শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:০৬ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদন করা ৮০ কোটি ডলারের অধিক সরকারি অর্থ ছাড় না দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। এই অর্থ অভিবাসন, জাতিগত সংখ্যালঘুদের সহায়তা এবং শিক্ষা খাতের বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল।
শুক্রবার এই পদক্ষেপটি ট্রাম্প প্রশাসন এবং কংগ্রেসের মধ্যে চলমান বিরোধকে আরও তীব্র করেছে। প্রেসিডেন্ট কি একতরফাভাবে কংগ্রেসের অনুমোদিত অর্থ আটকে রাখতে পারেন, এ নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আইনি ও সাংবিধানিক বিতর্ক চলছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, "আমেরিকার নাগরিকদের কোনো উপকার করে না—এমন অপচয় ও ক্ষতিকর সরকারি ব্যয় কমাতে ট্রাম্প প্রশাসন সম্ভাব্য সব উপায় ব্যবহার করবে।"
হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির কথা। এর মধ্যে রয়েছে শরণার্থীদের সহায়তা, জাতিগত সংখ্যালঘুদের ব্যবসা উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রের বাইরে পরিবেশ সংরক্ষণে কাজ করা কিছু প্রকল্প। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব কর্মসূচি কিছু অবৈধ অভিবাসনকে উৎসাহিত করে, জাতিগত উত্তেজনা বাড়ায় এবং পরিবেশ নিয়ে অতিরিক্ত আতঙ্ক তৈরির মতো নীতিকে সমর্থন করে। তবে কংগ্রেসের অনুমোদিত অর্থ ব্যয়ের সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের হাতে রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে এই ক্ষমতাকে কংগ্রেসের ‘পাওয়ার অব দ্য পার্স’ বলা হয়।
কংগ্রেসের অনুমোদিত অর্থ আটকে রাখতে হোয়াইট হাউস একটি তুলনামূলকভাবে কম ব্যবহৃত পদ্ধতি গ্রহণ করছে। এই পদ্ধতির নাম ‘পকেট রিসিশন’। এই পদ্ধতিতে প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই পূর্বে বরাদ্দ করা অর্থ বাতিল বা আটকে দেওয়ার চেষ্টা করে। ফলে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। সিনেটের অর্থ বরাদ্দ কমিটির চেয়ারম্যান সিনেটর সুসান কলিন্স এই পদক্ষেপকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন।
কলিন্স, ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্য, বলেছেন, কংগ্রেসের সাংবিধানিক অর্থ ব্যয়ের ক্ষমতাকে দুর্বল করার জন্য এটি ব্যবস্থাপনা ও বাজেট দপ্তরের সর্বশেষ চেষ্টা। তিনি আরও জানান, কংগ্রেসের অনুমোদন ছাড়া বরাদ্দ করা অর্থ বাতিল বা আটকে দেওয়ার যেকোনো চেষ্টা আইন লঙ্ঘন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কংগ্রেস ও আদালতের বিরোধ এ ধরনের পদক্ষেপ নিয়ে নতুন নয়। গত বছর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে একই পদ্ধতি ব্যবহার করে কংগ্রেসের অনুমোদিত ৪৯০ কোটি ডলারের বিদেশি সহায়তা আটকে দেওয়া থেকে বিরত রাখতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে ওই অর্থ নিয়ে আইনি লড়াই এখনও চলমান।
সর্বশেষ সিদ্ধান্তের ফলে কংগ্রেসের অনুমোদিত অর্থ ব্যয়ের ক্ষমতা এবং প্রেসিডেন্টের সেই অর্থ আটকে রাখার ক্ষমতা নিয়ে বিতর্ক আবারও উন্মোচিত হয়েছে। ট্রাম্প প্রশাসন জানায়, তারা অপচয় ও ক্ষতিকর সরকারি ব্যয় কমানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে, কংগ্রেসের কিছু সদস্যের মতে, কংগ্রেসের অনুমোদিত অর্থ আটকে দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা সাংবিধানিক সীমার বাইরে চলে যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার মার্কিন দূতাবাস সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রে ভিসার অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিসাসংক্রান্ত এক বার্তায় দূতাবাস এ সতর্কতা প্রকাশ করে।
বার্তায় উল্লেখ করা হয়, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা প্রদান করে না। দেশটিতে প্রবেশের সময় কত দিন অবস্থান করা যাবে এবং কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
দূতাবাস আরও জানায়, যদি কেউ অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অথবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
এ কারণে ভিসার শর্ত ও অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের—বার্তায় এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি উল্লেখ করেছেন, মানুষের অস্তিত্ব, প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিবিজ্ঞান ও জীববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, খাদ্য, পরিবেশ এবং মানুষের জীবনধারণের সঙ্গে জীববিজ্ঞানের নিবিড় সম্পর্ক বিদ্যমান। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নে এই বিষয়ে গবেষণা ও উদ্ভাবনকে অধিক গুরুত্ব দিতে হবে।
আজ শনিবার ঢাকার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জ্যুলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য একটি মৌলিক শর্ত। খাদ্যসংস্থান সরাসরি উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীর ওপর নির্ভরশীল। মাছ, মাংস এবং উদ্ভিদজাত খাদ্য মানুষের পুষ্টি ও জীবনধারণের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই প্রাণী ও উদ্ভিদকূলের সুরক্ষা নিশ্চিত করা মানেই মানুষের খাদ্য ও জীবনব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, রাজনীতি বা তাত্ত্বিক আলোচনার বাইরে সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা এবং সন্তানদের সুশিক্ষার সুযোগ নিশ্চিত করাও মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের বাস্তব সুফল মানুষের কাছে পৌঁছায়। প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দেশের জীববৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে চিফ হুইপ বলেন, নদী, হাওড়, বন, পাহাড়, জলাভূমি এবং সুন্দরবনসহ বাংলাদেশের বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র অসংখ্য প্রাণী ও উদ্ভিদ প্রজাতির আবাসস্থল। এই সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে প্রাণী ও উদ্ভিদকূলের সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের বিপুল সম্ভাবনা বিদ্যমান। নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবন ও টেকসই গবেষণার মাধ্যমে তরুণরা দেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে দেশের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উন্নত প্রযুক্তির প্রয়োগ এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মামুন আহমেদ, মো. আমির হোসাইন চৌধুরী, ড. মো. খালেদ কানাক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান। অনুষ্ঠানে গবেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার সদর উপজেলার নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মত সাহিদা আক্তার সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত গুণী শিক্ষক প্রতিযোগিতায় তিনি বরিশাল বিভাগের গুণী শিক্ষক হিসেবে মনোনীত হন।
এই তথ্য গত ২২ সেপ্টেম্বর বরিশালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
সাহিদা আক্তার সুমনা ২৪ সেপ্টেম্বর ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
গত বছর ২০২৫ সালে তিনি ভোলা জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে তিনি ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন এবং শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সরকারিভাবে গণচীন সফর করেন। তার নেতৃত্বে ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
ভোলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নজরুল হক এর সহধর্মিণী সাহিদা সাংবাদিকতায়ও অনবদ্য ভূমিকা পালন করছেন। ২০০০ সালে তিনি নারী সাংবাদিক হিসেবে ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম.এম.সির প্রাকৃতজন পুরস্কার লাভ করেন। পরবর্তীতে তিনি এম.এম.সির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন।
ঝালকাঠি জেলার আবুল কালাম আজাদ আবু মিয়ার কন্যা সাহিদা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স এবং বিএড ও সি ইনএড ডিগ্রি অর্জন করেন।
সাহিদা কিছু সময় গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবেও কর্মরত ছিলেন। তিনি ভোলা শিক্ষা কমিটির সদস্য এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তার নেতৃত্বে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত পরিবর্তন এবং সার্বিক পরিবেশে আমূল পরিবর্তন সাধিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ