার্ড ব্লুমেনথাল, জিন শাহিন, রজার উইকার, কেটি ব্রিট এবং উভয় দলের আরো কয়েকজন আইনপ্রণেতা আনুষ্ঠানিকভাবে বিলটি উত্থাপন করেন। বিলটির নাম দেওয়া হয়েছে ‘লিন্ডসে গ্রাহাম রাশিয়া অ্যাকাউন্টেবিলিটি বিল’।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহাম দীর্ঘদিন ধরে এমন একটি বিলের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিলটির সঙ্গে তার নাম যুক্ত করা হয়েছে।

সিনেটর ব্লুমেনথাল বলেন, এই বিল শুধু শুল্ক আরোপের বিষয় নয়। এর মাধ্যমে রাশিয়ার জ্বালানি ও আর্থিক খাত, প্রতিরক্ষা শিল্প, ধনী ব্যবসায়ী গোষ্ঠী এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এছাড়া রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। তবে যেসব দেশ রাশিয়া থেকে ১৫ শতাংশের কম গ্যাস আমদানি করে এবং সেই আমদানি কমিয়ে আনছে, তারা এই বিধানের বাইরে থাকবে। ফলে ইউরোপের বেশিরভাগ মিত্র দেশ এ থেকে অব্যাহতি পাবে।

সিনেটররা জানিয়েছেন, শুল্কের হার এখনও নির্ধারণ করা হয়নি। এটি পরে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ঠিক করবেন।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

তবে ব্লুমেনথাল বলেছেন, শুল্ক এমন মাত্রায় নির্ধারণ করা হতে পারে যাতে চীন, ভারত ও অন্যান্য বড় ক্রেতা দেশ রাশিয়ার তেল ও গ্যাস কেনা নিরুৎসাহিত হয়। বিলটিতে শুল্ক মওকুফের ব্যবস্থা রাখা হয়েছে। ভবিষ্যতে শুল্ক কমানো হলে সে বিষয়ে কংগ্রেসকে জানাতে হবে।

সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান জেমস রিশ রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন ট্যাংকার বহরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, রাশিয়া এসব ট্যাংকার ব্যবহার করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে।

আইনপ্রণেতারা বলেছেন, আগের খসড়াগুলোর তুলনায় বর্তমান বিলটি অনেক সীমিত। আগে সর্বোচ্চ ৬৩টি দেশের ওপর শুল্ক আরোপের প্রস্তাব ছিল, কিন্তু এখন তা কমিয়ে মাত্র পাঁচটি প্রধান ক্রেতা দেশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিলটি ঘোষণার সময় অনেক সিনেটর প্রয়াত লিন্ডসে গ্রাহামের অবদানের কথা স্মরণ করেন। সিনেটর রজার উইকার এটিকে গ্রাহামের ‘সবচেয়ে বড় অর্জন’ বলে উল্লেখ করেন। সিনেটর টেড ক্রুজ জানান, মৃত্যুর আগে গ্রাহাম ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিলটি নিয়ে আলোচনা করেছিলেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

সিনেটরদের আশা, আগস্টের শেষের আগেই বিলটি সিনেটে পাস হতে পারে। তবে এর আগে বিলটি সিনেট ও প্রতিনিধি পরিষদে অনুমোদন পেতে হবে। এরপর প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর পেলেই এটি আইনে পরিণত হবে। ভারত বর্তমানে রাশিয়া থেকে কম দামে বিপুল পরিমাণ তেল আমদানি করছে। ভারত বলছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে এই আমদানি প্রয়োজন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিকে সমর্থন করেন। বিলটি আইনে পরিণত হলে ট্রাম্প রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। এর ফলে ভারতসহ কয়েকটি দেশ নতুন বাণিজ্যিক চাপের মুখে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী, খাদ্যসামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


সন্দ্বীপে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী, খাদ্যসামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখা খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলার কয়েকটি ইউনিয়নে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের। সঞ্চালনা করেন মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। তিনি বলেন, "টানা বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্বের অংশ।" এ আদর্শকে মাথায় রেখে জামায়াতে ইসলামীর বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সাধ্যমতো সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, "মানুষের সেবা কোনো অনুগ্রহ নয়; এটি প্রত্যেকের নৈতিক ও সামাজিক দায়িত্ব।" দুর্যোগ মোকাবিলায় সরকার, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তবানদের দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ বলেন, "মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।" পাশাপাশি তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ মাকছুদুর রহমান, রহমতপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল হালিম, আজিমপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মোসাদ্দেকুল মাওলা, হারামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা নিজাম উদ্দীন, হরিশপুর ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির, মনির উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার

শিক্ষা ভবন সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬ ১৬:২২

 

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও আন্দোলনে নেমেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের দেওয়া কর্মসূচি ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ শিক্ষা ভবন ও সচিবালয় ঘেরাও করার উদ্দেশ্যে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। শিক্ষাবান মোড়ে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় শিক্ষা ভবন মোড়ে এমন দৃশ্য দেখা যায়। একইভাবে সচিবালয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সচিবালয়ের প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সেখানে বসানো হয়েছে কড়া প্রহরা। সচিবালয়ে আগত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে এবং নিয়োজিত রয়েছে অতিরিক্ত সংখ্যক নিরাপত্তাকর্মী। সচিবালয়ের ভিতরেও আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সেখানেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে কর্তব্য পালন করছেন।

জানা গেছে, দুপুর দেড়টা থেকে নিলক্ষেত মোড়, সায়েন্সল্যাব মোড়, মিরপুর-১০, উত্তরা বিএনএস সেন্টারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায়।

শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে প্রশ্নপত্রের ভুল নিয়েও বিতর্ক ওঠে। এতে ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা।

এরপর তারা ৮ দফা দাবি নিয়ে মাঠে নামেন। পরে সেটি তিন দফা দাবিতে পরিণত হয়। তাদের দাবিগুলোর মধ্যে বলা হয়েছে, উপযোগী পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। শিক্ষার্থীদের তিন দফা দাবি বর্তমানে এক দফায় রূপ নিয়েছে, সেটি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিপ্রবিতে ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার’-এর উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


গোবিপ্রবিতে ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার’-এর উদ্বোধন

 

গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নতুন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ৫ম তলায় সেন্টারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। গোবিপ্রবি এই সেন্টারগুলোর মধ্যে স্থান পেয়েছে। এই সেন্টারে ইন্টারনেট সুবিধাসম্পন্ন উচ্চ-ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, স্মার্ট টিভি স্ক্রিন, এলইডি স্মার্ট বোর্ড, কালার প্রিন্টার সহ আধুনিক ল্যাবরেটরি সুবিধা থাকবে। এই ব্যবস্থা গবেষণা ও উদ্ভাবন জোরদার করার কাজে লাগবে, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সহযোগিতা বৃদ্ধি করবে এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্য রাখবে।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর কথা বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশাল অর্জন। এই ল্যাবরেটরিটি শুধুমাত্র হায়ার রিসার্চ কাজে ব্যবহৃত হবে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ল্যাবরেটরির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পটির ফোকাল পয়েন্ট ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রক্টর ড. এস এম আহসান, এবং ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার কোচ বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


আর্জেন্টিনার কোচ বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬ ১৬:৩৬

 আকাশপথে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৬ হাজার ৭৮০ কিলোমিটার। তবে আজ যখন আটলান্টায় সেমিফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা, তখন এই হাজার হাজার কিলোমিটারের দূরত্ব আর থাকবে না।

কেননা আলবিসেলেস্তাদের পক্ষে গলা ফাটাবে বাংলাদেশও।

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের এই নিঃশর্ত ভালোবাসা এবং সমর্থন লিওনেল স্কালোনির হৃদয় ছুঁয়েছে। সেজন্য বাংলাদেশকে তিনি প্রতিদান দিতে চান। ৪৮ বছর বয়সী কোচ বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান। আজ রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামার আগে এমনটি জানিয়েছেন তিনি।

বাংলাদেশকে জয় উপহার দিতে চান জানিয়ে স্কালোনি বলেছেন, ‘আশা করি আগামীকাল (আজ) তাদের আনন্দ দেওয়ার মতো ফল দিতে পারব। এটাই আমাদের লক্ষ্য।’

আর্জেন্টিনাকে সমর্থন করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে স্কালোনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের চমক দেয়। এত দূরে থেকেও আর্জেন্টিনাকে সমর্থন করে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে দেখতে দারুণ লাগে। এ জন্য তাদের ধন্যবাদ।’

বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টাইন মনে করে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেছেন, ‘বাংলাদেশ এবং এই সমর্থকদের আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল। সেখানে গিয়ে নিজের চোখেই আমি দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%